17 C
Dhaka, BD
Home Blog Page 10

মান্দায় বদ্ধ ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

304

নওগাঁর মান্দায় শয়ন ঘর থেকে আকলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুল্লাবাদ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আকলিমা বেগম ওই গ্রামের মৃত নুর উদ্দিনের স্ত্রী।

নিহতের পুত্রবধূ লাইলি বেগম বলেন, আমার স্বামী আজিজুল ইসলাম ঢাকায় মাইক্রোবাস চালান। বাড়িতে আমি একাই থাকি। আমার শাশুড়ি থাকেন অন্য এক ছেলের বাড়িতে। গত বৃহস্পতিবার বাবার বাড়ি জয়পুরহাটে বেড়াতে যাওয়ার সময় বাড়িতে শাশুড়িকে রেখে যাই। এরপর সোমবার বেলা ১১টার দিকে বাড়ি ফিরে দরজা তালাবদ্ধ দেখে আশপাশের বাড়িতে তার খোঁজ করি। সন্ধান না পেয়ে সন্ধ্যার দিকে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় খাটের নিচে পড়ে আছেন।

ওসি শাহিনুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার পুত্রবধূ লাইলি বেগমকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

132

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের (সাংস্কৃতিক ঐতিহ্য) অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।

১২ সেপ্টেম্বর দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

অতিরিক্ত সচিব নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করে এবং কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও সুষ্ঠু ও সুন্দরভাবে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ দেন।

অতিরিক্ত সচিব সাবিহা পারভীন বলেন, জেলার কৃষ্টি-কালচারকে দেশ তথা বিশ্ব দরবারে পরিচিত করতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জেলার সংস্কৃতিকে বিকশিত করার লক্ষে বৃহৎ পরিসরে এই শিল্পকলা একাডেমী নির্মাণ করা হচ্ছে।এই দৃষ্টিনন্দন ভবনটি সম্পন্ন হলে জেলার সংস্কৃতি আরও বিকশিত হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব মো: সায়েদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সভাপতি আবদুর রশীদ চৌধুরী, আশরাফ উদ্দিন নজু, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রবি, শাহীন সরকার, জেলা কালচারাল অফিসার সুজন রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ শিল্পকলা একাডেমী ২০১৭ সালের জুলাই মাসে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঢাকার পরেই কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অবস্থান হবে।

যেখান থাকছে ৩টি অত্যাধুনিক অডিটোরিয়াম। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিক্স অডিটোরিয়াম, মাল্টিপারপাস অডিটোরিয়াম এবং এরিনা মঞ্চ। এক একর জায়গার ওপর নির্মিত হবে এই কমপ্লেক্স ভবন। বাংলাদেশের মধ্যে এটিই হবে সেরা অত্যাধুনিক কমপ্লেক্স শিল্পকলা একাডেমী ভবন।

নতুন সংসারে ২ সন্তানের মা হলেন মাহি!

59

বিচ্ছেদের ৬ মাসে পার হওয়ার আগেই নতুন সংসার শুরু করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার (১৩ সেপ্টেম্বর) সাবেক ছাত্রলীগ নেতা ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে নতুন সংসার শুরু করেছেন তিনি।

মাহি ও রাকিব দু’জনেরই দ্বিতীয় বিয়ে এটি। তবে মাহির আগের ঘরে কোনো সন্তান না থাকলেও রাকিবের রয়েছে দুইটি সন্তান। আর সব জেনেই নাকি নতুন সংসারে এই সন্তানদের দায়িত্ব মাহি নিজেই নিয়েছেন।

জানা যায়, মাহির সদ্য বিবাহিত স্বামী রাকিবের প্রথম সংসারের দুই সন্তান সোয়াইব ও সাইয়ারা। তবে মাহির বর্তমান স্বামীর সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়েছে কিনা সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এদিকে মাহি ও রাকিবের বিয়েতে শুভ কামনা জানিয়েছেন মাহির সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। তিনি বলেন, ‘মাহির নতুন জীবনের জন্য শুভ কামনা। মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। সবকিছু জেনেই মাহি বিয়ে করেছেন। বর্তমানে আগের ঘরের সন্তানদের সঙ্গেই আছেন মাহি। ’

সিলেটে কমেছে করোনায় আক্রান্ত-মৃত্যু

55

করোনায় সিলেটে অনেকটা হলেও স্বস্তি ফিরে এসেছে। দিনে দিনে কমছে আক্রান্ত ও মৃত্যুর হার।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩ জন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ সময়ে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে কেউ মারা যাননি। আর করোনা আক্রান্ত ৬৩ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলার ১৮ জন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ১০ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৩০ জনের।

সোমবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৮২৭ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৭ জন এবং মৌলভীবাজারের ৭২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ১১২ জন মারা গেছেন।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৯৮৯ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৫৮১ জন।

হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৪ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জে নয়জন, হবিগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে ছয়জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ১১২ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৩৩ জন। উপসর্গ নিয়ে ৭৩ জন এবং আইসিইউতে রয়েছেন ছয়জন।

স্বাস্থ্যের ড্রাইভার মালেকের অস্ত্র মামলার রায় ২০ সেপ্টেম্বর

190

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের (৬৩) বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার রায় ঘোষণার জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রবিউল আলম রায়ের জন্য এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার এবং আসামিপক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।

মামলাটি ঢাকার এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে বিচারাধীন ছিল। গত ৬ সেপ্টেম্বর মামলার অবশিষ্ট অংশ বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।

গত ৫ সেপ্টেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলাটিতে ১৩ জন সাক্ষীর মধ্যে ১৩ জনেরই সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত ৯ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান আব্দুল মালেক।

গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই মেহেদী হাসান চৌধুরী মালেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১১ মার্চ আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেপ্তার করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১ এর পরিদর্শক (শহর ও যান) আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করেন।

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীবসহ চার ভাই ৭ দিনের রিমান্ডে

323

পিরোজপুরে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার ৪ ভাইয়ের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ম. মহিউদ্দিন আসামিদের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম ডি নুরুল ইসলাম সরদার শাহজাহানসহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান (৪১) ও তার সহযোগী মো. আবুল বাশার খানকে (৩৭) গ্রেপ্তার করে র‍্যাব। এর আগে ওইদিন বিকেলে সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল বাশারকে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা পুলিশ।

জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাদী পক্ষের আইনজীবী এমডি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, সারাদেশে প্রতারণা করে রাগিবের পরিবার ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এ কারণে ক্ষতিগ্রস্তদের পক্ষে আইনি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পিরোজপুরের আইনজীবীরা।

তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মনিরুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ম. মহিউদ্দিনের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

৬৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন মেয়র আইভী

98

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়। বর্তমান পরিষদে এটাই মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর শেষ বাজেট ঘোষণা। কারণ চলতি বছরেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা আয় এবং ৬৭৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৪০ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ১০ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬ টাকা উদ্বৃত্ত থাকবে। অবকাঠামোগত উন্নয়ন যথা-রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধুলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, সড়কবাতি স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

নাসিকের হিসাবরক্ষণ বিভাগ জানায়, করোনার কারণে রাজস্ব আদায় কমে এসেছে। ট্যাক্স আদায়ে চাপ দেয়া যাচ্ছে না। হাট-বাজারের ইজারা থেকে আয়ও কমে গিয়েছে। নতুন কোনো প্রকল্প নেয়া যাচ্ছে না। যেসব প্রকল্প পাস হয়েছে তারও কাজ শুরু হতে এই অর্থবছর পেরিয়ে যাবে। ফলে বাজেটের পরিমাণ কমে এসেছে।

মেয়র আইভী বলেন, সকল প্রকার সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে৷ এ বাজেটে নতুন কোনো কর আরোপ বা কর বৃদ্ধি করা হয়নি।

তিনি আরও বলেন, করোনার কারণে গত বছরের মতো এই বছরও বাজেটের পরিমাণ কমে এসেছে। গত বছরের তুলনায় প্রায় ৬৭ কোটি টাকা কম বাজেট ঘোষণা হবে এবার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভাসহ কাউন্সিলররা।

উল্লেখ্য, গত ২০২০-২১ অর্থ বছরে মোট ৭৫৫ কোটি ৭৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মাস্ক না পরায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

251

মাস্ক না পরার অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে জরিমানা করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করেন। ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্কবিহীন অবস্থায় তার একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। এ অভিযোগের ভিত্তিতে জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তাকে জরিমানা করা হয়।

টনি অ্যাবট বলেন, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না।’

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, মাস্ক না পরেই টনি অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন। এর আগে মাস্ক না পরার কারণে দেশটির উপপ্রধানমন্ত্রীকেও জরিমানা করা হয়েছিল।

কঠোর লকডাউনের মধ্যেও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ বেড়েই চলেছে। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) এই রাজ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ২৬২ জনের। শুরু থেকে এ পর্যন্ত ৪৩ হাজার ৪৩৬ জন সংক্রমিত এবং বর্তমানে ১৫ হাজার ৭৯৮ জন সংক্রমিত অবস্থায় রয়েছেন।

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা

22

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তরপশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূল এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েচে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিঃ মিঃ, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এজন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম ও এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক সময়ের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে যশোরে ৫৩ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিয়ার গ্রিলসের অতিথি হচ্ছেন অজয় দেবগন

142

বিশ্বজুড়ে জনপ্রিয় সার্ভাইভাল অভিযাত্রী বিয়ার গ্রিলসের ‘ইনটু দ্য ওয়াইল্ড’ শো’র বিশেষ পর্বে অতিথি হয়ে এবার হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। জঙ্গলে দুর্ধর্ষ অভিযানে বিয়ারের সঙ্গী হয়ে টিভি পর্দায় আসছেন এই তারকা।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত ও বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে গ্রিলসের সঙ্গে জঙ্গল অভিযানে অংশ নিতে দেখা গেছে। এবার ‘ইনটু দ্য ওয়াইল্ড’ শো’তে চ্যালেঞ্জ মোকাবিলা করতে মালদ্বীপে অ্যাডভেঞ্চারে যাবেন ‘তানহাজি’খ্যাত অভিনেতা।

ডিসকভারি চ্যানেলের বিশ্বখ্যাত জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’র দুর্ধর্ষ অভিযাত্রী বিয়ার গ্রিলস। প্রতিকূল পরিস্থিতিতে অস্তিত্ব টিকিয়ে রাখার ভয়াবহ সংগ্রামে পৃথিবীর সবচেয়ে সিদ্ধহস্ত মানুষটা হলেন এই ব্রিটিশ তারকা। ২০১১ সালেই ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’র ধারাবাহিক পর্ব নির্মাণ বন্ধ হয়ে গিয়েছে। এখন টিভিতে শুধুমাত্র পুরনো পর্বগুলোই পুনরায় প্রদর্শিত হয়।

অজয়কে সবশেষ ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায় দেখা গেছে। এছাড়া বর্তমানে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’, ‘ময়দান’ ও ‘মে ডে’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। খুব শিগগিরই ‘রুদ্র’ নামের একটি ওয়েব সিরিজে তার অভিষেক ঘটতে যাচ্ছে।

Dhaka, BD
mist
17 ° C
17 °
17 °
88 %
0kmh
40 %
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
27 °

সর্বাধিক পঠিত