17 C
Dhaka, BD
Home Blog Page 12

বিল বকেয়া, হোটেলে আটক মিমির শুটিং টিমের সদস্য

30

পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি ‘খেলা যখন’ সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।

অরিন্দম শীল পরিচালিত এ সিনেমার শুটিং শেষে ঘটলো বিপত্তি। শুটিংয়ের সময়ে থাকা হোটেলে বিল পরিশোধ না করায় টিমের তিন সদস্যকে আটকে রাখেন হোটেল কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কলকাতার পর ‘খেলা যখন’-এর শুটিং করা হয় ওড়িশায়। সিনেমাটির বেশিরভাগ অংশের দৃশ্যের শুটিং করা হয়েছে সেখানে। শুটিং শেষে ফেরার পথে বাঁধে বিপত্তি। সিনেমার টিমের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি হোটেলে তিন লাখ টাকা বকেয়া রেখেছেন।

আরও জানা যায়, ওড়িশার বিভিন্ন অঞ্চলের ৭টি হোটেলের বিল বকেয়া রয়েছে সিনেমাটির টিমের। হোটেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী কোনও হোটেলে ১ লাখ আবার কোনও হোটেলে ১০ হাজার কিংবা ৭ হাজার টাকা করেও বিল বকেয়া রয়েছে। এ কারণেই টিমের ডিওপি আর দুই অ্যাসিস্ট্যান্টকে আটক করে হোটেল কর্তৃপক্ষ।

তাদের দাবি, বকেয়া টাকা না পরিশোধ হলে ছাড়া হবে না ‘খেলা যখন’ টিমের সদস্যদের। তবে শুটিং শেষ করে মিমি-অরিন্দম ও অন্যরা কলকাতায় ফিরেছেন।

এ বিষয়ে সিনেমাটির প্রযোজনা সংস্থা জানিয়েছে, বকেয়া টাকার ৮০ শতাংশ মেটানো হয়েছে। তবে বাকি টাকা বিলগুলো রি-চেক করছিল প্রযোজনা সংস্থার কর্মীরা। এ জন্যই দু’দিন সময় চাওয়া হয়। কিন্তু কোনও কারণে ভুল বোঝাবুঝির জন্য ইউনিটের তিন সদস্যকে আটকে রাখেন তারা। বকেয়া টাকা পরিশোধ করে তাদের ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার পরেই নির্মাতা অরিন্দম শীল ‘খেলা যখন’ সিনেমার শুটিং শুরু করেন। এখানে মিমি চক্রবর্তী ছাড়াও আরও অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়সহ অনেকে।

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড

0

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় কাজিম উদ্দিন (৩১) ও দিপু (৩২) নামের দুই যুবককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন মাঝির ছেলে কাজিম উদ্দিন ও একই উপজেলার হোগলবাড়ীয়ার শশিধরপুর গ্রামের প্রামাণিকপাড়ার মৃত ফরজ উল্লাহর ছেলে দিপু। অপর আসামিরা পলাতক রয়েছেন।

জানা গেছে, ২০১০ সালের ১৬ নভেম্বর রাতে দৌলতপুর উপজেলার মথুরাপুর অস্থায়ী ক্যাম্পের পুলিশ ফারাকপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি, এলজি অস্ত্রের বাট ও রাবার বুলেটসহ আটক করে কাজিম উদ্দিন ও দিপুকে। এ ঘটনায় ১৭ নভেম্বর তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়।
মথুরাপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) নুহ নবী মামলার তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

বর্ষায় স্কুলে যাওয়ার প্রবণতা বাড়াতে কুষ্টিয়ায় শিশু শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ

0

বর্ষার মধ্যে স্কুলে আসার প্রবণতা বৃদ্ধি, মানসিক বিকাশ ও পড়াশোনায় ভালো ফলাফলে উদ্বুদ্ধকরণের লক্ষে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে রঙ্গিন ছাতা বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শহরের জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধীক শিক্ষার্থীর মাঝে এসব ছাতা বিতরণ করা হয়।

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি, সামাজিক ও সাংস্কৃতিক এবং শিশু সংগঠক আশরাফউদ্দিন নজু এসব ছাতা বিতরণ করেন।

অনুষ্ঠানে আশরাফউদ্দিন নজু বলেন, আমার বাড়ী এই স্কুলের পাশেই। আমি মাঝে মাঝেই উপলব্ধি করি বৃষ্টিতে ভিজে শিশুরা প্রতিনিয়ত বিদ্যালয়ে আসা যাওয়া করে। আমার আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদের জন্য সামান্য কিছু ছাতার ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, শিশুদের উৎসাহ দিতেই আমার এ উদ্যোগ। আমি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি হয়তো, কিন্তু অন্য কেউ একদিন বড় ধরনের উদ্যোগ নেবে এসব শিশুদের জন্য। এটাই আমার কাম্য। এছাড়াও তিনি আগামীতে এই বিদ্যালয়ের অডিটোরিয়াম হলটিও সংস্কারের পদক্ষেপ নেবেন বলেও জানান।

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

26

সিরাজগঞ্জের কামারখন্দে যৌতুকের দাবিতে গৃহবধূ পারুল খাতুনকে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত স্বামী রাশেদুল ইসলামের বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে পারুলের বাবা ফজলুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামি করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন, পারুলের স্বামী পুলিশ কনস্টেবল রাশেদুল ইসলাম, শ্বশুর আলাউদ্দিন মণ্ডল ও শাশুড়ি রেহেনা খাতুন। অভিযুক্ত রাশেদুল ইসলাম বর্তমানে রাঙ্গামাটি নতুন পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে নান্দিনা মধু গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে রাশেদুল ইসলামের সঙ্গে পারুলের বিয়ে হয়। বিয়ের সময় পুলিশের চাকরি নেওয়ার নাম করে আট লাখ টাকা যৌতুক নেন রাশেদুল ইসলাম। পরে আরও ১০ লাখ টাকা যৌতুকের জন্য পারুলকে নির্যাতন করে আসছিলেন রাশেদুল ও তার পরিবারের সদস্যরা। গত ২৯ আগস্ট রাশেদুল ইসলাম ছুটিতে বাড়ি এসে আবারও যৌতুকের টাকা দাবি করেন। একই সঙ্গে দ্বিতীয় বিয়ে করবে বলে লিখিত অনুমতি চান। এতে পারুল রাজি না হওয়ায় তাকে ব্যাপক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় পারুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম.এম সুমনুল হক বলেন, পারুলকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। তার মুখ দিয়ে রক্ত ঝড়ছিলো। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা বলেন, পারুলকে নির্যাতনের অভিযোগ দাখিল করা হয়েছে। হাসপাতালে তার কাছে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাটি আমরা তদন্ত করছি।

যেভাবে ১৫ কেজি ওজন কমালেন ভারতী সিং

33

ভারতের কমেডি কুইন ভারতী সিং। নিজের ওজন নিয়ে কখনোই বিচলিত হননি এই কমেডিয়ান। বিভিন্ন সময় নিজের ওজন বেশি হওয়া নিয়ে নানা কৌতুক করেছেন তিনি। এবার ৯১ থেকে কমিয়ে তার ওজন ৭৬ কেজিতে নামিয়ে এনেছেন। ডায়েট ছাড়া ১৫ কেজি ওজন কমিয়ে নতুন রূপে হাজির হয়েছেন ভারতী।

কারো জন্যই নিজেকে বদলানোর চিন্তা মাথায় আনেননি এই কমেডিয়ান। দ্বিতীয় লকডাউনের সময় থেকেই বাড়ির সব কাজ একা হাতেই করতেন ভারতী। তখনই বুঝতে পারেন অল্পতেই হাঁপিয়ে উঠছেন, শারীরিকভাবে ফিট নন তিনি। অভিনেতা-অভিনেত্রীদের থেকে আগেই জেনেছিলেন কীভাবে অনেকক্ষণ না খেয়ে থাকা যায়। পরে নিজেও শুরু করলেন সেই একই পদ্ধতি।

এ প্রসঙ্গে ভারতী সিং বলেন, ‘আগে আমার শ্বাস নিতে সমস্যা হতো। এখন আর সমস্যা হয় না। নিজেকে অনেক হালকা লাগে। আমার ডায়াবেটিস আর অ্যাজমাও এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

কীভাবে ওজন কমিয়েছেন সেটির বর্ণনা দিয়ে এই কমেডিয়ান বলেন, ‘সন্ধ্যা সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত আমি কিছু খাই না। সন্ধ্যা সাতটার আগেই রাতের খাবার খেয়ে নিই। ৩০-৩২ বছর অনেক খাবার খেয়েছি। এবার আমার শরীরের কিছু পরিবর্তন প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আগের মতো সাধারণ খাবারই খাচ্ছি। পাঞ্জাবী বলে কথা! পরোটা, ডিম, ডাল-সবজি ছাড়া বাঁচা দায়।’

ওজন কমিয়ে বেজায় খুশি ভারতী। এবার শুধু নিয়মিত রুটিন চালিয়ে যাওয়ার পালা। কোনও ডায়েট নয়, অধিক শরীরচর্চাও নয়। শুধু অভ্যাস পরিবর্তন আর অনিয়ম থেকে বেরিয়ে এসেছেন তিনি। সঠিক সময়েই খাবার খাচ্ছেন এবং পরিমাণ বেশ কম তা বলাই বাহুল্য। নতুন রূপে কাপিল শর্মা শোতে ভারতীকে দেখে মুগ্ধ সবাই। নিজের এই পরিবর্তনে আপ্লুত তিনি নিজেও।

ভারতী আগেও জানিয়েছিলেন যে, ওজন নিয়ে তার কোনো সমস্যা নেই। অনেকে কটাক্ষ করলেও কখনোই অন্যের কথায় ওজন কমানোর চিন্তা করেননি। তাকে নিয়ে হাসাহাসি করা ছিল সাধারণ বিষয়। এজন্য নিজেকে আগে থেকেই হাসির পাত্র করার চেষ্টা করতেন তিনি। নিজেকে নিয়েই মজা করতেন।

পুলিশের সাবেক ডিআইজি নজরুলকে দুদকে তলব

0

পুলিশ বিভাগে কর্মরত থাকা অবস্থায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক ডিআইজি নজরুল ইসলামকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক ডিআইজি নজরুল ইসলামকে ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় জিজ্ঞাসাবাদের জন্য দুদকের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক তাকে তলবি নোটিশ পাঠিয়েছেন।

নজরুল ইসলামের রাজধানীর ধানমন্ডির বাসার ঠিকানায় বুধবার (৮ সেপ্টেম্বর) চিঠিটা পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।

সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

2

লক্ষ্মীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী মারা গেছেন। বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের চরচামিতা ও আটিয়াতলিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫২৪৭৫) লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের চরচামিতাতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে একজন ঘটনাস্থল নিহত ও অপরজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যদিকে একই সড়কের আটিয়া-তলিতে অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ইকবাল মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চরচামিতাতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের ২ জন ও আটিয়াতলিতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইকবাল পাটওয়ারী নামে অপর যুবকের মৃত্যু হয়। নিহতদের মরদের উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ইকবাল কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকার বাসিন্দা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ও হাইওয়ে পুলিশের ওসি যোবায়েরুল হক জানান,

বুধবার (৮ সেপ্টেম্বর) আলাদা দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিবার লোকজনের সঙ্গে কথা বলা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে অফিস সহকারী বরখাস্ত

8

ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও হিসাব-রক্ষকের স্বাক্ষর জাল করে চেক জালিয়াতির ঘটনা ঘটেছে।

এই অভিযোগে মঙ্গলবার (৭ আগস্ট) সন্ধ্যায় কলেজ ব্যবস্থাপনা কমিটি কলেজের অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে (৩০) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাটুয়াদী গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল্লাহ আল নোমান।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন।

কলেজ অধ্যক্ষ মো. রুহুল আমিন জানান, কলেজের অফিসের আলমারি থেকে অফিস সহায়ক রওশন আরার কৃষি ব্যাংকের প্রভিডেন্ট ফান্ডের চেক বই হারিয়ে যায়। অনেক খোজ করে চেক বইটি না পেয়ে ২৪ আগস্ট গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করেন রওশন আরা। বিষয়টি কৃষি ব্যাংক কর্তৃপক্ষকেও অবিহিত করার পর তিনি জানতে পারেন তার প্রভিডেন্ট ফান্ডের হিসাব থেকে কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের স্বাক্ষরে টাকা তোলা হয়েছে। বই থেকে চার ধাপে ৪৬ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষকে চেক জালিয়াতি করে টাকা উত্তোলনের কথা জানায় রওশন আরা। এ ঘটনায় শনিবার (৪ সেপ্টেম্বর) তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে চেকে স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলনের সাথে অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে কমিটি।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কলেজ ব্যবস্থাপনা কমিটি অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে সাময়িক বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। পরে আব্দুল্লাহ আল নোমানকে বরখাস্ত করে চিঠি দেয়া হয়।

এ বিষয়ে বরখাস্ত অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানের ফোনে যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মা হারালেন অক্ষয় কুমার

0

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া আর নেই। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা নিজেই।

অক্ষয় লিখেছেন, ‘আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ (৮ সেপ্টেম্বর) সকালে আমাদের ছেড়ে গিয়েছেন। মা আমার অস্তিত্বের শিকড় ছিলেন। এই বেদনা আমি সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনা আমার পাথেয়।’

বেশ কয়েক দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন অরুণা ভাটিয়া। মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা চলছিল তার। সেই খবর পেয়েই লন্ডনে ‘সিন্ডারেলা’ সিনেমার শুটিং ছেড়ে মুম্বাই ফেরার বিমান ধরেন অক্ষয়। দ্রুত ফিরে এসেই হাসপাতালে মায়ের কাছে গিয়েছিলেন এই অভিনেতা।

তবে লন্ডন থেকে রওনা হওয়ার আগে সিনেমার নির্মাতাদের অক্ষয় বলে এসেছেন, তাকে ছাড়াও যেন পুরোদমে কাজ চালিয়ে যাওয়া হয়। সে সময় তিনি লিখেছিলেন, ‘খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের প্রার্থনা আমার এবং আমার পরিবারের কাছে গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, পরিচালক রঞ্জিত এম তিওয়ারির সিনেমা ‘সিন্ডারেলা’র প্রযোজনার দায়িত্বে রয়েছেন জ্যাকি এবং বাসু ভগনানি। ভারতে সাউথ সাইকোলজিক্যাল থ্রিলার ‘রাটসাসান’-এর হিন্দি রিমেক এই সিনেমা, যার নাম প্রথমে ঠিক হয়েছিল, ‘মিশন সিন্ডারেলা’। পরে ‘সিন্ডারেলা’ নামটি নিশ্চিত করেন অক্ষয় কুমার নিজেই।

করোনাকালে মায়ের ভূমিকায় প্রধানমন্ত্রী: উপমন্ত্রী শামীম

4

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, করোনা সংকটসহ সব দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য মায়ের ভূমিকা পালন করছেন। সন্তানের জন্য একজন মা যা করেন, দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করছেন। আমরাও তার নেতৃত্বে কাজ করছি।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শরীয়তপুরের সখিপুরের চরভাগায় গ্রামের বাড়িতে নিজ অর্থায়নে নড়িয়া উপজেলা ও সখিপুর থানার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ মাক্স বিতরণকালে এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সম্পন্ন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। কারণ তিনি বিশ্বাস করেন, আজকের নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবেন। নতুন প্রজন্ম যাতে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেই লক্ষ্যে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জের ইউএনও তানভীর আল নাসীফ, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার, ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ ইকবাল মনসুর, নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত রায়, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোসলেম উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক নজরুল দইসলাম খান, প্রাথমিক শিক্ষক সমিতির সাবিহা খানম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন, সাইদুল হক মুন্না প্রমুখ।

Dhaka, BD
mist
17 ° C
17 °
17 °
88 %
0kmh
40 %
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
27 °

সর্বাধিক পঠিত