17 C
Dhaka, BD
Home Blog Page 6

চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিতেন টাকা, আটক ১

92

যশোরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চোরাই মোটরসাইকেলসহ ইউনুছ আলী সরদার (৩০) নামে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে জালিয়াতির বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেশবপুর উপজেলার কলাগাছি বাজার থেকে দালাল চক্রের ওই সদস্যকে আটক করা হয়।

আটক ইউনুছ আলী সরদার কেশবপুরের সারুটিয়া গ্রামের কওছার আলী সরদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন তথ্যের মাধ্যমে দালাল ও প্রতারক চক্রের সন্ধান পেয়ে উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিসুর রহমানের নেতৃত্বে একটি দল শনিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালায়। এসময় একটি চোরাই মোটরসাইকেলসহ ইউনুছ আলী সরদারকে আটক করা হয়। পুলিশ, সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন কার্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতেন তিনি।

তিনি আরও জানান, ইউনুছ আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। সেখানে তার ফেসবুক আইডির মেসেঞ্জারে সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগে প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে আবেদনপত্র ও অর্থ নেওয়ার প্রমাণ মিলেছে। তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। চক্রের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রামু উপজেলা পরিষদের সামনে দোকান বরাদ্দের প্রতিবাদ

459

রামু উপজেলা পরিষদ ভবন আড়াল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক কমিটি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রামু চৌমুহনী চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রবীণ আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবিরের সভাপতিত্বে সমাবেশে মোবাইল ফোনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

এ সময় তিনি বলেন, রামুতে সাংস্কৃতিক কেন্দ্র, প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, ক্রীড়া ভবন, অফিসার্স ক্লাবসহ এলাকার ইতিবাচক উন্নয়নে ভূমিকা রাখে এরকম প্রতিষ্ঠানের অফিস নেই। এসব প্রতিষ্ঠানগুলোই মূলত উপজেলা পরিষদের পাশে থাকা উচিত। কিন্তু ইতিবাচক চিন্তার বাইরে এসে মার্কেট নির্মাণের সিদ্ধান্তের বিষয়টি আমার কাছে দুরভিসন্ধিমূলক আচরণ বলে মনে হচ্ছে। কোনও অবস্থাতেই উপজেলা পরিষদের সৌন্দর্য্য নষ্ট করে দোকান বরাদ্দ দেওয়া যাবে না।

সমাবেশে অন্যান্যদের মধ্যে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ নোমান, এনামুল হাসান রিয়াদ প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ সঞ্চালনা করেন ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বণিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ।

বক্তারা বলেন, এই মার্কেট নির্মিত হলে উপজেলা পরিষদ ভবনের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি এলাকাটি হাটবাজারে পরিণত হবে। এতে উপজেলায় সেবা নিতে আসা লোকজনকে ভোগান্তি পোহাতে হবে।

তারা বলেন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সরকারের প্রশাসনিক প্রাণকেন্দ্র। সরকারি অর্থায়নেই পরিচালিত হচ্ছে। রামু উপজেলা পরিষদ ও প্রশাসন অর্থ সংকটে পড়েনি যে, সেখানে পুরো ভবনকে আড়াল করে সামনে মার্কেট নির্মাণ করে দিতে হবে। আমরা ধারণা করছি, সরকারকে বিভ্রান্ত করে দায়িত্বশীলরা আর্থিক ফায়দা লুটার জন্য এ রকম সিদ্ধান্ত নিচ্ছে।

দোকান বরাদ্দ বা সরকারি জমি বিক্রি বন্ধ না হলে অবরোধ, অনশনের মতো কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা এবং অবিলম্বে রামু উপজেলা পরিষদের সামনে সৌন্দর্য্য নষ্ট করে মার্কেট বা দোকান নির্মাণ বন্ধের জন্য স্থানীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

দিয়াশলাই কাঠি দিতে অস্বীকৃতি, হামলায় ব্যবসায়ীর মৃত্যু

187

গাজীপুরে দিয়াশলাই কাঠি দিতে অস্বীকৃতি জানানোর পর হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মিনহাজ উদ্দিন (৪৫)। তিনি উপজেলার বাহাদুরপুর এলাকার হোসেন আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দেওয়ার এলাকার চিনাইল শ্রী শ্রী পাগল নাথ আশ্রমে মেলা চলছে। মেলা উপলক্ষে আশ্রমে নানা রকম দোকান বসেছে। শনিবার হোটেল ব্যবসায়ী মিনহাজ তার দোকানের দুই কর্মচারীকে নিয়ে সেখানে যান। ফেরার পথে রিপন (২৩) ও তুহিন (১৯) নামে এলাকার দুই যুবক গাঁজা সেবনের জন্য তার কাছে দিয়াশলাই কাঠি চায়। কিন্তু মিনহাজ তা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পরে ওই দুই যুবক ঘটনাস্থল থেকে চলে গিয়ে ১০-১৫ মিনিট পর আরও কয়েকজনকে নিয়ে হাজির হয়। এ সময় তারা মিনহাজকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে মিনহাজ মারা যান। নিহতের বুকে, গালে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রাহকের টাকা রিফান্ড নিয়ে রিমান্ডে যা জানালেন রাসেল

56

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন রিমান্ডে মুখ খুলতে শুরু করেছেন। গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) রিমান্ডে তাদেরকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে রাসেল দাবি করেছেন, তিনি কোনও টাকা আত্মসাৎ করেননি, জেনেবুঝেই গ্রাহকরা ইভ্যালিতে পণ্য অর্ডার করেছে। যারা ডেলিভারি পায়নি ভবিষ্যতে টাকা পেয়ে যাবে।

রিমান্ডে তিনি আরও দাবি করেছেন, অনেক সময় স্টক শেষ হওয়ায় পণ্য ডেলিভারি দিতে পারেননি। যাদের পণ্য ডেলিভারি দিতে পারেননি তাদের টাকা রিফান্ড করেছেন। অনেকের রিফান্ড প্রক্রিয়াধীন।

জিজ্ঞাসাবাদে রাসেল আরও একটি কারণ জানান, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি নির্দেশনা দিয়েছে, কোনও গ্রাহক পণ্য অর্ডার করলে তাকে ওই পণ্যের ১০ শতাংশ টাকা পরিশোধ করতে হয়। বাকি ৯০ শতাংশ টাকা পণ্য পাওয়ার পর গ্রাহক প্রদান করবেন। পরে অনেক অর্ডার সাপ্লাইয়ারকে দিলেও এদের মধ্যে বেশ কয়েকজন সাপ্লাইয়ার ইভ্যালিকে ফুল পেমেন্ট ছাড়া পণ্য দিতে চায়নি। ফলে ডেলিভারিগুলো আটকে গেছে। এছাড়াও করোনার জন্য অনেক পণ্যের ‘উৎপাদন বন্ধ ছিল’ তাই সাপ্লাইয়াররা ইভ্যালিকে পণ্য দেয়নি। ফলে গ্রাহকদেরকে সব পণ্য ডেলিভারি দেওয়া যায়নি।

রিফান্ডের বিষয়ে রাসেল জানান, যাদের পণ্য দেয়া যায়নি তাদের টাকা রিফান্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা (১০% অ্যাডভান্স) এবং ইভ্যালিতে কেনাকাটায় একের পর এক ব্যাংক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করায় ইভ্যালির নগদ জমার পরিমাণ কমতে থাকে। ফলে রিফান্ড প্রক্রিয়ার গতি ধীর হয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই ওহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তদন্তের মাধ্যমে আমরা বের করার চেষ্টা করছি যে রাসেল ও তার স্ত্রী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন কি-না। অধিকতর তদন্তের মাধ্যমে আমরা আত্মসাতের বিষয়টি জানার চেষ্টা করছি। টাকাগুলো যদি আত্মসাৎ করা হয়, তাহলে সেই টাকা এখন কোথায় আছে তা জানার চেষ্টা করছি।

এর আগে শুক্রবার প্রাথমিক জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে ইভ্যালির রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে প্রশ্ন করলে হঠাৎ করেই রাসেল মানসিকভাবে ভেঙে পড়েন এবং বুকে ব্যথা অনুভব করছেন। তখন হাসপাতালে পাঠালে বেশ খানিকটা সময় অপচয় হয়। শনিবার সকাল থেকে রাসেল ও তার স্ত্রীকে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। তারা দুজনই স্বাভাবিকভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। রিমান্ডে পাওয়া সব তথ্য আদালতের কাছে উপস্থাপন করা হবে বলে জানান এসআই ওয়াহিদুল।

তার আগে ইভ্যালির ‘সম্পদের চেয়ে ছয় গুণ বেশি দেনা’ বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে তথ্য উঠে আসে। প্রতিবেদনে ইভ্যালির মোট দায় ৪০৭ কোটি টাকা। প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে অগ্রিম নিয়েছে ২১৪ কোটি টাকা, আর মার্চেন্টদের কাছ থেকে বাকিতে পণ্য নিয়েছে ১৯০ কোটি টাকার। স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে ৪০৪ কোটি টাকার চলতি সম্পদ থাকার কথা। কিন্তু সম্পদ আছে মাত্র ৬৫ কোটি টাকার।

কুষ্টিয়া জেলা যুবদলের ১১ টি ইউনিট কমিটির অনুমোদন

41

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দীয় নির্বাহী কমিটি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের এক সভায় আজ ৯ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাই ও সাধারন সম্পাদক কামাল উদ্দিনের উপস্থিতিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধার সম্পাদকের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত কুষ্টিয়া জেলার এগারোটি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে কুষ্টিয়া সদর উপজেলা আহ্বায়ক -মো:আব্দুল মাজেদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -আব্দুল আওয়াল বাদশা,সদস্য সচিব -মনিরুল ইসলাম।কুষ্টিয়া পৌর যুবদল শাখার আহ্বায়ক -মোস্তাফিজুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ওয়াকার পারভেজ জীবন, সদস্য সচিব -জিল্লুর রহমান।

দৌলতপুর উপজেলা আহ্বায়ক -বেনজির আহম্মেদ বাচ্চু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মনিরুজ্জামান স্বপন,সদস্য সচিব -রেজাউর রহমান মাসুদ।

মিরপুর পৌর শাখার আহ্বায়ক -সংগ্রাম রহমান জিল্লু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ইফতেখার আলম শিল্প,সদস্য সচিব -মোশাররফ হোসেন।মিরপুর সদর শাখার আহ্বায়ক -সুলতান আলী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -শরিফুল ইসলাম,সদস্য সচিব -আতাউল হক এমদাদ।

ভেড়ামারা উপজেলা শাখার আহ্বায়ক -শামীম রেজা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ফিরোজ আহম্মেদ তপন,সদস্য সচিব -মোশারফ হোসেন। ভেড়ামারা পৌর শাখার আহ্বায়ক -হাফিজুর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -আবুল কালাম আজাদ,সদস্য সচিব-নাজিবুল হক সুমন।

খোকসা উপজেলা আহ্বায়ক -আবু হেনা মোস্তফা সালাম লালু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মো:মোস্তা আহমেদ ও সদস্য সচিব -বাহারুল আলম।খোকসা পৌর শাখার আহ্বায়ক -দাউদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মাসুদ হোসেন, সদস্য সচিব-ইমরান হোসেন।

কুমারখালি উপজেলা শাখার আহ্বায়ক -জাকারিয়া মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ওবায়দুল ইসলাম মিলন,সদস্য সচিব-কুদরত ই নুর।কুমারখালি পৌর শাখার আহ্বায়ক -নূর আলম বুলবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -এড,রোকনুজ্জামান জামাল ও সদস্য সচিব মো:খোকন বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়।এই কমিটিকে যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নবনির্বাচিত নেত্বেবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্বৈরাচার বিরোধী চলমান আন্দোলনে সাফল্য কামনা করেন।

চট্টগ্রামে ৫০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

116

গত ২৪ ঘণ্টায় নগর ও ১৪ উপজেলায় ১ হাজার ৬১৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৩০ জন, বিভিন্ন উপজেলার ২০ জন। এদিন মারা গেছেন ২ জন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৩টি, বিআইটিআইডিতে ৫৩৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৭৫টি, কক্সবাজার মেডিক্যাল কলেজে ৫টি, শেভরনে ৫৭৫টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০৩টি, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৭টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি, ইপিক হেলথ কেয়ারে ৭৫টি এবং ল্যাব এইডে ২টি।

এ পর্যন্ত নগরে ৭৩ হাজার ৩৮৭ এবং উপজেলায় ২৭ হাজার ৮৯৮ জন মিলে মোট ১ লাখ ১ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে নগরে ৭০৮ জন ও উপজেলায় ৫৭৩ জন মিলে মোট ১ হাজার ২৮১ জন মারা গেছেন।

টেলিফোনে আড়িপাতা বন্ধে রিটের আদেশ আজ

2147

টেলিফোনে আড়িপাতা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের বিষয়ে আজ রোববার (১৯ সেপ্টেম্বর) আদেশ দেবেন হাইকোর্ট। গত সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানি গ্রহণ শেষে আদেশের এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব। শুনানি শেষে শিশির মনির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে গত ১০ আগস্ট ফোনে আড়িপাতা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে ফোনালাপ ফাঁসের ২০টি ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন।

রিটকারী আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট রেজওয়ানা ফেরদৌস, উত্তম কুমার বণিক, শাহ নাভিলা কাশফী, ফরহাদ আহমেদ সিদ্দীকী, মোহাম্মদ নওয়াব আলী, মোহাম্মদ ইবরাহিম খলিল, মুস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান (মুন্না), ইমরুল কায়েস ও একরামুল কবির।

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিটিআরসিকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি টেলিফোনে আড়িপাতা বন্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ জানতে চেয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এই ১০ আইনজীবী। এতে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১৬টি আড়িপাতার ঘটনা নোটিশে উল্লেখ করা হয়। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সংলাপ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোনালাপ, প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার নাজমুল হাসানের ফোনালাপ উল্লেখযোগ্য। এসব আড়িপাতার ঘটনা বাংলাদেশের গণমাধ্যমে বহুল প্রচারিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নোটিশে বলা হয়, সার্বজনীন মানবাধিকার সনদপত্র, নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পৃথিবীর সব আধুনিক ব্যবস্থায় ব্যক্তিগত গোপনীয়তার অধিকার স্বীকৃত ও সংরক্ষিত। এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৩ অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পায়। এই অধিকার সংবিধান কর্তৃক নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ সংবিধানের তৃতীয়ভাগে উল্লেখিত মৌলিক অধিকারগুলোর মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণ অন্যতম।

এছাড়া ২০০১ সালের ১৬ এপ্রিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অ্যাক্ট, ২০০১ প্রণয়ন করা হয়। এই আইনের ধারা ৬ অনুযায়ী টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রতিষ্ঠিত হয়। ধারা ৩০ (চ) অনুযায়ী টেলিযোগাযোগের একান্ততা রক্ষা নিশ্চিত করা এই কমিশনের দায়িত্ব। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, এই ধরনের ফোনালাপ ফাঁসের ঘটনা অহরহ ঘটছে। অথচ বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী কমিশনের দায়িত্ব হল ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণ নিশ্চিত করা। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট করা হয় বলে জানান আইনজীবী শিশির মনির।

কুমারখালীতে ইয়াবা ও ট্যাপেন্টা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী শাহিন গ্রেফতার

109

কুষ্টিয়ার কুমারখালীতে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরসভার সেরকান্দি রেলবস্তির নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আটক মাদক ব্যবসায়ী সেরকান্দি রেলবস্তির মৃত বক্কার সাধুর ছেলে শাহিন(৩৫)।

অভিযান পরিচালনাকারী সাব ইন্সপেক্টর জসিম জানান, দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী শাহিন পুলিশের চোখে ধুলো দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে সঙ্গীয় পুলিশসহ রেলবস্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ ঘর থেকে আটক করা হয়েছে। এসময় ২০০ পিচ ইয়াবা, ১৭৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, একাধিক মাদক মামলার আসামী শাহিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশে কোন নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকার হবে না: কৃষিমন্ত্রী

146

বাংলাদেশে কোন নিরপেক্ষ সরকার হবে না। কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, নির্বাচনের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের ওপর সরকার বা কারও কোন নিয়ন্ত্রণ থাকবে না।

তিনি বলেন, নির্বাচনের এখনো আড়াই বছর বাকি রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তাদের দুঃশাসন, অপশাসন, সন্ত্রাস ও অর্থনীতিকে ধ্বংস করার কারণে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। তারা আন্দোলনের ডাক দিলে জনগণ সারা দেয় না।

চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশের ব্যাপারে ড. আব্দুর রাজ্জাক বলেন, এটি নিয়ে বিরাট ভুল বুঝাবুঝি রয়েছে। সত্য উদঘাটন হচ্ছে। আশা করি হয়ে যাবে।

এরপর তিনি শহরের শহীদ স্মৃতি পৌর-উদ্যানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা শ্রমিক ফেডারেশনর সভাপতি মো. বালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী শাজাহান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলূর রহমান খান ফারুক, সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, ছানোয়ার হোসেন ও তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

ঢাক-ঢোল পিটিয়ে লাশ দাফনকারী কুষ্টিয়া দৌলতপুরের সেই ‘ভণ্ড শামীম অবশেষে গ্রেফতার

73

ইসলাম ধর্মের অবমাননা মামলায় কুষ্টিয়ার দৌলতপুরের কথিত ‘ভণ্ড পীর’ আব্দুর রহমান ওরফে শামীমকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দক্ষিণ ফিলিপনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এক মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা হলে আদালত দৌলতপুর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে
পুলিশ তাকে গ্রেফতার করেন।

কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র হক্কানী দরবারের পরিচালক খালিদ হাসান সিপাই বাদী হয়ে শামীমকে আসামি করে মামলাটি করেন।

আব্দুর রহমান ওরফে শামীম দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে।

গত ২৯ জুন কুষ্টিয়ার আদালতে পেনাল কোডের ১১৪/১৪৩/২৯৫ (ক)/২৯৮/৩৪১/৩৮৫/৪১৭/৫০৬(২) ধারায় এ মামলা করেন। মামলা নম্বর ১৫, তারিখ ১৫-০৯-২০২১।

কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক মামলাটি গ্রহন করে কুষ্টিয়ার দৌলতপুর থানার উপর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। মামলাটিতে আইনি সহায়তা করছেন কুষ্টিয়া জর্জ কোটের আইনজীবি এ্যাড. রাজিব হোসেন।

মামলার বাদী খালিদ হাসান সিপাই জানান, কুষ্টিয়ার দৌলতপুরের ভন্ড শামীম ও তার অনুসারীরা স্থানীয় সহজ সরল মানুষকে ধর্মের দোহায় দিয়ে ধর্মের অপব্যাখা করে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছিলো। আমি একজন মুসলমান হিসাবে ভন্ড শামীমের ইসলাম বিরোধী ওই সব কর্মকান্ড বন্ধের জন্য আদালতের সহায়তা কামনা করেছি ।

কথিত পীরের ভণ্ডামি’ শিরোনামে স্থানীয়, জাতীয় ও টিভি চ্যানেল ও একাধিক অনলাইন পত্রিকাতে সংবাদ প্রকাশিত হয়।

খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সে সময় স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যানসহ এলাকার সাধারণ মানুষ অবিলম্বে ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি ভণ্ড শামীমের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন। জেলা প্রশাসক সাইদুল ইসলামের কাছে শামীমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন স্থানীয়রা।

চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ভিডিও এবং ছবি ভাইরাল হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর ওই এলাকায় নিজেদের লোকজন নিয়ে শোডাউন দেন শামীম।

ওই ভিডিওতে দেখা যায়, ভণ্ড শামীম আয়েশি ভঙ্গিতে ফুলের মালা গলায় দিয়ে চেয়ারে বসে আছেন। চারদিক থেকে তাকে ঘিরে রেখে নারী-পুরুষরা নেচে-গেয়ে ‘হরে হরে, হরে হরে, হরে শামীম, হরে শামীম’ বলে সবাই চিৎকার করছেন। শামীম একটি বড় গামলায় দুই পা দিয়ে রেখেছেন। আর ভক্তরা দুধ দিয়ে তার পা ধুয়ে দিচ্ছেন, কেউবা চুমু খাচ্ছেন। কেউ কেউ আবার হামাগুড়ি দিয়ে পায়ে মাথা ঠুকে তাকে সিজদা করছেন।

এর আগে গত ১৬ মে রাতে পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মহাসিন আলীর কিশোর ছেলে আঁখি (১৭) ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। মহাসিন আলী ওই গ্রামের কথিত ভণ্ড পীর শামীমের অনুসারী হওয়ায় ছেলের মরদেহ তার হাতে তুলে দেন। ওই দিন রাতে শামীম তার অনুসারীদের নিয়ে ঢাকঢোল পিটিয়ে নেচে-গেয়ে আঁখির মরদেহ দাফন করেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে স্থানীয় আলেম-ঈমাম-মুয়াজ্জিনদের নেতৃত্বে সমাবেশ আহ্বান করা হলেও পুলিশের আশ্বাসে তা থেমে যায়। সংশ্লিষ্ট এলাকার মুসলিম ও ইসলাম ধর্ম প্রসঙ্গে জানাশোনা ভালো এমন ব্যক্তিরা ঘুরছিলেন উপজেলা প্রশাসন আর দৌলতপুর পুলিশের দ্বারে দ্বারে।

অবশেষে হক্কানী দরবারের পরিচালক মো: খালিদ হাসান সিপাই কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেন।

স্থানীয়রা জানান, শামীমের ভক্ত-অনুসারীদের বেশির ভাগই অল্প বয়সী তরুণ-তরুণী। শামীম নিজে এবং তার ঘনিষ্ঠ কয়েকজন অনুসারী অশিক্ষিত এবং অল্প শিক্ষিত মানুষজনকে মগজ ধোলাই করে শিষ্যত্ব লাভে বাধ্য করেন। দুই বছর ধরে তার আস্তানায় ইসলাম বিরোধী কর্মকাণ্ড চললেও মূলত গত ১৬ মার্চ আাঁখি নামে কিশোরের লাশ ঢোল-তবলা বাজিয়ে দাফন করার পর থেকে শামীম সবার আলোচনায় আসেন।

শামীম পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ১৯৮৪ সালে ফিলিপনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। কুমারখালী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ভেড়ামারা কলেজ থেকে বিকম পাস করে পরবর্তীতে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এম কম পাস করেন।

পড়ালেখা শেষ করে ঢাকার জিনজিরা এলাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি নেন শামীম। পরবর্তীতে ওই চাকরি ছেড়ে দিয়ে ঢাকার কেরানীগঞ্জের গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর সুরেশ্বরীর মুরিদ হন এবং খাদেম হিসেবে সেখানে বসবাস শুরু করেন। মুরিদ হওয়ার পর থেকে শামীম পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও শামীমের সন্ধান লাভে ব্যর্থ হন।

২০০৭ সালে শামীম বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সে বিয়ে ২-৩ মাসের বেশি টেকেনি। বছর দুয়েক আগে হঠাৎ করেই শামীম নিজ গ্রাম ইসলামপুর ফিরে আসেন এবং তার বাড়িতেই আস্তানা গড়ে তোলেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বলেন, কয়েক মাস আগে শামীমের ইসলাম বিরোধী কর্মকাণ্ড জানার পর আমরা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্তক করে দিয়েছিলাম।
শামীমের ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান (সান্টু মাস্টার) বলেন, যত দ্রুত সম্ভব তাকে বিচারের আওতায় নেওয়া উচিত। তার কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। তাকে গ্রেফতারের জন্য পুলিশকে ধন্যবাদ।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা বলেন, আমরা একই গ্রামের মানুষ। প্রায় এক যুগেরও বেশি সময় শামীম নিখোঁজ ছিল। ইসলামের নামে শামীম আস্তানা বানিয়ে যা করছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, শামীমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ছাড়াও মানুষকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজিসহ মামলার এজাহারে আটটি অভিযোগ আনা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আস্তানায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Dhaka, BD
mist
17 ° C
17 °
17 °
88 %
0kmh
0 %
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
27 °
বৃহঃ
26 °

সর্বাধিক পঠিত