24 C
Dhaka, BD
Home Blog Page 855

ইউএস-বাংলা উড়োজাহাজে ত্রুটি ছিল না, সুস্থ ছিলেন ক্যাপ্টেন আবিদ

3

নিজস্ব প্রতিবেদক : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ ফ্লাইটের উড়োজাহাজে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। এছাড়া পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের সিইও ইমরান আসিফ।


তিনি বলেন, ‘নেপাল ও বাংলাদেশ সিভিল এভিয়েশন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত প্লেনটিতে কোনো টেকনিক্যাল ত্রুটি ছিল না। ইউএস-বাংলার নিজস্ব প্রতিবেদনেও কোনো কারিগরি ত্রুটি ছিল না বলে প্রতিয়মান হয়। এছাড়া ক্যাপ্টেন আবিদ সুলতান শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। তার অবসাদগ্রস্ত হওয়া কিংবা জোর করে পাঠানোর বিষয়টি অবান্তর।’

স্ট্রোক-এ সহায়তা করবে গলায় বসানো সেন্সর

0

ছবি-নর্থওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং
অনুসন্ধান নিউজ ডেস্ক : স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির কথা বলা আর খাবার গলঃধকরণের সক্ষমতা থেকে আক্রান্ত হওয়ার পর ব্যক্তি কতোটা ভালোভাবে মানিয়ে নিচ্ছেন তা অনেকটা বোঝা যায়। কিন্তু এই বিষয়টি মাপা কঠিন। এক্ষেত্রে মাইক্রোফোনগুলো প্রায়ই রোগীর আর আশপাশের শব্দের মধ্যে পার্থক্য করতে পারে না। এ বিষয়টি মাথায় আনা হয়েছে নতুন এক সেন্সর, এমনটাই বলা হয়েছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি-এর বিজ্ঞানীরা গলায় পরিধেয় নতুন এই সেন্সর এনেছেন। কেউ নির্বাক হয়ে গেলে এই সেন্সর তা শনাক্ত ও চিকিৎসায় সহায়তা করবে। স্নায়বিক আঘাত বা স্ট্রোকের কারণে বাকশক্তি হারিয়ে ফেলার সমস্যাকে বাকরোধ বা অ্যাফেসিয়া বলা হয়। তারবিহীন এই ডিভাইসটি আক্রান্ত ব্যক্তির কণ্ঠের কম্পন শনাক্ত করে। এর মাধ্যমে ব্যক্তি স্বাভাবিক হয়েছেন কিনা আর চিকিৎসকের কাছে উচিৎ কিনা তা যাচাই করবে।

প্রযুক্তি সাইটটি বলেছে, এই সেন্সর একটি মাইক্রোফোনের তুলনায় শুধু সঠিকই নয় বরং তুলনামূলকভাবে আরও আরামদায়ক এবং এটি বেশিদিন টিকবে। এতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যার ফলে গলার ত্বক ভাঁজ হলেও বিরক্ত লাগবে না।

এই সেন্সর কাউকে পুরোপুরি সুস্থ করে দেবে না, কিন্তু এটি আক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার প্রক্রিয়া দ্রুত করবে বলেই উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইটটির প্রতিবেদনে।

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রীর মৃত্যু

690

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ : প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক আনোয়ারা বেগম মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আনোয়ারা বেগম (৮৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার সাবেক অধ্যাপক এবং বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন।

তার ব্যক্তিগত সহকারী মোতাহের হোসেন জানান, তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে গত ১৪ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

রাতেই তাকে গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে জানিয়ে মোতাহের বলেন, রোববার সকাল ১০টায় তার শেষ কর্মস্থল ঢাকার উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বানানী কবরস্থানে দাফন করা হবে।

এই শিক্ষাবীদের মৃত্যুর খবরে তার শ্বশুরবাড়ি মুন্সীগঞ্জে এবং নিজবাড়ি নরসিংদীতে শোকের ছায়া নেমে আসে।

চীনে নদীতে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

0

অনুসন্ধান নিউজ ডেস্ক : চীনের একটি নদীতে নৌকা বাইচের জন্য অনুশীলন করার সময় দুটি নৌকা উল্টে গিয়ে ১৭ জন ডুবে মারা গেছেন।

শনিবার চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের গুইলিন শহরের নিকটবর্তী একটি নদীতে ঘটনাটি ঘটেছে বলে রোববার জানিয়েছে সিনহুয়া।

টেলিভিশনে সম্প্রচারিত ছবির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ড্রাগন বোট নামে পরিচিত একটি লম্বা, সরু নৌকা নদীর একটি প্রসারিত অংশে আসার পর সেটি উল্টে যায়।

নদীর ওই অংশটিতে প্রবল স্রোত ছিল বলে ধারণা করা হচ্ছে।

লোক ভর্তি আরেকটি ড্রাগন নৌকা ঘটনাস্থলে আসার পর সেটিও উল্টে যায়, সম্প্রচারিত ছবিগুলোতে এমনটিই দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

সিনহুয়া জানিয়েছে, দুই নৌকার ৫৭ জন আরোহী পানিতে পড়ে যায় এবং তাদের উদ্ধারে ২০০ জন উদ্ধারকর্মী পাঠানো হয়। গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত ছিল বলে জানা গেছে।

শেষ পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে এবং কতজন নিখোঁজ রয়েছেন, প্রকাশিত প্রতিবেদনগুলোতে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

সিসিটিভির খবরে বলা হয়েছে, যেখানে নদীর দুটি ধারা মিলিত হয়ে প্রবল স্রোত তৈরি করেছে সেখানে দুর্ঘটনাটি ঘটেছে।

যারা পানিতে পড়ে গেছেন তাদের অধিকাংশেরই লাইফ জ্যাকেট ছিল না বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

দুর্ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

এশিয়ার বিভিন্ন এলাকায় ড্রাগন নৌকার প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। ড্রাগন নৌকার উৎসবের দিনটি ঐতিহ্যগতভাবেই চীনের একটি ছুটির দিন। চলতি বছরের ১৮ জুন উৎসবটি হওয়ার কথা রয়েছে।

ধর্ষণের মামলার পর আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

1

অনুসন্ধান নিউজ ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সেই মামলার আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শনিবার রাত আড়াইটার দিকে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে কলারোয়ার ওসি বিপ্লব কুমার নাথের ভাষ্য।

নিহত সোহাগ সরদার (২৬) কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সামছুর সরদারের ছেলে। তার বিরুদ্ধে শনিবার রাতেই ধর্ষণের অভিযোগে একটি মামলা হয় কলারোয়া থানায়।

সেখানে অভিযোগ করা হয়, শনিবার বিকালে ওই গ্রামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করেছেন সোহাগ। মামলা হওয়ার পর পুলিশ আসামি ধরতে অভিযানে নামে বলে জানান ওসি।

তিনি বলেন, “রাত আড়াইটার দিকে পুলিশ হিজলদি গ্রামের এক মাঠে এক যুবককে চ্যালেঞ্জ করলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায় । দুই পক্ষের গোলাগুলির পর ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

পুলিশ তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ওই যুবককে সোহাগ সরদার হিসাবে শনাক্ত করা হয় বলে জানান ওসি।

তিনি বলছেন, রাতের ওই অভিযানে পুলিশের এএসআই আহসান ও এএসআই সাগর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বাংলাদেশ সফরে আসছে ভারত

0

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত নিদাহাস ট্রফি খেলতে গিয়েছিল সাকিব-তামিমরা। এবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতি সম্মান জানাতে বাংলাদেশ সফরে আসছে ভারত ক্রিকেট দল। তবে ধোনি-কোহলিরা নয়, এ সফরে আসবে শারিরীক প্রতিবন্ধী ক্রিকেটারদের গঠিত দল।

দুই দেশের শারিরীক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া মাঠে যথাক্রমে ২২, ২৩ ও ২৪ এপ্রিল। তিন ম্যাচই অনুষ্ঠিত হবে সকাল দশটায়।

দু’দলের মধ্যকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া মাঠে যথাক্রমে ২২, ২৩ ও ২৪ এপ্রিল। তিন ম্যাচই শুরু হবে সকাল দশটায়। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠন অ্যাশোসিয়েশন ফর রির্সাচ ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস ইমপ্লিমেন্টেশন ফর ডিসঅ্যাবিলিটিস (আরদ্রিদ) এ সিরিজটি আয়োজন করছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ান ক্রিকেট ফেডারেশন ফর দ্যা ডিসঅ্যাবলড (আইসিএফডি) ও আরদ্রিদের মধ্যকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে প্রতিবছর বাংলাদেশ স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে শারীরিকভাবে পিছিয়ে থাকা ভারতীয় দল বাংলাদেশে আসবে এবং ঠিক একইভাবে শারিরিকভাবে পিছিয়ে থাকা বাংলাদেশ দল যাবে ভারতে তাদের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে।

নয়া দিল্লির উদ্দেশে আওয়ামী লীগের প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ

0

নিজস্ব প্রতিবেদক : তিন দিনের সফরে ভারতের রাজধানী নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল। রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে যোগ দিতে যাওয়া প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রতিনিধি দলে আরও রয়েছেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মো. মিজবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নির্বাহী সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।


নয়া দিল্লিতে আজ রাতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে নৈশভোজ অংশ নেবেন তারা। পরের দিন ২৩ এপ্রিল সকালে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পার্লামেন্ট অধিবেশন পরিদর্শন করবে প্রতিনিধি দলটি। পরে ভারতীয় জনতা পার্টির নেতা এম জে আকবরের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা। ওই দিন বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে নৈশভোজে অংশে নেবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। এই প্রতিনিধি দল মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করবেন।

তিন দিনের এই সফর শেষে আগামী ২৪ এপ্রিল ঢাকার উদ্দেশে নয়া দিল্লি ত্যাগ করবে প্রতিনিধি দলটি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির দুই নেতা

0

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সুচিকিৎসা’ নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির দুই নেতা।

রোববার বেলা ১১টা ২৮ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করছে না সরকার- এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এজন্য স্কয়ার বা বিশেষায়িত কোনো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা করার দাবিও জানিয়েছে দলটির নেতারা। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কারাবিধি মেনে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সুস্থ আছেন।

জানা গেছে, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে রোববার কারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলটির জ্যেষ্ঠ নেতারা কারা কর্তৃপক্ষের কাছে এ আবেদন করবেন। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেন।

এর আগে গত ২৭ মার্চ বিএনপির তিন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। তখন তারা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতিসহ বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা চেয়েছিলেন।

সেভিয়াকে বিধ্বস্ত করে ৩০তম শিরোপা জিতলো বার্সা

0

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে মানসিকভাবে কিছুটা পিছিয়েই ছিল বার্সেলোনা। রোমার কাছে সেই হারের প্রতিশোধ ভুলতে মৌসুমের প্রথম ট্রফি জিততে মুখিয়ে ছিল ভালভার্দের দল। শক্তিশালী সেভিয়াকে মাটিতে নামিয়ে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে কোপা দেল রে’র ৩০ তম শিরোপা জিতলো বার্সেলোনা। যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিক বিলবাওর কোপা দেল রে শিরোপার সংখ্যা ২৩টি। প্রথম দল হিসেবে টানা চারবছর কোপা দেল রে’র শিরোপা জিতলো মেসিরা।

মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ইনিয়েস্তা। মূলত তার বার্সেলোনার ক্যারিয়ারের শেষটা আরো বর্ণালি করে রাঙিয়ে দিতে বার্সেলোনার খেলোয়াড়রা ছিল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় বার্সা। ১৪ মিনিটে সুয়ারেজের অসাধারণ গোলে ১-০ গোলে এগিয়ে যায় ভালভার্দের দল। বার্সা গোলকিপার সিলেসিনের কাছ থেকে পাওয়া লং পাস থেকে কৌতিনহো বল পেয়ে ক্ষিপ্রতার সহিত আক্রমণে গিয়ে ডান পাশ থেকে সুয়ারেজের কাছে বল গেলে সেটিকে গোলে পরিণত করেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।

ম্যাচের ১৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সেভিয়া কিন্তু নাভাসের বাড়ানো বলে বার্সার রক্ষণভাগে চারজন সেভিয়া ফুটবলার থাকলেও একজনও তাতে সঠিকভাবে পা ছোঁয়াতে পারেন নি। ২৮ মিনিটে ইনিয়েস্তার দুর্দান্ত শট গোলবারে লেগে ফিরে আসলে শেষ ফাইনালের মঞ্চে গোলবঞ্চিত হন এই স্প্যানিশ মিডফিল্ডার। এর ঠিক ৩ মিনিট পরেই বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে দেন আর্জেন্টাইন যাদুকর মেসি। সমন্বিত এক আক্রমণ থেকে জর্দি আলবার বুদ্ধিদীপ্ত ব্যাকহিল থেকে ৫ম বারের মত কোপা দেল রে’র ফাইনালে গোল করেন মেসি। কোপার ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে ৫টি ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন তিনি। এর আগে অ্যাথলেটিক বিলবাওর তেলমো জারা পাঁচটি কোপা ফাইনালে গোল করেছিলেন।

গোলে এগিয়ে থেকেও আক্রমণ চালিয়ে যায় বার্সা। তাদের আক্রমণের সামনে সেভিয়া গোলকিপারকে একদম অসহায় লাগছিল একটা পর্যায়ে। ৪০ মিনিটে মেসির কাছ বল পেয়ে সেটিকে গোলে রূপান্তর করে বার্সার জার্সি গায়ে ১৫০তম গোলটি করেন লুইস সুয়ারেজ। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা।

বিরতি থেকে ফিরেও চলে বার্সেলোনার ফুটবলারদের আধিপত্য। ৫২ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত শটে নিজের শেষ ফাইনালে গোল করে ফাইনালটিকে স্মরণীয় করে রাখেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৬৯ মিনিটে সেভিয়ার রক্ষণভাগে তাদেরই ফুটবলার ল্যাংলেটের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে বার্সার জার্সিতে প্রথম ফাইনালেই গোল করেন লিভারপুল থেকে খেলতে আসা ব্রাজিলিয়ান ফিলিপ কৌতিনহো। ৫ গোলের ব্যবধানে কোপা ফাইনালে বড় জয় শেষবার দেখা গিয়েছিল ১৯৮০ সালে। সেবার রিয়াল মাদ্রিদ তাদের দ্বিতীয় দল কাস্তিয়াকে ৬-১ গোলে হারিয়েছিল। এই জয়ের ফলে শেষ দশবছরে ছয়বারই কোপার শিরোপা জিতলো বার্সেলোনা।

কারিনার সঙ্গে সিদ্ধার্থের রোমান্স

0

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জুটি হতে চলেছেন কারিনা কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নাম ঠিক না হওয়া একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিটিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে পতৌদি নবাবের পুত্রবধূ কারিনা কাপুরকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কারিনা-সিদ্ধার্থ ছাড়াও সিনেমাটিতে আরো একটি জুটি থাকবে। তবে বাকি অভিনয়শিল্পী কারা হবেন তা এখনো চূড়ান্ত করেননি নির্মাতারা। সিনেমাটি পরিচালনা করবেন ধড়ক সিনেমায় শশাঙ্ক খাইতানের সহকারী পরিচালক রাজ মেহতা। এর মাধ্যমে পরিচালক হিসেবে তার পথচলাটাও শুরু হবে।

এদিকে বর্তমানে ‘বীরে ডি ওয়েডিং’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে কারিনা। যদিও এর আগে ‘কি অ্যান্ড কা’ সিনেমায় তার চেয়ে কম বয়সি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন কারিনা। এবার সে তালিকায় যুক্ত হচ্ছেন সিদ্ধার্থ।

Dhaka, BD
haze
24 ° C
24 °
24 °
53 %
0kmh
0 %
শুক্র
24 °
শনি
26 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °

সর্বাধিক পঠিত