17 C
Dhaka, BD
Home Blog Page 845

পল্টনের অাবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরানা পল্টন এলাকায় বন্ধু আবাসিক হোটেলে মামুন (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে হোটেল রুমে সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেয়া কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এ সময় জাবেদ (২৭) নামের ওই যুবকের এক বন্ধুকেও অবচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পল্টনের ৫৯ নম্বর বন্ধু আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

হোটেল ম্যানেজার মো. হাসান জানান, মঙ্গলবার (১৫ মে) রাত ৯টার দিকে মামুন ও জাভেদ নামে দুই যুবক হোটেলে এসে ৫ম তলার ৫০৫ নম্বর রুম ভাড়া নেন। বুধবার সকালে তাদের একজন ফোন দিয়ে বলে, তারা দু’জনই অসুস্থ। পরে রুমে গিয়ে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে মামুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং জাবেদকে ভর্তি করা হয়।

নিহত মামুনের স্বজনরা জানায়, তাদের বাড়ি নোয়াখালীতে। মঙ্গলবার রাতে মামুনের ব্রাজিল যাওয়ার ফ্লাইট ছিল। কিন্তুু তা বাতিল হওয়ায় মামুন ও তার সঙ্গে অাসা বন্ধু জাবেদ ওই হোটেলে ওঠেন। পরে এ ঘটনা ঘটে।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অপর বন্ধু জাবেদকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত রহস্য ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জানা যাবে বলে জানান তিনি।

সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ডেডপুল ২’

0

বিনোদন প্রতিবেদক : ২০১৬ সালে মুক্তি পাওয়া মার্ভেল কমিকসের সুপারহিরো ডেডপুল। দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো এই হিরো দর্শকদের কাছে। আর ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে রীতিমত চমক সৃষ্টি করেছিলো ছবিটি। বক্স অফিস কাঁপানো সেই সাফল্যের রেশ রয়ে গেছে এখনো।

প্রথম সাফল্যের আবারও হাজির ডেডপুল। মুক্তি পেতে চলেছে ‘ডেডপুল’র দ্বিতীয় কিস্তি। ১৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ‘ডেডপুল ২’। তবে বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই অর্থাৎ ১৭ মে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

আগের ছবির পরিচালক হিসেবে টিম মিলার কাজ করলেও এবারের ছবি পরিচালনা করছেন ডেভিড লেইচ। গতবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন রায়ান। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে বরাবরের মতো তার সঙ্গে থাকছেন ছবির আরও দুজন প্রযোজক। আগের ছবির মতো এখানেও রায়ান রেনল্ড ডেডপুলের ভূমিকায় আছেন। সেই সাথে থাকছেন জ্যাজি বিটজ, ব্রিয়ানা হিল্ডারব্র্যান্ড, জ্যাক ক্যাসি, স্টিফানসহ আরো অনেকে। আগের ছবি থেকে এবার থাকছেন মোরেনা বাক্কারিন ও টি জে মিলার। আর ক্যাবলের ভূমিকায় থাকছেন জশ ব্রোলিন।

অন্যদিকে রাসেলের চরিত্রে অভিনয় করছে ১৫ বছর বয়সী জুলিয়ান ডেনিসন। ডেডপুল ২-এর ঘোষণা প্রথম চলচ্চিত্রের মুক্তির আগেই দিয়ে দেওয়া হয়েছিল। কাজটাও চলছিল বেশ জোরেশোরেই। তবু দুটো বছর পেরিয়ে গেল ছবিটির পেছনে, এর মূল কারণ ছিলেন টিম মিলার। তাঁর হুট করে চলে যাওয়ায় বিপাকে পড়তে হয় নির্মাতাদের।

আকস্মিকভাবে সুপারপাওয়ারের অধিকারী হয়ে যায় ওয়েড উইলসন। প্রিয়জনের কাছ থেকে দূরে চলে যায়। তবে ডেডপুল চলচ্চিত্রে ভালোবাসার মানুষ আর সুপার পাওয়ার দুটোই শেষ পর্যন্ত ফিরে পায় ওয়েড। তখন অবশ্য নিজের নামকরণ সে করে নিয়েছে ডেডপুল, সঙ্গে যুক্ত হয়েছে লাল-কালো মুখোশ। এবারের ছবিতে কী থাকছে, সেটা নিয়ে খুব বেশি বলা যাচ্ছে না এখনই।

তবে ট্রেলার দেখে অনুমান করা যায় চমৎকার এক কাহিনির। এবারে ‘ডেডপুল ২’-এর গল্প আবর্তিত হয়েছে রাসেলকে ঘিরে। বাচ্চা ছেলে রাসেল একজন মিউটেন্ট। সময় পরিভ্রমণকারী ‘ক্যাবল’র হাত থেকে বাঁচাতে হবে রাসেলকে। যে কোনো মূল্যে তাকে বাঁচাতে বদ্ধপরিকর ডেডপুল। আর তাই মিউটেন্টদের দল ‘এক্স-ফোর্স’ তৈরি করে সে। শুরু হয় শ্বাসরূদ্ধকর মিশন। শেষ পর্যন্ত রাসেলকে রক্ষা করা যাবে কিনা সেটাই দেখার অপেক্ষা এখন।

রাজশাহীতে প্রধানমন্ত্রী

0

জেলা প্রতিনিধি, রাজশাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সরকারি সফরে রাজশাহী এসেছেন। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পৌঁছান তিনি।

সফরসূচি অনুযায়ী এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (এএসপি) শিক্ষা সমপানী কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন। পরে প্রধানমন্ত্রী ৩৫তম বিসিএসসের এ নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত্ব অর্জন করায় নির্বাচিত সহকারী পুলিশ সুপারদের পুরস্কৃত করবেন। পরে প্রধানমন্ত্রী সকলের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। অনুষ্ঠান শেষে বিকেলেই তিনি রাজশাহী থেকে ঢাকার ফিরবেন।

সহকারী পুলিশ সুপারদের (এএসপি) শিক্ষা সমপানী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তিনি রাজশাহীতে ৩৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন।পরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেন।

বুধবারই রমজানের চাঁদ দেখা যাবে : আবহাওয়া অধিদফতর

0

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে।

বিভিন্ন সময়ে দেখা গেছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ পালিত হয়। কিন্তু বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে, এজন্য বৃহস্পতিবার থেকে বাংলাদেশেও রমজান শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে তা নির্ধারণ করতে বুধবার মাগরিবের পর (সন্ধ্যা ৭টায়) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়কমন্ত্রী ও কমিটির সভাপতি মতিউর রহমান।

বুধবার সকালে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘আমাদের হাতে থাকা তথ্য প্রমাণ অনুযায়ী আজকে দেশের আকাশে কোথাও কোথাও রমজানের চাঁদ দেখা যাবে। আজকে (বুধবার) চাঁদের বয়স একদিন (১ দশমিক ০৩২২ দিন) হবে।’

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে একই দিন রমজান শুরু হলেও কোনো সমস্যা নেই, ভিন্ন ভিন্ন দিন শুরু হলেও কোনো অসুবিধা নেই। কারণ চাঁদ দেখাই হল মূল জিনিস।’

তিনি বলেন, ‘আরেকটা বিষয় হল সৌদি আরবে যখন চাঁদ ওঠার কথা তখন চাঁদের বয়সটা খুব হালকা ছিল, যার কারণে ওরা চাঁদ দেখতে পারেনি। চাঁদের বয়সের কারণে চাঁদ দেখা বা দেখা না যাওয়ার ঘটনা ঘটে।’

বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৩৯ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৭ মে) থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে বুধবার রাতেই এশার নামাজের পর তারাবির নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অপরদিকে বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার (১৮ মে)। এক্ষেত্রে বৃহস্পতিবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে সেহরি খেতে হবে।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বর বা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

অনলাইন আবেদনে ডিজিটাল ভোগান্তি

0

নিজস্ব প্রতিবেদক : একাদশে ভর্তির আবেদনে নানা ধরনের ভোগান্তি পোহাচ্ছে ভর্তিচ্ছুরা। সার্ভার সমস্যা, ফিরতি এসএমএস না আসাসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ঢাকা বোর্ডে সরেজমিনে ঘুরে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন সমস্যার কারণে আবেদন সম্পন্ন করতে না পেরে ভর্তিচ্ছুরা এসেছেন ঢাকা বোর্ডে। কেউ এসএমএসের মাধ্যমে আবেদন করলেও ফিরতি ম্যাসেজ পায়নি। কারও আবেদন অসম্পন্ন অবস্থায় চূড়ান্ত দেখানো হয়েছে। আবার কারও আবেদন করার সময় তা সম্পন্ন দেখানো হয়েছ।

ঢাকা বোর্ডে আসা রায়হান বলেন, মিরপুরের বশির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছি। সোমবার (১৪ মে) ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে দেখি অন্য কেউ করে ফেলেছে। বিষয়টি বাসায় জানালে মঙ্গলবার বাবাসহ বোর্ডে লিখিত অভিযোগ জানায়। ২৪ ঘণ্টার মধ্যে তা ঠিক হবে বলে বোর্ড থেকে জানানো হয়েছে।

সাভার থেকে এসেছেন সুমাইয়া রিয়া। তারও আবেদন অন্য কেউ করেছে। তাই বোর্ডে এসে অভিযোগ করেছেন। তিনি বলেন, স্থানীয় একটি দোকানে ভর্তির আবেদন করার সময় দেখি আবেদন আগেই কেউ করে ফেলেছে। বিষয়টি বাসায় জানালে আম্মু আজ বোর্ডে নিয়ে এসেছে। বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে আগের আবেদন বাতিল হবে বলে বোর্ড থেকে জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ২০টির মতো ভুয়া আবেদনের অভিযোগ এসেছে ঢাকা বোর্ডে। শিক্ষার্থীদের অজান্তে এসব আবেদন করা হয়েছে। বিভিন্ন বেসরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীকে না জানিয়ে এ কাজ করছে। এমন অভিযোগ ভর্তি কার্যক্রম শুরুর পরদিন থেকে পাওয়া যাচ্ছে।

বিষয়টি স্বীকার করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ বলেন, বেশ কিছু ভুয়া আবেদনের অভিযোগ পেয়েছি। এসব আবেদন ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করে প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ দেয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীকে না জানিয়ে আবেদন করাটা দণ্ডনীয় অপরাধ। যারা এসব অপকর্ম করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।

তবে আবেদন কার্যক্রমে কোনো ভোগান্তি নেই উল্লেখ করে তিনি বলেন, সহজ ও সুন্দরভাবে একাদশে ভর্তি কার্যক্রম চলছে। গত তিনদিনে প্রায় চার লাখ আবেদন জমা পড়েছে। আবেদনের সময় কোনো সমস্যা হলে হেল্পলাইনে সহায়তা নেয়া যাবে। পাশাপাশি ভর্তি সংক্রান্ত সমস্যা সমাধানে ঢাকা বোর্ডে একটি সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশের আটটি সাধারণ ও মাদরাসা বোর্ডের অধিনে সাত হাজার ৩১৯টি কলেজে ২৮ লাখ ৭৬ হাজার ২৯৯টি আসন রয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডের অধিনে রয়েছে ৯৮৭ কলেজ। সেখানে চার লাখ ৬৬ হাজার ৮৮৭ আসন রয়েছে।

মাদরাসা বোর্ডের অধিনে ৩২ হাজার ৩৬৪টি কলেজে ৪২ হাজার ৭৪৪টি আসন রয়েছে। তাই আসন সংকট হবে না।

জানা গেছে, এবার ঢাকা বোর্ডে মোট ৪ লাখ ৩২ হাজার ২০১ জন পাস করেছে। পাস করা শিক্ষার্থীর চাইতে আসন সংখ্যা বেশি রয়েছে। এছাড়াও আট বোর্ডের অধিনে ২১ লাখ ৩৩ হাজার ৫৫৯টি আসন রয়েছে। সেখানে এবার ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেছে। সাধারণ বোর্ডেও পাসের চাইতে আসন সংখ্যা বেশি রয়েছে।

ভুয়া ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, অনলাইনে ভর্তি কার্যক্রম শুরুর পর থেকেই ভুয়া আবেদনের অভিযোগ আসছে। অভিাযোগ আসলে ২৪ ঘণ্টার মধ্যে আগের আবেদন বাতিল করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ বছর প্রথমবারের মত এ অপরাধকে দণ্ডনীয় হিসেবে ভর্তি নীতিমালায় উল্লেখ করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জিয়াউল হক বলেন, যে সব কলেজে আসন সংখ্যার চাইতে বরাবর শিক্ষার্থী ভর্তি কম রয়েছে এমন প্রায় ২০০ প্রতিষ্ঠানের আসন সংখ্যা কমানো হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থীর ভর্তি চাহিদা রয়েছে অথচ আসন কম এমন ১৫০টির মতো কলেজের আসন বৃদ্ধি করা হয়েছে। এবার কারিগরি বোর্ডের ভর্তি কার্যক্রম আলাদা করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ মে থেকে একাদশে অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। যা শেষ হবে ২৪ মে। তবে পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

আমিরাতে প্রবাসী হবিগঞ্জ ইউনিটির অভিষেক

687

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী হবিগঞ্জ সদর ইউনিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বাবু গৌতম ঘোষ ও শাহজাহান মিয়ার যৌথ সঞ্চালনায় সোমবার (১৪ মে) সারজাহের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিতু আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি বাবু রাখাল কুমার গোপ।

বিশেষ অতিথি ছিলেন কমান্ডেন্ট মানিক চৌধুরীর ছেলে অ্যাডভোকেট ফয়জুল বসীর চৌধুরী সুজন, প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা সিআইপি মো. আশিক মিয়া, ছাত্রনেতা মুকিদুল ইসলাম মুকিদ, প্রবাসী বাহুবল সমিতির সভাপতি আব্দুল জলিল উজ্জ্বল, বি.বাড়িয়া সমিতির সভাপতি শাহ্ মো. মাকসুদ, প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. তৈয়ব আলী তালুকদার, সদর ইউনিটির প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ তালুকদার, হবিগঞ্জ ইউনিটি আজমান শাখার সভাপতি প্রকৌশলী কামরুল ইসলাম, প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সহ সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমূখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মীর খোকন, হবিগঞ্জ ইউনিটি আজমান শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রঙ্গু, শেখ ইমরান, শেখ লুৎফুর রহমান, বচন মিয়া তালুকদার, সিজিল মিয়া, মামুন আহমেদ, নোমান আহমেদ, সুহেল মিয়া, আমজাদ মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘প্রবাসে দল-মতের ঊর্ধ্বে এসে নিজ এলাকার উন্নয়নে কাজ করতে হবে। নিজের এলাকার উন্নয়ন হলে এমন করে গোটা বাংলাদেশের উন্নয়ন সম্ভব। এজন্য সকল প্রবাসীকে ঐক্যের ছায়াতলে আসতে হবে।’

ভারতে নৌকাডুবিতে ৪০ জনের প্রাণহানির আশঙ্কা

0

আন্তর্জাতিক ডেস্ক : দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভারতের অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীতে একটি নৌকা উল্টে গিয়ে ৪০ জন যাত্রী ডুবে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ২০ জন বিয়ে বাড়ির একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নিখোঁজদের বেশিরভাগই উপজাতি। মঙ্গলবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলার বিকাল পাঁচটার দিকে নৌকায় করে প্রায় ৫০ জন যাত্রী কন্দমোদালু উপজাতি পল্লী থেকে গোদাবরী নদী তীরবর্তী রাজামুন্দ্র্যতে ফিরছিলেন। দেবীপটন ব্লকের মন্টুর গ্রাম থেকে একটু দূরে প্রবল বাতাসে নৌকাটি উল্টে যায়।

দু’জন নারী ও এক শিশুসহ ১০ জন যাত্রী সাতরিয়ে নদীর তীরে চলে আসেন। ধারণা করা হচ্ছে, বাকি যাত্রীরা সম্ভবত ডুবে মারা গেছেন এবং তারা কে কোথায় আছেন তা জানা যায় নি। উদ্ধারকাজে অংশ নেয়া স্থানীয় এক ব্যক্তি এসব তথ্য জানান।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০ টি নৌকা, দক্ষ সাতারু ও জাতীয় দুর্যোগ মোকাবেলা ফোর্স (এনডিআরএফ) দিয়ে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে। তবে তীব্র অন্ধকার ও স্বল্প আলোর কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিখোঁজদের সন্ধানে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ছেন।

এ ঘটনায় নৌকাটির সংগঠক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সাতরিয়ে তীরে আসা যাত্রীদের কয়েকজন জানান, নৌকাটিতে মোট ৫৫ জন যাত্রী ছিল এবং বেশিরভাগ উপজাতি। প্রবল বাতাসে নৌকা চালাতে নিষেধ করলেও চালক যাত্রীদের কথা শোনেননি।

নৌকাডুবির ঘটনার পর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় নদীতে নৌকো উলটে যাওয়ার ঘটনা দুঃখজনক। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের সদস্যদের জন্য সমবেদনা রইল। যারা নিখোঁজ রয়েছেন তাদের সুরক্ষার জন্য প্রার্থনা করি।

সামাজিক মাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও। এক টুইট বার্তায় তিনি বলেন, এটি খুবই বেদানাদায়ক ঘটনা। যুদ্ধকালীন তৎপরতায় আধিকারিকদের উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শাকিবের রানি বুবলী!

0

বিনোদন প্রতিবেদক : শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে এরই মধ্যে। ছবিটি সেন্সরেও জমা পড়েছে। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি। ছবি মুক্তির আগে এবার প্রকাশিত হলো ছবিটির প্রধান গানটি।

দেখা যাচ্ছে ‘ও রানি’ শিরোনামের গানটির সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব খান ও শবনম বুবলী। ‘ও রানি তোয়াঁর লাগি পালকী সাজাইছি, চোখত নজর দিয়া হাজার ভেলকি দেখাইছি, তোরে বউ বানামু’ এমন গানের কথায় ঠোঁট মিলিয়ে বুবলীর সঙ্গে নাচছেন শাকিব।

গানটি প্রকাশ করা হয়েছে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে। সোমবার রাতে প্রকাশিত হওয়া গানটি একদিনের মধ্যে এক লাখ ৭০ হাজারেরও অধিকবার দেখা হয়েছে। চট্টগ্রাম এবং নোয়াখালীর আঞ্চলিক ভাষার গান এটি। এই গানে প্রথমবারের মতো চট্টগ্রাম ও নোয়াখালীর ভাষার গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব-বুবলী।

এ গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন শাহারিয়ার রাফাত। দ্বৈত কণ্ঠের গানে কণ্ঠ দিয়েছেন ঐশী এবং রাফাত নিজেই। আর এই গানের কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়েছে।

গেল বছরের অক্টোবরে এফডিসিতে মহরতের মাধ্যমে শুরু হয় ‘চিটাগাইংয়া পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং। এরপর নভেম্বরে শুটিং হয় ময়মনসিংহে আর গানের শুটিং হয় থাইল্যান্ডে।

পরিচালক উত্তম আকাশ বলেন, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই ছবিটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন বলে বিশ্বাস করি। আগামী ঈদে দেশব্যাপী মুক্তি দেয়া হবে রোমান্টিক ও কমেডি গল্পের এই ছবিটি।

আমবাড়িয়া ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী জয়ী

0

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আমিনুর রহমান বিষু ১৮৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে ৯টি কেন্দ্রে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটে স্বতন্ত্রপ্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান বিষু মোটরসাইকেল প্রতীক নিয়ে ১ হাজার ৮১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রার্থী মনিরুজ্জামান বিশ্বাস নৌকা মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৩১ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপি প্রার্থী রেজাউল করিম ধানের শীষ প্রতীক নিয়ে ২৮৪ ভোট পান।

সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীক নিয়ে নূর জাহান বেগম ১ হাজার ২৩২ ভোট, স্বতন্ত্রপ্রার্থী আনারস মার্কা নিয়ে নাজমুল সালেহীন সুজন ৯২৮ ভোট ও চশমা প্রতীক নিয়ে মনিরুজ্জামান খান পেয়েছেন ৪১ ভোট।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহা. আব্দুল হাদী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এই ইউনিয়নে ৮ হাজার ৩০৭ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৯৭৩ ভোট কাস্টিং হয়। এর মধ্যে ৪২ ভোট বাতিল হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছাত্তারের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

সুদের হার বাড়ছেই

0

নিজস্ব প্রতিবেদক : নগদ অর্থের টান চলছে ব্যাংকে। ফলে ব্যবসায়ীদের ঋণ দেয়া সম্ভব হচ্ছে না। ধারাবাহিকভাবে বেড়ে চলছে সুদের হার। কিছুতেই এর লাগাম টানা যাচ্ছে না। ভোক্তা ও গৃহঋণের সুদও বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, একদিকে চলছে ব্যাংকের তারল্য সংকট। ঋণের চাহিদাও বেড়েছে। এছাড়া খেলাপি বেড়ে যাওয়ায় নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে হচ্ছে। সব মিলিয়ে নগদ অর্থের সংকটে রয়েছে ব্যাংকগুলো। সুদের হার কমাতে সরকারি উদ্যোগ ও ব্যাংকারদের নানামুখী তৎপরতাও কাজে আসছে না। হু-হু করে বেড়ে চলেছে সুদের হার। যা বিনিয়োগের জন্য শুভকর নয়। এ প্রবণতা বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানান তারা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ৫৭টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে গত মার্চশেষে ২৮ ব্যাংকের ঋণের সুদহার দুই অঙ্ক ছাড়িয়েছে। বাকি অধিকাংশ ব্যাংকেই এ হার দুই অঙ্ক ছুঁই-ছুঁই। তবে একক ঋণ হিসেবে ক্ষেত্রবিশেষে কোনো কোনো ব্যাংকের সুদহার সর্বোচ্চ ১৬ থেকে ১৭ শতাংশে পৌঁছে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, দেশের ব্যাংকগুলোতে ২০১১-১৩ সাল পর্যন্ত ঋণের গড় সুদের হার ছিল ১২ থেকে ১৪ শতাংশের মধ্যে। ২০১৭ সালে তা ১০ শতাংশের নিচে নেমে যায়। সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চশেষে ব্যাংকিং খাতে গড় আমানতের সুদহার দাঁড়িয়েছে ৫ দশমিক ৩০ শতাংশ। আর ঋণের সুদহার দাঁড়ায় ৯ দশমিক ৭০ শতাংশে। তবে বেসরকারি ব্যাংকগুলোর গড় ঋণের হার ১০ শতাংশ ছাড়িয়েছে।

এদিকে গত ডিসেম্বর থেকে সুদের হার ধারাবাহিকভাবে বাড়ছে। ২০১৭ সালের ডিসেম্বরে গড় ঋণের সুদহার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। জানুয়ারিতে তা দাঁড়ায় ৯ দশমিক ৪২ শতাংশে। ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৫৫ শতাংশে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান এ প্রসঙ্গে বলেন, বিভিন্ন কারণে আমাদের দেশে ব্যবসা পরিচালনার খরচ অনেক বেশি। এর মধ্যে ঋণের সুদহার ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। এটি ব্যবসায়ীদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়। এ কারণে খরচ আরও বেড়ে যাবে।

‘ব্যাংকগুলোতে খেলাপি বেড়ে যাওয়ায় প্রভিশন রাখতে হচ্ছে। আমানতের টাকা সঠিক স্থানে ব্যবহার করা যাচ্ছে না। ফলে সুদহার বাড়ছে। এটা কাম্য নয়। আমরা চাই ঋণের সুদহার সহনীয় পর্যায়ে থাকুক। তা না হলে ব্যবসার খরচ বেড়ে যাবে এবং পণ্যের দামও বাড়বে। এতে মূল্যস্ফীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।’

তিনি বলেন, খেলাপি ঋণ সমস্যার সৃষ্টি করছে। এ বিষয়ে এখন কেন্দ্রীয় ব্যাংককে উদ্যোগ নিতে হবে, এটিকে একটি নিয়মের মধ্যে আনতে হবে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমানতের তুলনায় ঋণের চাহিদা বেশি। এ কারণে তারল্য সংকট শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে উচ্চ সুদে আমানত সংগ্রহ করছে ব্যাংকগুলো। এ কারণেই সুদহার বাড়ছে।

এদিকে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের চাপে সরকারি তহবিলের ৫০ ভাগ অর্থ বেসরকারি ব্যাংকে রাখার নির্দেশনা দিয়েছে সরকার। আগে এ হার ছিল ২৫ ভাগ। অর্থাৎ সরকারি তহবিলের অর্থ ৭৫ ভাগ থাকত সরকারি ব্যাংকে এবং বাকি ২৫ ভাগ রাখা যেত বেসরকারি ব্যাংকে। এছাড়া বাংলাদেশ ব্যাংকে রাখা ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) এক শতাংশ কমিয়ে সাড়ে পাঁচ শতাংশ করা এবং এডিআর সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ২০১৯ সালের ৩১ মার্চ করা হয়েছে। এরপরও ঋণের সুদহার বাড়ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) সভাপতি ও এক্সিম ব্যাংকের পরিচালনাপর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘আমরা দীর্ঘদিন সুদহার নিয়ন্ত্রণে রেখেছিলাম। ব্যাংকিং খাতে তারল্য সংকট চলছে। অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প ও বাণিজ্যের প্রসারে এটি হঠাৎ বেড়ে গেছে। সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আবার এক অঙ্কে সুদহার নেবে যাবে।’

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ব্যাংকগুলোতে আমানত কমেছে। বেসরকারি ব্যাংক থেকে সরকারও আমানত তুলে নিচ্ছে। এতে বেশি সুদ দিয়ে ব্যাংকগুলো আমানত সংগ্রহ করছে। এ অবস্থায় ব্যবসায় টিকে থাকতে ব্যাংকগুলোর ঋণের সুদহার বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় নেই।’

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)’র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, গ্যাস, বিদ্যুতের দাম বেড়েছে। ঋণের সুদহারও ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে কস্ট অব ডুয়িং বিজনেস বা ব্যবসার ব্যয় বেড়ে গেছে। উচ্চ সুদে ঋণ নিয়ে এখন বিশ্ব বাজারে টিকে থাকা বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে যে কোনো মূল্যে সুদহার এক অংশে নামিয়ে আনা জরুরি।

Dhaka, BD
mist
17 ° C
17 °
17 °
88 %
0kmh
0 %
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
27 °
বৃহঃ
26 °

সর্বাধিক পঠিত