17 C
Dhaka, BD
Home Blog Page 17

মেহেরপুরের কৃতী সন্তান আইসিটি ও পাখি গবেষক এম. এ. মুহিত

2477

মেহেরপুরের কৃতী সন্তান আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আইসিটি গবেষক এম. এ. মুহিত আজ রোববার ঢাকার মতিঝিলস্থ গ্রেটার কুষ্টিয়া নিউজ কার্যালয়ে আসেন।তাকে স্বাগত জানান সাপ্তাহিক মুক্তিবাণীর ভারপ্রাপ্ত সম্পাদক ও গ্রেটার কুষ্টিয়া নিউজের সম্পাদক মুহম্মদ রবীউল আলম। তারা মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এলাকার শিল্প-সাহিত্যের বিভিন্ন নিয়ে আলাপ আলোচনা করেন।

এম. এ. মুহিত গ্রেটার কুষ্টিয়া নিউজের অন্যতম সম্পাদক, পাখি ও পরিবেশ গবেষক এবং মেহেরপুর বার্ড ক্লাবের সভাপতি।তিনি মেহেরপুর শহরে জন্মগ্রহণ করেন।তিনি মেহেরপুরের যুবসমাজকে স্বপ্ন দেখাচ্ছেন। তিনি মেহেরপুরের উন্নয়নের জন্য ইয়ুথ ডেভেলপমেন্টের কাজ শুরু করেছেন।

মেহেরপুরে ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য ও হেল্প ফাউন্ডেশনকে সহযোগিতা করার জন্য তিনি দীর্ঘ দিন ধরে মেহেরপুরে উন্নয়ন ও জনকল্যাণ মূলক কাজ করছেন। তিনি মেহেরপুরের যুবকদের শুধু একটাই স্লোগান শিখিয়েছেন। সেটা হল, বিশ্ব এখন সার্টিফিকেট দেখে না। বিশ্ব এখন একজন মানুষের কাজের দক্ষতাকে চেনে। তিনি মেহেরপুর হেল্প ফাউন্ডেশনে ৪ টা প্রোজেক্ট ডেভেলপ করে দিয়েছেন।

১। আইসিটি (অনলাইন ফ্রিল্যান্সিং) প্রোজেক্ট। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এমওইউ স্বাক্ষর করে ৩ বছরের জন্য মেহেরপুরের যুবকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

২। সারা বিশ্বে অনলাইন ফ্রিল্যান্সিং করতে হলে ভাল ইংরেজি জানা দরকার। তাই মেহেরপুরে একটি ইংলিশ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে।

৩। উড়নচন্ডি নামে একটি ট্যুরিজম প্রোজেক্ট করা হয়েছে। যার মাধ্যমে মেহেরপুরের যুবকরা এ্যাডভেঞ্চার করে বিনোদনের মাধ্যমে প্রকৃতি থেকে প্রকৃত শিক্ষা লাভ করবে।

৪। মেহেরপুর ইয়ুথ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। মেহেরপুরের যুবকদের নিয়ে অল্প দিনে মেহেরপুর ইয়ুথ ক্লাবের কার্যক্রম শুরু করা হবে। হেল্প ফাউন্ডেশনের সমস্ত প্রোজেক্ট তিনি কাজের দক্ষতা আর মেধা দিয়ে তৈরি করেছেন।

আমাজুন ডট কম ও জিনিয়াস পাবলিকেশন্স-এর মাধ্যমে এম এ মুহিত মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল বারী, সাংবাদিক-কবি রফিকুল আলমসহ অনেকের বই প্রকাশ করেছেন। মেহেরপুর ডেক্স-এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে লাইভ অনুষ্ঠান করে তিনি বেশ নাম করেছেন।

জাতীয় মৎস্য পদক পেলেন এমপি ফজলে করিম

604

চতুর্থবারের মতো জাতীয় এবং প্রথমবারের মতো মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক-২০২১ গ্রহণ করেছেন রাউজানের এমপি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

রোববার (২৯ আগস্ট) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই পদক গ্রহণ করে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি (ভার্চুয়াল) ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।

উল্লেখ্য, এমপি ফজলে করিম ২০১৩ সালে ‘পরিবেশ পদক’, ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু কৃষি পদক’ ও ২০১৮ সালে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার’ সহ ৩টি জাতীয় পুরস্কার লাভ করেন। সর্বশেষ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় মৎস্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ৪র্থবারের মতো এই জাতীয় পুরস্কার অর্জন করলেন।

এবারও হচ্ছে না জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা

2027

করোনার সংক্রমণ রোধে গত বছরের মতো এবারও সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা আয়োজন করা হচ্ছে না। সোমবার (৩০ আগস্ট) শুধু ধর্মীয় বিধি মেনে মন্দিরে পূজা, গীতাপাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন এ তথ্য দেন।

তিনি বলেন, ১৯৩০ বঙ্গাব্দে জন্মাষ্টমী উদযাপন পরিষদের পথচলা শুরু হয়। ৩৮ বছর ধরে চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হচ্ছে। ঢাকাসহ দেশের ৫৫টি জেলায় পরিষদের শাখা কমিটি রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে জাতি-ধর্ম নির্বিশেষে দুর্গত এলাকায় জন্মাষ্টমী পরিষদ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। করোনাকালীন সময়েও প্রায় ২০ লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তির সহিংসতার বিরুদ্ধেও বিভিন্ন কর্মসূচি পালন করেছে এই সংগঠন।

‘জন্মাষ্টমী উদযাপন পরিষদের দাবির প্রেক্ষিতে এরশাদ সরকারের সময়ে একদিনের সরকারি ছুটি আদায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়কালে পাওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অর্পিত সম্পত্তি সংশোধনী আইন পাশ ও হেবা আইনের ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আইন পাশ এই সংগঠনের অন্যতম অর্জন। ’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর জন্মাষ্টমী উৎসবে খরচের অর্থ দিয়ে সারাদেশের মহানগর, জেলা ও উপজেলায় অসহায় মানুষ এবং অনাথালয়ে খাদ্যসামগ্রী, শিক্ষা সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। চট্টগ্রামে অনাড়ম্বরভাবে তিন দিন ব্যাপী জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হবে। এসময় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর পক্ষ থেকে সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানো হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সুহৃদ অমিত চৌধুরী বলেন, সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিভিন্ন মঠ-মন্দির ও আশ্রমে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। জেএমসেন হলে কর্মসূচি উদ্বোধন করবেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ শক্তিনাথানন্দ মহারাজ। প্রধান অতিথি থাকবেন সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান আলোচক থাকবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। বিকাল ৫টায় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান আলোচক থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সন্ধ্যা ৭টায় মহাস্নান ও অভিষেক শেষে পূজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে ধর্মীয় অনুষ্ঠানাদি শেষে বিকাল ৫টায় ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। প্রধান আলোচক থাকবেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বুধবার (১ সেপ্টেম্বর) পূজানুষ্ঠান, প্রসাদ বিতরণ, শ্রীমদ্ভাগবত পাঠ, নামকীর্তনের মধ্যদিয়ে শেষ হবে উৎসব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস, সাধন ধর, বিমল দে, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, অধ্যাপক অর্পণ ব্যানার্জি, রতন আচার্য্য, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, অমিত চৌধুরী, এস প্রকাশ পাল, লায়ন ডা. বিধান মিত্র, আশীষ চৌধুরী, সজল দত্ত, নিউটন কান্তি দে প্রমুখ।

জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত পটুয়াখালীর ১২ ব্যক্তি

105

এ পর্যন্ত পাওয়া তথ্যে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার ১২ জন ব্যক্তি জীবিত থেকেও নির্বাচন কমিশনের ডাটাবেজে তারা এখন মৃত।

এ কারণে এসব ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন সরকারি-বেসরকারি নানা সেবা থেকে। এর মধ্যে জেলার মির্জাগঞ্জ উপজেলায় ৮ জন, বাউফল উপজেলায় ২ জন, গলাচিপা উপজেলায় ১ জন এবং দুমকি উপজেলায় ১ জন।

সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে এসব ব্যক্তিদের ভাতা প্রদানের জন্য (এমআইএস) সিস্টেমে তাদের নাম অন্তর্ভুক্ত করতে গিয়ে বিষয়টি নজরে আসে। বর্তমানে এই ১২ জনের ভাতা বন্ধ রয়েছে।

বেঁচে থেকেও ভোটার তালিকায় মৃত মির্জাগঞ্জ উপজেলার আবদুল ছত্তার মিয়া। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বর্তমান বয়স ৮৩ বছর। দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও স্ত্রীসহ মোট ৭ সদস্যের অভাবের সংসার। ২০১৯ সালের জুলাই মাসে বয়স্ক ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ২০২০ সালের জুন পর্যন্ত কোনো জটিলতা ছাড়াই তিনি ভাতা তুলেছেন। কিন্তু ২০২০ সালের জুলাই থেকে তার ভাতা বন্ধ রয়েছে। কারণ ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুযায়ী তিনি মৃত। আবদুল ছত্তার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরো সাতজন নিজেকে জীবিত প্রমাণ করতে পারলেই তারা আবারও ভাতা উত্তোলন করতে পারবেন। ইতোমধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মির্জাগঞ্জ ইউনিয়নের আমেনা বেগম, সমর্তবান বেগম, সোহরাব গোলদার, মাধবখালী ইউনিয়ন হাজেরা বেগম, কাকড়াবুনিয়া ইউনিয়নের মো. করিম হাওলাদার, মো. খলিল হাওলাদার, মজিদবাড়িয়া আম্বিয়া বেগম ও আবদুল ছত্তার আবেদন করেছেন।

পটুয়াখালী সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শীলা রানী দাস বলেন, বিগত বছরগুলোতে ম্যানুয়ালি বয়স্ক ভাতা দেওয়া হতো। তবে সরকার এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) এর মাধ্যমে বয়স্ক ভাতা প্রদানের কার্যক্রম শুরু করার পর আমরা যখন এসব ভাতাভোগীদের তথ্য ডাটাবেজে ইনপুট দিচ্ছি তখন নির্বাচন কমিশনের ডাটাবেজ বলছে এসব ব্যক্তিরা মৃত। সে কারণে তাদের তথ্য দেওয়া যাচ্ছে না। তাই আপাতত ভাতা বন্ধ রয়েছে। তবে এরা যাতে দ্রুত নির্বাচন অফিস থেকে তাদের তথ্য হালনাগাদ করতে সেজন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে আমরা যোগাযোগ করে দিয়েছি।

পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান বলেন, হালনাগাদ ভোটার তালিকায় কতজনের তথ্যে এমন বিভ্রান্তি রয়েছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে কোনো উপজেলায় এমনটি ঘটলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে সংশ্লিষ্ট ব্যক্তি তথ্য উপাত্ত নিয়ে আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলের জালে ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

128
জেলের জালে ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ। বিশালকৃতির এই মাছটি দেখার জন্য ভিড় জমান উৎসুক জনতা।

রোববার (২৯ আগস্ট) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি একটি ভ্যানে করে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন একতা মৎস্য আড়তে নিয়ে আসেন।

মৎস্য আড়তের আড়তদার রেজাউলের মাছটি বিক্রির জন্য তুললে রাজবাড়ীর মাছ ব্যাবসায়ী কুটি মন্ডল ৮ হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করেন। পরে ওই ব্যবসায়ী মাছটির ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে ঢাকার এক ব্যবসায়ীর কাছে তা একলাখ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় জেলে বাবু সরদার বলেন, আমরা সাধারণত ট্রলারে পদ্মায় বড় মাছ ধরতে যাই। কট সুতার জালে বড় মাছ ধরা পড়ে। কিন্তু হঠাৎ করে বিরল প্রজাতির এই মাছটি ধরা পড়লে খুশি হয়েছিলাম। জালে আটকানোর পরে মাছটি বেশি লাফালাফি করেনি। দ্রুত সময়ের মধ্যে মাছটি ওপরে তোলা হয়েছিল।

রেজাউল ইসলাম (রাজ) বলেন, পদ্মা নদীতে প্রায় ১৫ বছর পূর্বে একবার শাপলা পাতা মাছ পাওয়া গিয়েছিলো। এটি সাধারণত মাটির স্পর্শ করে পথ চলে। যে কারণে সহজে জালে ধরা পড়ে না।

হয়তো পদ্মার তীব্র স্রোতের কারণে মাটি থেকে ওপরের দিকে এসেছে যে কারণে জেলের জালে ধরা পড়েছে।

জেলা মৎস্য কর্মকতা মো. রোকনুজ্জামান বলেন, একটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। এটি সাধারণত কক্সবাজার এলাকায় পাওয়া যায়। তবে মাছগুলো কম পাওয়া যায়।

এ মাছগুলো খেতে খুব সুস্বাদু।

অভিনয় থেকে বিরতি নিলেন নাদিয়া

33
অভিনয় থেকে বিরতি নিলেন নাদিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নাটকের পাশাপাশি মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্রেও বেশ সরব তিনি। এরই মধ্যে বিরাট একটি ভক্ত শ্রেণি গড়ে উঠেছে তার। তবে হঠাৎ করেই অভিনয় থেকে বিরতি নেয়ার ঘোষণা দিলেন এই অভিনেত্রী।

আজ রোববার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে নাদিয়া লেখেন, ‘আমার পরিবারের সাথে একটি মারাত্মক দুর্ঘটনা হওয়ার কারণে আমি আগামী ১৫ দিন বা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমার সকল শিডিউল বাতিল করছি। আমার সময়সূচি বাতিল করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে আমাকে একটু সময় দিন। আমি শিগগির আপনাদের কাছে ফিরে আসব। আমার পরিবারের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ খাইরান।’

নাদিয়ার সেই পোস্টে শোবিজের মানুষ থেকে শুরু করে ভক্তদের অনেকেই কমেন্ট করে তার পারিবারিক দুর্ঘটনার কারণ জানতে চেয়েছেন। তার পরিবারের জন্য দোয়া জানিয়েছেন। কেউ বা আবার দুঃসময়ে শক্ত থাকার জন্য অভিনেত্রীকে শুভ কামনা জানাচ্ছেন।

করোনা মহামারিতে শুটিং না থাকায় পরিবারকেই সময় দিয়েছেন নাদিয়া। নিয়মিত শুটিং থাকায় সাধারণত পরিবারকে সময় দিতে পারেন না তিনি। ঘরবন্দি থাকার ফলে সবার সঙ্গে এতটা সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও সেই পরিস্থিতিতে নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এই অভিনেত্রী। সহায়তা দিয়েছেন বেশ কিছু অসহায় পরিবারকে।

সে সময় নাদিয়া জানিয়েছিলেন, আমি আমার জায়গা থেকে সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষকে সহায়তা করাটাই আসল, সবাইকে জানিয়ে করাটাই সব না। সেইসাথে নিজে সচেতন হওয়ার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি। দুর্দিন সবসময় থাকে না, এ অন্ধকারের পর আলো আসবেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।

ডুবে যাওয়া সেই ট্রলার ৪২ ঘণ্টা পর উদ্ধার

76
????????????????????????????????????????

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকা বিলে দুর্ঘটনাকবলিত ট্রলারটি প্রায় ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার হয়। বেলা ১২টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিন। ট্রলারের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানিয়েছেন, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে দুটি বালুবোঝাই বাল্কহেডের সাথে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার নৌকাঘাটের দিকে আসছিল। এতে প্রায় দেড়শো যাত্রী ছিলো।

এ ঘটনায় নারীও শিশুসহ ২২ জন নিহত হয়েছিল। ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে ৭ জনকে আসামি করে বিজনগর থানায মামলা হয়। ট্রলারের মাঝিসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

আগামী সপ্তাহেই আফগানিস্তানে সরকার গঠন : তালিবান মুখপাত্র

28

আগামী সপ্তাহেই আফগানিস্তানে সরকার গঠন করা হবে বলে জানিয়েছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। গতকাল শনিবার সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য দিয়েছে। এছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে আফগানিস্তানে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা সাময়িক বলে দাবি করেন তালেবানের মুখপাত্র।

আর শিগগিরই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণও গ্রহণ করবে। গ্রুপটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার রয়টার্সকে এ তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, তালেবান ইতোমধ্যেই আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টির গভর্নর ও পুলিশপ্রধানকে নিয়োগ দিয়েছে।

মুজাহিদ বলেন, আফগানিস্তানের মন্ত্রিসভায় নারীরা থাকবে কিনা তা এখনই অনুমান করা কঠিন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব।

তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তারা তাদের সহনীয় ভাবমর্যাদা প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইতোমধ্যেই তারা সরকারি কর্মী ও সৈন্যদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। তাছাড়া নারীদের অধিকার রক্ষার সংকল্পের কথাও জানিয়েছে।

মুজাহিদ বলেন, কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা ও কারিগরি স্টাফ রয়েছে।

তালেবানের মুখপাত্র আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পক রক্ষা করার জন্য পাশ্চাত্যের প্রতিও আবেদন জানান। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়া করবে না বলে হোয়াইট হাউসের বক্তব্যের প্রেক্ষাপটে মুজাহিদ এই অনুরোধ করলেন।

বিরামপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

294

আজ রবিবার ভোরে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা হাট মুহু গ্রামের লিটন মিয়ার পুত্র রাব্বী মিয়া (২০) নিজ বাড়ির শোবার ঘরে একাকী থাকা অবস্থায় অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে!

নিহত লিটনের নানা আবু বক্কর মেম্বার জানান, দেশমা বাজারে দোকানের কাজকর্ম সেরে নাতিকে আমি দোকান থেকে বাড়ি যেতে বলি আর আমি আমার কাজের জন্য মেয়ের বাড়ি বিরামপুরে আসি। আজ রবিবার সকালে আমার মেয়ে রাবেয়া খাতুন আমাকে ছেলের মৃত্যুর সংবাদ জানালে আমি বিরামপুর থানা কে জানাই।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলের পরিদর্শন করেন। এ ব্যাপারে বিরামপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পশ্চিমবঙ্গে ফের বাড়লো বিধি-নিষেধের মেয়াদ

19

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। কিছুতেই কমছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
তাই ফের আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে বাড়ানো হয়েছে বিধি-নিষেধের মেয়াদ।

শনিবার (২৮ আগস্ট) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের জারি করা নির্দেশিকা থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বিধি-নিষেধ চলাকালে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, স্বাস্থ্য পরিসেবাসহ অন্যান্য জরুরি পরিসেবার ক্ষেত্রে আগের মতোই ছাড় থাকছে। ৫০ শতাংশ শিক্ষার্থী নিয়ে কোচিং সেন্টার খোলা যাবে। তবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ বহাল থাকছে। লোকাল ট্রেন বন্ধ থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে বিধি-নিষেধ।

Dhaka, BD
mist
17 ° C
17 °
17 °
88 %
0kmh
0 %
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
27 °
বৃহঃ
26 °

সর্বাধিক পঠিত