22 C
Dhaka, BD
Home Blog Page 5

সিনহা হত্যা: ফের আদালতে ওসি প্রদীপ

0
সিনহা হত্যা ফের আদালতে ওসি প্রদীপ

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজের তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এ সাক্ষ্যগ্রহণ চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সাক্ষ্যগ্রহণ ঘিরে সকাল পৌনে ১০টার দিকে ওসি প্রদীপসহ চাঞ্চল্যকর এ মামলার ১৫ আসামিকে ফের আদালতে হাজির করা হয়েছে।

আজ তিনজনের সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। এর আগে গত ৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণে ষষ্ঠ সাক্ষীর জেরা শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল তৃতীয় দফায় সাক্ষগ্রহণের জন্য ২০ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।

অ্যাডভোকেট ফরিদ বলেন, আমরা সব সাক্ষীর সাক্ষ্য ও জেরা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছি। তবে, আসামিপক্ষের আইনজীবীদের অসহযোগিতায় সেটা সম্ভব হচ্ছে না। তারা সাক্ষীকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে সময় নষ্ট করছেন। ১৫ আসামির ১৫ জন আইনজীবী আলাদাভাবে আধাঘণ্টা করে জেরার সময় নিলে সাড়ে সাতঘণ্টা সময় লাগে। জবানবন্দি নিতেও সময় লাগে ঘণ্টা দেড়েক। এতে আদালতের কর্মঘণ্টা ৯ ঘণ্টা এবং মধ্যাহ্ন বিরতিসহ দাঁড়ায় ১০ ঘণ্টায়। জবানবন্দি ও জেরা শেষ হওয়ায় তৃতীয় দফায় আসামিপক্ষের আইনজীবীরা দ্রুত সাক্ষ্যগ্রহণে আদালতকে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।

আদালতের সংশ্লিষ্ট আইনজীবী বাপ্পী শর্মা গণমাধ্যমকে জানান, গত ২৩ আগস্ট শুরু হয় মেজর সিনহা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। সাক্ষ্যগ্রহণে আদালতের নির্ধারণ করা প্রথম তিনদিনের প্রথম দিন পুরো ও দ্বিতীয় দিনের অর্ধেক সময় মামলার বাদী নিহত সিনহার বড় বোন শারমিন ফেরদৌসের সাক্ষ্য ও জেরা হয়। পরে শুরু হয় সিনহার সফরসঙ্গী ও হত্যার অন্যতম প্রত্যক্ষদর্শী সিফাতের সাক্ষ্য। এ দুজনের সাক্ষ্য ও জেরার মধ্য দিয়ে শেষ হয় বিচারকার্যের প্রথম নির্ধারিত তিনদিন। ফলে এ তিনদিনের জন্য নোটিশ পাওয়া ১৫ সাক্ষীর মধ্যে বাকি ১৩ জনের সাক্ষ্য নেয়া সম্ভব হয়নি।

তিনি আরও জানান, গত ২৫ আগস্ট আদালত ৫ থেকে ৮ সেপ্টেম্বর টানা চারদিন পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করেন। সে অনুযায়ী ৫ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টার দিকে বাকি সাক্ষীদের মধ্যে একজনের সাক্ষ্য শুরু হলে তাকে জেরা করতেই সারাদিন চলে যায়। দ্বিতীয় ও তৃতীয় দিনও একইভাবে একজন সাক্ষীর জবানবন্দি ও জেরা হয়। শেষদিনেও এক অবস্থা। এতে সাত দিনে সাক্ষ্য নেওয়া গেছে মাত্র ছয় জনের। মামলায় মোট সাক্ষী ৮৩ জন। সাক্ষ্য ও জেরার সময় ১৫ আসামি কাঠগড়ায় উপস্থিত থাকায় পুরো জেলা জজ আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। তার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর সিনহা যেখানে ছিলেন, সেই নীলিমা রিসোর্টে ঢুকে তার ভিডিও দলের দুই সদস্য শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নুরকে আটক করে। তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এ দুজন পরে জামিনে মুক্তি পান।

সিনহা হত্যার ঘটনায় মোট চারটি মামলা হয়। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমারসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।

অভিযুক্ত আসামিদের মধ্যে পুলিশের ৯ সদস্যরা হলেন- বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, কনস্টেল রুবেল শর্মা, এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া ও কনস্টেবল সাগর দেব নাথ।

অপর আসামিরা হলেন- আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আব্দুল্লাহ এবং টেকনাফের বাহারছড়ার মারিষবুনিয়া গ্রামের বাসিন্দা ও পুলিশের করা মামলার সাক্ষী নুরুল আমিন, মো. নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দিন। আসামিদের ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওসি প্রদীপ, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

অনিয়মের অভিযোগে এনে ৫ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

0

নোয়াখালীর হাতিয়ায় কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন এবং অনিয়মের অভিযোগে নৌকার দুই প্রার্থীসহ পাঁচ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) ভোট শুরুর ঘণ্টা-খানেকের মধ্যে তারা ভোট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

তারা হলেন- হাতিয়ার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) জিয়া আলী মোবারক কল্লোল ও ১০ নম্বর জাহাজ মারা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) এটিএম সিরাজ উল্যাহ।

এছাড়া ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম আজাদ (আনারস প্রতীক), ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) নূরুল ইসলাম এবং ১১ নম্বর নিঝুম দ্বীপ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) মো. মেহেরাজ উদ্দিন।

প্রার্থীরা বলেছেন, সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, আমরা কারও থেকে এখনও অভিযোগ পাইনি। কোথাও অনিয়মের অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

ইভিএমে প্রথম ভোট দিচ্ছেন সোনাগাজী পৌরবাসী

17

ফেনীর সোনাগাজী পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএমে) ভোট দিচ্ছেন ভোটাররা। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পৌর শহরের আল হেলাল একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট দিতে কেন্দ্রে আসা শুরু করেছেন ভোটাররা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার এ এম জহিরুল হায়াত বলেন, সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। কোনো ধরনের অনিয়ম সহ্য করবো না। কেন্দ্রে কেন্দ্রে ম্যাজিস্ট্রেটরা থাকবেন। অনিয়ম দেখলেই তারা ব্যবস্থা নেবেন।

ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী জানান, মাঠে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন। সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোটের জন্য তারা কাজ করে যাবেন।

উপজেলা নির্বাচন অফিস জানায়, এ পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত সাধারণ ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে চারজন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ দশমিক ৫০ বর্গকিলোমিটারের ক শ্রেণির পৌরসভাটিতে মোট ভোটার ১৫ হাজার ৯৮৫ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৮৫৮ ও পুরুষ ভোটার ৮ হাজার ১২৭ জন।

সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের হাফেজ হিজবুল্লাহ, স্বতন্ত্র মোবাইল প্রতীকে আবু নাছের ও জগ প্রতীকে শেখ সেলিম নির্বাচনে অংশ নিয়েছেন।

দেশের ১৬০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হচ্ছে সোমবার। একইসঙ্গে ভোট নেওয়া হচ্ছে নয়টি পৌরসভাতেও। তবে এরমধ্যে ৪৪টি ইউপির চেয়ারম্যান পদে ও তিন পৌরসভার মেয়র পদে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিজয়ী হয়েছেন। এসব জায়গায় চেয়ারম্যান ও মেয়র পদ বাদে অন্য পদগুলোতে ভোট নেওয়া হচ্ছে।

মমেক হাসপাতালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

0

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে করোনা পজিটিভ কোনো রোগীর মৃত্যু হয়নি আজ।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৭৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জন ভর্তিসহ সোমবার সকাল পর্যন্ত ৯৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে চিকিৎসাধীন আছেন ১২ জন।

এছাড়া রোববার সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ১২৪ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫৬টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা শনাক্তের হার ৭ শতাংশ।

তিনি আরও জানান, সোমবার সকাল পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৭৭২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৯৯ জন।

এছাড়াও জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৮৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৮৮১ জন হোম আইসোলেশনে রয়েছেন।

১০ কোটিতে কয়েন বিক্রি!

0

এক টাকায় ১০ কোটি! লটারি নয়, একটি নিলামে ভারতের একটি এক রুপির কয়েনের দাম উঠেছে ১০ কোটি রুপি। কয়েনটির বয়স ১৩৬ বছর।

জানা যায়, পরিধিতে বর্তমানের এক রুপির কয়েনের থেকে কিছুটা বড় এটি। মুদ্রাটির বিশেষত্ব হলো, এর এক পিঠে খোদাই করা রয়েছে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার ছবি। অন্য পিঠে ইংরেজি হরফে লেখা ‘ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫’।

ভারতে ব্রিটিশ শাসনকাল ১৮৮৫ সালে মুম্বইয়ের কোনও মিন্টে কয়েনটি বানানো হয়েছিল বলে অনুমান। তার ন’বছর আগেই ভারতীয় মুদ্রায় সামান্য পরিবর্তন এসেছে। কয়েনের রানি ভিক্টোরিয়ার বদলে লেখা শুরু হয়েছে সম্রাজ্ঞী ভিক্টোরিয়া বা ‘ভিক্টোরিয়া এমপ্রেস’। নিলামে ওঠা কয়েনটি সেই সময়কালের।

পুরনো কয়েন, নোট বা বিদেশ মুদ্রা জমানোর শখ অনেকেরই আছে। ইন্টারনেটে এই সব শখ মেটানোর রসদও পাওয়া যায়। বিভিন্ন সাইটে পুরনো মুদ্রা কেনা-বেচার সুযোগ থাকে। তেমনই এক ওয়েবসাইটে নিজের সংগ্রহ থেকে ওই কয়েনের ছবিটি পোস্ট করেছিলেন এক সংগ্রাহক। কয়েনটি কেনার জন্য এরপর হুড়োহুড়ি পড়ে যায় সংগ্রাহকদের মধ্যে।

এর আগে গেল জুন মাসে ১৯৩৩ সালের আমেরিকার একটি কয়েন এক কোটি ৮৯ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩৮ কোটির সমান।

সুপারমডেল হলেন পুলিশ তরুণী

2249

ইক্সা হ্যাং সুব্বা। ভারতের সিকিম রাজ্যের আলোচিত এক তরুণী। গেরুয়া ইউনিফর্ম পরে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেন। সম্প্রতি তিনি নিজ রাজ্যের হয়ে জাতীয় পর্যায়ের সুপারমডেলের দৌড়ে সামিল হয়েছেন। এমটিভি সিজন-২’র ‘সুপারমডেল অব দ্য ইয়ার’ হয়েছেন ইক্সা।

পুলিশের চাকরি এবং মডেলিংয়ের পাশাপাশি তিনি একজন গুণী বক্সারও। জাতীয় পর্যায়ে বক্সিং করেছেন ইক্সা। এছাড়া বাইক রাইডিংয়ে রয়েছে তার আলাদা দক্ষতা। এসবে তিনি দারুণভাবে নজর কেড়েছেন নেটিজেনদের।

ইন্টারনেটে তার বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হয়েছে। তিনি কখনো নিজের দায়িত্ব পালনের রূপে ক্যামেরাবন্দি হন, আবার কখনো ফ্যাশনেবল ড্রেস পরে নিজেকে মোহময়ী রূপে উপস্থাপন করেন। এ ঘটনায় গোটা রাজ্যের মানুষ তাকে নিয়ে গর্বিত।

ইক্সার স্বপ্ন, তিনি একদিন দেশের সেরা সুপারমডেল হবেন। শুধু দেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে যাবে তার পরিচিতি। এভাবে নিজের রাজ্য ও নারীদের প্রতিনিধিত্ব করতে চান এই তরুণী।

প্রসঙ্গত, ২০১৯ সালে মাত্র ১৯ বছর বয়সে সিকিম পুলিশ বিভাগে যোগ দেন ইক্সা। কিন্তু এখানেই তার প্রতিভার গল্পটা শেষ নয়। বক্সিং, বাইক রাইডিং এবং মডেলিং করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রতিযোগিতার মৌসুমে তিনি যখন নিজের পরিচয় দেন, তখন হতবাক হয়ে গিয়েছিলেন বিচারকের আসনে থাকা বলিউড তারকা মালাইকা আরোরা। তিনি দাঁড়িয়ে ইক্সাকে সম্মান জানান এবং বলেন, এ রকম নারীদের স্যালুট জানাই।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জোহানেসবার্গের মেয়র

64

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের নতুন মেয়র জোলিডি মাতোঙ্গো (৪৬)। সোমবার (২০ সেপ্টেম্বর) বিবিসির খবরে বলা হয়, দুর্ঘটনার আগে মেয়র প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে প্রচারণা চালাচ্ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার সড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মেয়রের গাড়িটি একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে সেই পথচারী ও গাড়িচালকও মারা যান। নিহত হন মেয়রও।

করোনায় জোহানেসবার্গের আগের মেয়র মারা যাওয়ার পর ১০ আগস্ট জোলিডি মাতোঙ্গো (৪৬) মেয়র হন। এর ৪০ দিনের মাথায় তিনিও প্রাণ হারান।

জোলিডি মাতোঙ্গো একজন জিম্বাবুয়ে অভিবাসীর ছেলে। তিনি ১৩ বছর বয়স থেকে দক্ষিণ আফ্রিকায় রাজনীতিতে যুক্ত। প্রচারণা চালাচ্ছিলেন বর্ণবাদের বিরুদ্ধে।

এদিকে মেয়রের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, এই মর্মান্তিক ঘটনাটি মেনে নেওয়া আসলে কঠিন। মৃত্যুর কিছুক্ষণ আগেও মাতোঙ্গো আমার এবং সোয়েটোর বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন।

প্রাথমিকে শূন্য পদে নিয়োগ শিগগিরই সম্পন্ন হবে

30

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন করা হবে।
রোববার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ তথ্য জানানো হয়৷ কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মেহের আফরোজ, আলী আজম এবং মো. মোশারফ হোসেন বৈঠকে অংশ নেন।
এদিন এর আগে অনুষ্ঠিত সব বৈঠকে নেওয়া সিদ্ধান্ত/সুপারিশ বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

মন্ত্রণালয় হতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শূন্য পদের বিপরীতে এবং ছাত্র সংখ্যার অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকসহ অন্যান্য সহায়ক জনবলের বিপরীতে পদ সৃজন ও নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে ৷

ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে যেসব বিদ্যালয়ে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই, সেসব বিদ্যালয় নির্বাচিত করে অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি পুনরায় সুপারিশ করে ৷

বৈঠকে জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক এখনও বেতন পাননি দ্রুত তাদের বেতন প্রাপ্তি নিশ্চিত করার জন্য তাগিদ দেওয়া হয়। এছাড়াও এডিপিও পদে কর্মরতদের ডিপিও পদে পদোন্নতির বিষয়ে যৌক্তিকতা নিরুপণপূর্বক যোগ্য এডিপিও পদে কর্মরতদের দ্রুত পদোন্নতি দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

কমিটির ইতোপূর্বে সুপারিশকৃত স্কুল ফিডিং প্রকল্পে পুনর্গঠিত ডিপিপিতে শিক্ষার্থীদের মাদেরকে সম্পৃক্ত করে এবং মানসম্মত খাবার নিশ্চিতকল্পে উপবৃত্তির অর্থের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ অর্থ অতিরিক্ত বরাদ্দের বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে অবহিত করার জন্য বলা হয় ৷

বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রাপ্ত সেসব শিক্ষকের মেধা দেশের অন্য কোনো উন্নয়নমূলক কাজে লাগানো যায় কিনা তা বিবেচনা করার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদপ্তরের এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সক্ষমতা বাড়ছে তিন স্থল শুল্ক স্টেশনের

51

দেশে পণ্য আমদানি-রপ্তানি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৫টি স্থল শুল্ক স্টেশন রয়েছে। পর্যাপ্ত অবকাঠামো না থাকায় এসব স্টেশন ব্যবসায়ীদের প্রয়োজনীয় সেবা দিতে পারছে না। ফলে রোধ করা যাচ্ছে না সীমান্তবর্তী এলাকার চোরাচালান।

বর্তমানে দেশে মোট ১৮১টি এলসি স্টেশন রয়েছে। এর মধ্যে ১৫টি দিয়ে আমদানি-রপ্তানি হয়। এগুলোর মধ্যে উত্তরাঞ্চলের এলসি স্টেশনগুলোর ভৌত অবকাঠামো সুবিধা নেই বললেই চলে। এসব কারণে সেখানে আমদানি-রপ্তানি আশানুরূপ হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এমন বাস্তবতার নিরিখে দেশের তিন স্থল শুল্ক স্টেশনের অবকাঠামো সুবিধা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে সরকার। ৮০ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ‘হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও গণপূর্ত অধিদপ্তর। এরই মধ্যে প্রকল্পটি একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর অনুমোদনও পেয়েছে।

রাজস্ব বোর্ড বলছে, অর্থনীতির আকার বাড়ছে। বাড়ছে দেশের আমদানি-রপ্তানি। প্রতি বছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ায় এনবিআরের কর্মকাণ্ডও বিস্তৃত হচ্ছে। এসব বিবেচনায় নিয়ে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।

সরকারি এ সংস্থাটি বলছে, চলতি বছর শুরু হয়ে প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সালের জুনে। এটি বাস্তবায়ন হলে এলসি স্টেশনগুলোতে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, রাজস্ব আদায়ও বাড়বে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, শুল্ক আদায়ে অটোমেশন ও ডিজিটালাইজেশনে গুরুত্ব দিচ্ছে এনবিআর। ভ্যাট ও ট্যাক্স আদায়ে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে ডাটা ইনটিগ্রেশন করা হচ্ছে। সক্ষমতা বাড়াতে ও কাজের অনুকূল পরিবেশ তৈরি করতে শুল্ক স্টেশনগুলোর অবকাঠামো উন্নয়নে নজর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) মাধ্যমে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ইউল্যাব কিছু সুপারিশও দিয়েছে। সেসব দিক ভেবে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। সুপারিশ অনুযায়ী, শুল্ক স্টেশনগুলোতে একটি করে অডিটোরিয়াম, মসজিদ ও টেনিস কোর্ট নির্মাণের সুপারিশ করেছে ইউল্যাব। তিনটি এলসি স্টেশনের অবকাঠামো সুবিধার পাশাপাশি পর্যাপ্ত জনবল নিশ্চিত করারও সুপারিশ করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, হিলির শুল্ক স্টেশনের জন্য দিনাজপুরের হাকিমপুর, বুড়িমারি শুল্ক স্টেশনের জন্য লালমনিরহাটের পাটগ্রাম ও বাংলাবান্ধা শুল্ক স্টেশনের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় প্রত্যেকটি স্টেশনের জন্য চার একর করে মোট ১২ একর ভূমি অধিগ্রহণ করা হবে।

এছাড়া প্রত্যেকটিতে ৭৮ হাজার বর্গফুটের প্রশাসনিক বা দাপ্তরিক ভবন নির্মাণ, ৩৪ হাজার ২৯০ বর্গফুট আবাসিক ভবন নির্মাণ, তিন হাজার ৩৬৯ বর্গফুট সিপাহি ব্যারাক ও ২৪ হাজার ৩০০ বর্গফুট ডরমেটরি ভবন নির্মাণ করা হবে।

পরিকল্পনা কমিশনে ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ বলেন, প্রকল্পটির ফলে উত্তরাঞ্চলের হিলি, বুড়িমারী ও বাংলাবান্দা স্থল শুল্ক স্টেশনের ভৌত অবকাঠামো সুবিধা বাড়বে। এতে আবগারি কর্মকাণ্ডও বাড়বে, পাশাপাশি চোরাচালান ও অবৈধ বাণিজ্য কমানো সম্ভব হবে।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জাগো নিউজকে বলেন, ‘আমরা দেখেছি, সীমান্তের ওপারে এলসি স্টেশনগুলো আধুনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন। আমাদেরও কয়েকটা আধুনিক মানের স্টেশন রয়েছে। আমরা চাচ্ছি, আমাদের সবগুলো স্টেশন আধুনিক মানের হোক।’

ভর্তি পরীক্ষার আগে খুলছে না রাবির হল

1907

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আগে আপাতত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল খুলছে না। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে হল খুলে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু শিক্ষার্থীরা হল-ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য যতটা আগ্রহ দেখাচ্ছে টিকা নেওয়ায় ব্যাপারে তেমনটা করছে না। সরকার যেহেতু আমাদের একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে সেটার আগে শিক্ষার্থীরা টিকার জন্য নিবন্ধন করুক। আমরা জানতে পেরেছি, ৫০ শতাংশের মতো শিক্ষার্থী টিকা নিয়েছে। ৭০-৮০ শতাংশ শিক্ষার্থীর টিকা না নেওয়া হলে আমরা হল- ক্যাম্পাস খুলতে পারছি না।

কবে নাগাদ হল-ক্যাম্পাস খুলে দেওয়া হবে জানতে চাইলে রাবি উপাচার্য বলেন, ৩০ সেপ্টেম্বর আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উপ-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ থেকে ৬ অক্টোবর রাবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে হল খোলা নিয়ে এখনও সিদ্ধান্ত না হওয়ায় এ সময় বিপুলসংখ্যক ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের থাকা-খাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এদিকে তীব্র আবাসন সংকট ও ভর্তি পরীক্ষা উপলক্ষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন রাবির সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এক সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে স্মারকলিপি দেন তারা।

Dhaka, BD
haze
22 ° C
22 °
22 °
64 %
0kmh
14 %
শুক্র
22 °
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °

সর্বাধিক পঠিত