24 C
Dhaka, BD
Home Blog Page 856

কলকাতায় বাংলা ইতিহাস ও সাহিত্য শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

0

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ভাষা, অনুবাদ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ বাংলাদেশ- যৌথভাবে একটি আর্ন্তজাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কলকাতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘আবুল মনসুর আহমদ ও সমকালীন বাংলা-ইতিহাস ও সাহিত্য’ শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে দুই বাংলার বিশিষ্টজনরা কলকাতায় মিলিত হন। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন ও আবুল মনসুর আহমেদ-এর পুত্র ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাধন চক্রবর্তী এবং নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভঙ্কর সরকার।

অনুষ্ঠানে আলোচনার প্রথম পর্বের উদ্বোধন করেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক ড. সেলিনা হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী। এছাড়াও মাহফুজ আনামও উপস্থিত ছিলেন সেমিনারে।

অনুষ্ঠানের প্রথমপর্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. চেঙ্গীশ খান দেশভাগ, হিন্দু-মুসলমান বিরোধ ও আবুল মনসুর আহমদের ব্যঙ্গরচনা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। “সমকালীন পূর্ববঙ্গ ও আবুল মনসুর আহমদের কথাসাহিত্য” শীর্ষক আরেকটি প্রবন্ধ যৌথভাবে পাঠ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বরেন্দু মন্ডল ও কলকাতা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক স্নেহাষিশ শূর।

এ পর্বের প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করেন সাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের ‘আবুল মনসুর ও বাঙালি মুসলিম মানসের ক্রমবিবর্তন (১৯৪০-১৯৭০)’ শীর্ষক প্রবন্ধের পাঠ করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রাজর্ষি চক্রবর্তী। এ পর্বেই ‘আবুল মনসুর আহমদের খোজে; বুদ্ধদেব বসুর সাথে তর্কের সূত্র ধরে’ শীর্ষক আরও একটি প্রবন্ধ যৌথভাবে পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ আজম ও আবুল মনসুর আহমদ স্মারক গ্রন্থের সম্পাদক ইমরান মাহফুজ। আলোচনায় অংশ নেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হাবিব আর রহমান। দ্বিতীয় পর্বের প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করেন অধ্যাপক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ দত্ত।

অনুষ্ঠানে ধন্যবাদ দিয়ে বক্তব্য রাখেন আবুল মনসুর আহমদের পুত্র ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

বিশিষ্ট সাংবাদিক অংশুমান শূর বলেন, ‘রাজনীতি, সাহিত্য এবং সাংবাদিকতার তৃধারা যুক্ত মানুষ ছিলেন আব্দুল মনসুর আহমদ। প্রথমে তার সাহিত্যিক হওয়ার স্বপ্ন, এরপর সাংবাদিক এবং তার রাজনৈতিক জীবন। তিনটি ধারার বহমান হওয়া বর্ণময় জীবনের অধিকারী ছিলেন তিনি।’

সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘২০১৮ সালে আমি বলবো, আবুল মনসুর আহমদ কৈশরে এতো গভীরভাবে ভেবেছিলেন যে, সেই চেতনাকে ধারণ করেই যেমন তিনি বিস্তৃত করেছেন নিজের পরিসর; বিস্তৃতি করেছেন বাঙালি সামাজিক চেতনা বোধের জায়গা, বিস্তৃত করেছেন বাংলা সাহিত্যিকে, বাঙালি মুসলমানের জীবনের পটভূমি চরিত সাহিত্যকে।’

সেমিনারে আবুল মনসুর আহমদের ওপর নির্মিত একটি ১৫ মিনিটের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

গেইলকে টপকে আবারও অরেঞ্জ ক্যাপ কোহলির

1

স্পোর্টস ডেস্ক : ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে দিল্লির বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচে রান পেয়েছেন অধিনায়ক কোহলিও। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩০ রান। আর এতেই গেইলকে টপকে আবারও অরেঞ্জ ক্যাপটি নিজের করে নিয়েছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাককের নাম হালনাগাদ করা হয়। কলকাতার বিপক্ষে শনিবার দিনের প্রথম ম্যাচে দ্বিতীয় হাফ সেঞ্চুরির দেখা পান গেইল। কোহলিকে টপকে অরেঞ্জ ক্যাপটি নিজের দখলে নিয়ে নেন ক্যারিবিয়ান এই তারকা।

তবে পরের ম্যাচে কোহলির সামনে সুযোগ ছিল গেইলকে টপকে আবারও অরেঞ্জ ক্যাপ নিজের করে নেয়ার। আর এর জন্য করতে হত ২৮ রান। তবে দলের জয়ের দিনে কোহলির ব্যাট থেকে আসলো ৩০ রান। আর এতেই গেইলকে টপকে গেলেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। গেইলের ব্যাট থেকে ২২৯ রান এসেছে মাত্র তিন ম্যাচে। এক সেঞ্চুরি আর দুই হাফ সেঞ্চুরিতে এই রান করেছেন বাঁ-হাতি এই ওপেনার। আর পাঁচ ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে কোহলির রান ২৩১।

এদিকে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে রান সংগ্রহকের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ব্যাঙ্গালুরুর হার্ডহিটার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সও। ২১২ রান নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছেন এই তারকা। এছাড়া ২২৩ রান নিয়ে তিনে আছে দিল্লির রিশভ পান্ত আর চারে আছেন পাঞ্জাবের লোকেশ রাহুল।

নেপালের নিয়ম রক্ষার প্রতিবেদনে বিধ্বস্তের কারণের ‘ক’ও নেই

169

ছবি-ফাইল

নিজস্ব প্রতিবেদক : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ ফ্লাইট বিধ্বস্তের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির ‘এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিশন’। সম্প্রতি নেপালের মিনিস্ট্রি অব ট্যুরিজম অ্যান্ড কালচারের ওয়েবসাইটে প্রাথমিক তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তবে বিশেষজ্ঞদের মতে, রিপোর্টটি ছিল সম্পূর্ণ নিয়ম রক্ষার জন্য। এতে বিমান বিধ্বস্তের কারণের ‘ক’ও উঠে আসেনি।

প্রতিবেদনটি বিশ্লেষণ করা দেখা গেছে, আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী যেকোনো বিমান দুর্ঘটনার এক মাসের মাথায় একটা প্রাথমিক প্রতিবেদন দিতে হয়, এই নিয়ম রক্ষার্থে প্রতিবেদনটি দেয়া হয়েছে। এতে উল্লেখযোগ্য কিছুই লেখা হয়নি, এমনকি দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে ধারণাও দেয়া হয়নি। প্রতিবেদনের কয়েকটি অংশ বেঁচে যাওয়া যাত্রীদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী,বিমানটি বিধ্বস্তের সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। তদন্ত অনুযায়ী উদ্ধারকর্মীরা ঘটনার দুই মিনিটের মধ্যে এসে ৪টি বড় ফোম টেন্ডার, ১টি মাঝারি সাইজের ফোম টেন্ডার ও দুই টাংকি পানি ব্যবহার করে।’

তবে জাগো নিউজের সঙ্গে আলাপকালে ইউএস-বাংলার ফ্লাইটে বেঁচে যাওয়া যাত্রী সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা বলেন, ‘ফায়ার সার্ভিস যেসব উদ্ধারকর্মী ছিলেন, তাদের দেখে মোটেও অভিজ্ঞ মনে হয়নি। তাদের কেউ ভেতরে যাওয়ার চেষ্টা করছিল না, দূর থেকে আগুন নেভাচ্ছিল। কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না। ব্লাস্টের শব্দ শুনেই সবাই পেছনে দৌড়ে পালাচ্ছিল।’

দুর্ঘটনা কবলিত উড়োজাহাজে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যাওয়া যাত্রী কাঠমান্ডুস্থ ‘লাকি ট্রাভেলস’ এর মালিক সনম সাথিয়া। এই যাত্রী বলেন, ‘দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস পৌঁছায়নি। তারা আসতে অনেক বিলম্ব করেছে। আগুন নিভাতেও অনেক সময় নিয়েছে। তাদের বিলম্ব না হলে আরও যাত্রীদের বাঁচানো সম্ভব হতো।’

উদ্ধার তৎপরতা নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক রাজ কুমার ছেত্রি কাছে দাবি করেন, ‘উড়োজাহাজ বিধ্বস্তের স্পট থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ২০০ মিটারের দূরত্বে ছিল। টাওয়ারে প্লেন ক্র্যাশের সংবাদ শোনার দুই মিনিটের মাথায় পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। প্লেনের আগুন তীব্র ছিল। পাঁচ মিনিটের মধ্যে প্লেনের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। ফায়ার ফাইটার, সেনাবাহিনী, পুলিশ- সবাই ভালোভাবে কাজ করেছেন। পত্রিকায় পড়লাম, একজন বাংলাদেশি যাত্রীও উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন।’

প্রতিবেদনে ‘কমিউনিকেশনস’ অংশে বলা হয়েছে, ‘দুপুর ২টা ১৭ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত ককপিট ও টাওয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ছিল কিন্তু এরপর থেকে ২টা ১৮ মিনিট ৪৫ সেকন্ড পর্যন্ত টাওয়ার আর ককপিটের মধ্যে কোনো কার্যকর যোগাযোগ ছিল না।’

এই অংশটুকুর সমালোচনা করে বাংলাদেশের একাধিক পাইলট জানান, সাধারণত টাওয়ার থেকে বিমান অবতরণের চূড়ান্ত অনুমতি পাওয়ার পর টাওয়ারের সঙ্গে তেমন যোগাযোগ হয় না। তবে যদি পাইলট কিংবা টাওয়ার জরুরি মনে করে তবে তারা যোগাযোগ করতে পারে।

ইউএস-বাংলার বিমানটির এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার থেকে কমপক্ষে তিনজন কথা বলেছিল। জানা গেছে, তারা সবাই অন-জব ট্রেনিংয়ে (ওজেটি) দায়িত্ব পালন করছেন। প্রাথমিক প্রতিবেদনে তাদের বক্তব্য কিংবা ভূমিকা সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি।

তদন্তের অগ্রগতির বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্সসহ গুরুত্বপূর্ণ সব সরঞ্জাম বিচার বিশ্লেষণের জন্য কানাডার ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের কাছে পাঠানো হয়েছে’ -এই তথ্য গত ১৫ দিন আগ থেকেই সবার জানা। এছাড়াও রিপোর্টটিতে প্লেনের পাইলট ক্যাপ্টেইন আবিদ সুলতানসহ অন্যান্যদের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। ইউএস-বাংলা এয়ারলাইন্স দাবি করেছে, আবিদের মরদেহ সম্পূর্ণ অক্ষত ছিল। আবিদের মৃত্যুর কারণ জানে না তারা।

এভিয়েশন বিশেষজ্ঞ ইশতিয়াক হুসাইন বলেন, ‘রিপোর্টে যেসব তথ্য তুলে ধরা হয়েছে সেগুলো অনেক আগেই বিভিন্ন গণমাধ্যমে চলে এসেছে। তদন্ত কমিশন চাইলে প্রাথমিক রিপোর্টে কিছু বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে পারতো। রিপোর্টটি পড়ে মনে হয়েছে- নেপাল কর্তৃপক্ষ এখনই গভীরে যাওয়ার চেষ্টা করেনি। এখন সারাবিশ্ব বিধ্বস্তের কারণ জানতে উন্মুখ হয়ে আছে। এক বছর পর অনেকেরই এমন আগ্রহ থাকবে না। সে কারণেই হয়তো এমন রিপোর্ট তৈরি করা হয়েছে।’

তবে প্রাথমিক রিপোর্টটি ওয়েবসাইটে সারা পৃথিবীর মানুষের জন্য পাবলিক করে দেয়ার বিষয়টি ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি।

প্রতিবেদনটি সম্পর্কে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের উপ-পরিচালক উইং কমান্ডার চৌধুরী জিয়াউল কবির বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে বিমানটি কীভাবে আছড়ে পড়েছে সেই ঘটনা বলা হয়েছে। এখানে যা বলা হয়েছে মুল প্রতিবেদনে তার উল্টোও হতে পারে। সিভিল এভিয়েশন চাইলে চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আপত্তি জানাতে পারে, সেই সুযোগ আছে।’

প্রসঙ্গত, গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। চার ক্রু ও ৬৭ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। বাকিদের উদ্ধার করে নেপালের কাঠমান্ডু মেডিকেল কলেজ (কেএমসি) হাসপাতাল, নরভিক হাসপাতাল, গ্রান্ডে হাসপাতাল, ওম হাসপাতাল ও মেডিসিটিতে ভর্তি করা হয়।

বিমানটিতে মোট ৬৭ যাত্রীর মধ্যে বাংলাদেশি ৩২ জন, নেপালি ৩৩ জন, একজন মালদ্বীপের ও একজন চীনের নাগরিক ছিলেন। তাদের মধ্যে পুরুষ যাত্রীর সংখ্যা ছিল ৩৭, মহিলা ২৮ ও দু’জন শিশু ছিল। আর চার ক্রু’র সবাই বাংলাদেশি।

অপেক্ষায় ছোট্ট রোমান, মা মর্গে

998

নিজস্ব প্রতিবেদক : মাসুদা আক্তার (৩৫) ইস্কাটনের এসপিআরসি হাসপাতালের সিনিয়র নার্স। দিনে ৮ ঘণ্টা ডিউটি করেন। রাতে স্বামী-সন্তানকে সময় দেন। প্রতিদিন মায়ের জন্য বাসায় অপেক্ষা করে ছোট রোমান। মা আসলে মা’র কাছে পড়াশোনা করে, খেলাধুলা করে, একসঙ্গে ঘুমায়।

শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় ঘাতক ট্রাক চাপায় প্রাণ হারান মাসুদা। কিন্তু মায়ের মৃত্যু এখনও টের পায়নি একমাত্র ছেলে আবদুল্লাহ আল রোমান। ‘হাসপাতাল থেকে মা ফিরবে’এখনও সেই আশায় বাসায় বসে আছে সে। হাসপাতালে ডিউটি শেষে শুক্রবার ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজে অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন মাসুদা। রাত ৯ টায় ধানমন্ডির শেখ জামাল মাঠের সামনে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

মাসুদার ছেলে রোমানের বয়স ৫। এ বছর সে ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে প্লে গ্রুপে ভর্তি হয়েছে। মায়ের মৃত্যুর পরপরই তাদের পরিবাগের বাসায় গিয়ে রোমানের নানা-নানি তার সঙ্গে অবস্থান করছেন। কিন্তু ছোট্ট রোমান এখনও স্বাভাবিক। স্কুলে যায়নি, মা’র অপেক্ষায় বসে আছে ঘরে।

ঢামেক মর্গে স্ত্রী মাসুদার ময়নাতদন্ত ও ডেথ সার্টিফিকেটের জন্য ঘোরাঘুরি করছেন রোমানের বাবা মো. জামাল হোসেন। তিনি বলেন, ছেলেটা এখনও মায়ের মৃত্যুর কথা জানে না। জানলেও বুঝতে চাইবে না। কারণ ওর মা (মাসুদা) সারাদিন ডিউটিতে থাকে। বাসায় কথা হলো। সে এখনও মায়ের অপেক্ষায় আছে।

মাসুদা ও জামালের সংসার জীবন ১৪ বছরের। দাম্পত্য জীবনে তারা খুবই সুখী ছিল বলে জানান জামাল। তিনি বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল। মাসুদা ডিউটি করত, আমিও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। রোমান বেশির ভাগ সময় গৃহকর্মীর সঙ্গেই থাকত। গত ১৮ বছর ধরে নার্সিং পেশায় নিয়োজিত মাসুদা ২০০৪ সালে এসপিআরসি হাসপাতালে কর্মরত। এর আগে তিনি ৪ বছর এলিফ্যান্ট রোডের জেনারেল হাসাপাতালে নার্সের দায়িত্ব পালন করেন।

তার এমন করুণ মৃত্যুর সংবাদ শুনে সকালে ঢামেক মর্গে ছুটে আসেন সহকর্মী নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন। অশ্রুভেজা চোখে বারবার মাসুদার ভালো স্মৃতিগুলো মনে করছেন তারা। এসপিআরসি’র নার্স লাকী মধু বলেন, গতকাল সন্ধ্যা ৭টায় তার সঙ্গে সর্বশেষ আমার কথা হয়েছে। আমার নাইট ডিউটি ছিল, রাতে খুব বৃষ্টি হচ্ছিল। মাসুদা আমাকে ফোন করে বললো, ‘বৃষ্টিতে আমি যদি যেতে না পারি তাহলে সে আমার ডিউটি করে দেবে। পরে অবশ্য বৃষ্টি কমার পর তাকে ফোন দিয়ে আমিই চলে আসি। সে খুবই ভালো মনের মানুষ ছিল।’


পুলিশের ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্ মিরাজ উদ্দীন বলেন, মাসুদা এক আত্মীয়কে নিয়ে রিকশায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। পরে ঢামেকের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। মাসুদার আত্মীয় ও রিকশা চালক আশঙ্কামুক্ত রয়েছে।

এসপিআরসি হাসপাতালের ম্যানেজার মো. শাহীনুর রহমান বলেন, ১৪ বছরের চাকরি জীবনে মাসুদার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। হাসপাতালের পক্ষ থেকে আমরা তার সর্বাত্মক সহযোগিতা করব। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ দাফনের জন্য বরিশালে নেয়া হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

সোহানা গ্রুপের চেয়ারম্যান কারাগারে

0

নিজস্ব প্রতিবেদক : চেক প্রতারণার মামলায় গ্রেফতার সোহানা গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। ঢাকার তিনটি সিআর মামলা ও চট্টগ্রামে ২৮ কোটি টাকার চেক প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল (বৃহস্পতিবার) রাতে গুলশান-২ এর ৪৯ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বেশ কয়েকটি মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন আদালতে অন্তত ১০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। চেক প্রতারণার অভিযোগে দায়ের একটি মামলায় গত ১৪ মার্চ মিজানুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি টাকা জরিমানা করে আদালত। চট্টগ্রামের পঞ্চম যুগ্ম-মহানগর দায়রা জজ শাহাদাত হোসেন এ রায় দেন।

গ্রেফতারের জন্য বেশ কিছুদিন ধরেই মিজানুর রহমানকে খুঁজছিল পুলিশ। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান জানতে পারে পুলিশ। পরে গুলশানের ৪৯ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাপানে ১৯তম বৈশাখী মেলায় উপচেপড়া ভিড়

0

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে বাঙালিদের ১৯তম বৈশাখী মেলায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। জাপানে ১৯৯৯ সাল থেকে মেলাটি প্রবাসীদের উদ্যোগে আয়োজিত হয়ে আসছে। সম্প্রতি তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে অনুষ্ঠিত হয়।

মেলায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি)।

বাংলা নববর্ষ পালনে জাপানে ছড়িয়ে থাকা প্রবাসীরা একত্রিত হয়ে মেলা উপভোগ করে। বিকেলের দিকে প্রায় চার হাজার বাংলাদেশি ও জাপানিদের দেখা যায় বাংলাদেশিদের সাজে।

মেলায় বিভিন্ন পণ্যের মোট ৩০টি স্টল ছিল। যার মধ্যে ১৯টি ছিল বাংলা খাবারের। এছাড়া বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে মেলার আয়োজক কমিটি। অনুষ্ঠানে ছোটদের ছবি আঁকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, জাপানি অনুষ্ঠান, ভিআইপি সংবর্ধনা, স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা এবং সবশেষে বাংলাদেশ থেকে আগত শিল্পীদের সংগীত পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।


এবার মেলায় বিশেষ আকর্ষণ ছিলো জাপানি শিল্পীদের বাংলা গান। জাপানের স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠী উত্তরণ, স্বরলিপি গানের মাধ্যমে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীরা ছিলেন পাওয়ার ভয়েজ-এর শামীম আহমেদ, এবং চ্যানেল আই সেরা আইডল বৃষ্টি। এছাড়া যন্ত্রে ছিলেন রাসেল, সৌরভ ও মিথুন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জুয়েল আহসান কামরুল, সারমীন হক, নিয়াজ আহমেদ জুয়েল এবং জাপানিরা।

সপ্তাহজুড়ে ১০ কোম্পানির বিষয়ে ডিএসইর সতর্কবার্তা

3

নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়ায় ১০ কোম্পানির বিষয়ে গত সপ্তাহে বিনিয়োগকারীদের সতর্ক করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

কোম্পানি ১০টির শেয়ার দাম অস্বাভাবিক বাড়ার কারণে কোম্পানিগুলোকে নোটিশ পাঠায় ডিএসই। এরপর কোম্পানিগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করে ডিএসই কর্তৃপক্ষ।

কোম্পানিগুলো হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, নর্দান জুট, এমবি ফার্মা, উসমানিয়া গ্লাস, লিবরা ইনফিউশন, হাক্কানি পাল্প, এপেক্স ফুডস এবং সোনালী আঁশ।

ডিএসই সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিগুলোর শেয়ার দাম বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানো হলে প্রত্যেকটি কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে, অস্বাভাবিক দাম বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ কারণ ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দাম বেড়েছে।

কোম্পানিগুলো থেকে এমন তথ্য পেয়ে ১২ এপ্রিল সোনালী আঁশ, ১৫ এপ্রিল প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও এপেক্স ফুডস, ১৬ এপ্রিল এমবি ফার্মা, উসমানিয়া গ্লাস, লিবরা ইনফিউশন ও হাক্কানি পাল্প, ১৭ এপ্রিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও নর্দান জুট এবং ১৮ এপ্রিল কে অ্যান্ড কিউর বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করে বার্তা প্রকাশ করে ডিএসই।

এবার বিজ্ঞাপনের জুটি নোবেল ও পূর্ণিমা

0

বিনোদন প্রতিবেদক : উৎসব কেন্দ্রীক নাটক বা বিজ্ঞাপন ছাড়া খুব বেশি দেখা যায় না জনপ্রিয় মডেল ও অভিনেতা নোবেলকে। অন্যদিকে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে এখন সিনেমাতে না দেখা গেলেও উপস্থাপনায় তার দেখা মিলছে নিয়মিত। এবার প্রথমবারের মত একটি বিজ্ঞাপনে দেখা যাবে নোবেল ও পূর্ণিমাকে। শুক্রবার উত্তরার একটি শপিংমলে শুটিংয়ে অংশ নেন তারা। বিজ্ঞাপনটি হলো জমজম টাওয়ার শপিং মলের। এটি নির্দেশনা দিয়েছেন রানা মাসুদ।

এর আগে নির্মাতা রায়হান খানের নির্দেশনায় হুমায়ূন আহমেদের গল্প নিয়ে ‘যদি ভালো না লাগে তো দিওনা মন’ টেলিছবিতে এবং ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে একসঙ্গে কাজ করেন নোবেল ও পূর্ণিমা। তবে বিজ্ঞাপনচিত্রে প্রথমবার এবার এই দুই তারকাকে দর্শকরা ছোট পর্দায় দেখতে পাবেন।

নোবেল জানান, ‘ আমি ও পূর্ণিমা এর আগে টিভি নাটকে কাজ করলেও প্রথমবার বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। আমি সবসময়ই খুব বেছে বেছে কাজ করি,এবারও তার ব্যতিক্রম নয়। কনসেপ্টটা ভালো লেগেছে বলে এটাতে কাজ করছি। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন।’

পূর্ণিমা বলেন, ‘উত্তরার জমজম টাওয়ার শপিং মলের বিজ্ঞাপনচিত্রে আমি ও নোবেল ভাই কাজ করছি। নোবেল ভাইয়ের সাথে কাজ করতে বরাবরই আমার অনেক ভালো লাগে। ভালোভাবেই কাজটি এগিয়ে চলছে।’

শাকিবের সঙ্গে সেলফি না তোলায় খলনায়িকার আফসোস

0

বিনোদন ডেস্ক : কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলির ছবি ‘চালবাজ’। জয়দীপ মুখার্জি পরিচালিত ছবিটি ২৭ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশেও। এতে খলনায়িকা চরিত্রে অভিনয় করেছেন টালিগঞ্জের মডেল-অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

ছোটপর্দার দর্শক তাকে দেখেছেন ‘সাত ভাই চম্পা’-র খল রানি শ্বেতাংশির ভূমিকায়। এবার বড়পর্দাতেও তিনি খলনায়িকা। এসকে মুভিজ প্রযোজিত ছবিটিতে শাকিবের সঙ্গে কাজ করতে পারাটাকে নিজের জন্য সৌভাগ্যের বলে মানছেন মানসী। পাশাপাশি আফসোস করেছেন একসঙ্গে কাজ করেও সেলফি না তোলে।

ভারতীয় গণমাধ্যমে মানসী বলেন, ‘খুব ভাল লেগেছে আমার এই ছবিতে কাজ করে। শাকিব খুব ভাল একজন মানুষ। আর এই ছবিটা আমার কাছে সামহাউ খুব লাকি। এই ছবির পরেই আমি বেশ কিছু ভাল কাজের অফার পেয়েছি। তাই খুবই স্পেশাল আমার কাছে। তাছাড়া আমার দাদার ভূমিকায় অভিনয় করেছে সাগ্নিকদা। আমাকে প্রচুর সাহায্য করেছে। আমার অনেক আফসোস হচ্ছে শাকিব খানের সঙ্গে এতদিন শুটিং করার পরও একটা সেলফি তোলা হয়নি।’

তবে এই অভিনেত্রীর বিশ্বাস, খুব শিগগিরই সেই সুযোগ পাবেন তিনি।

বামপন্থী ফখরুলের আল্লাহ-খোদায় বিশ্বাস কম : কাদের

2

ছবি-ফাইল
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বামপন্থী রাজনীতি করায় আল্লাহ-খোদায় তার বিশ্বাস কম’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘হায়াত-মউত আল্লাহর হাতে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বলেছিলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য ভয়ঙ্কর অশনি সংকেত।’

এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ঠিকই তো বলেছি। আমি এই রুম থেকে ওই রুমে যাওয়ার আগেও মারা যেতে পারি। উনি বামপন্থী রাজনীতি করেছেন, তাই আল্লাহ-খোদায় বিশ্বাস কম।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।

Dhaka, BD
mist
24 ° C
24 °
24 °
73 %
1.5kmh
40 %
শুক্র
25 °
শনি
26 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °

সর্বাধিক পঠিত