24 C
Dhaka, BD
Home Blog Page 9

ইবরার টিপুর সঙ্গে বিচারক প্রতীক হাসান

52

জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শো’তে বিচারকের আসনে বসবেন জনপ্রিয় সুরকার গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু।

তার সঙ্গে দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসানকেও।

ইবরার টিপু এর আগেও বিভিন্ন রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে প্রতীক হাসানকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো’র বিচারকের আসনে বসতে যাচ্ছেন এই তারকা।

এ সম্পর্কে প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে আমি যুক্ত হতে পেরে আনন্দিত। আমার ক্যারিয়ারে এটাই প্রথম কোনো সংগীত বিষয়ক রিয়েলিটি শো’র বিচারক হতে যাচ্ছি। আমার ওপর যে দায়িত্ব আরটিভি দিয়েছে তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো । আমাকে এতো বড় একটি আয়োজনে যুক্ত করার জন্য আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান এবং অনুষ্ঠান প্রধান দেওয়ান শাসমুর রকিব ভাইকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আশাকরি ভালো কিছু শিল্পী তুলে আনতে পারবো এই আয়োজনের মাধ্যমে। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গণে অবদান রাখতে পারবে।’

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’র রেজিষ্ট্রেশন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর (শুক্রবার)। এটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এখানে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।

রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপ ইন্সস্টল করে রেজিষ্ট্রেশন নাও বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।

এছাড়াও rtvonline.com/youngstar অথবা rtv.youngstar@gmail.com অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবে।

রাতেও বিদ্যালয়ে উড়ছিল জাতীয় পতাকা, ৫ শিক্ষককে শোকজ

80

ভোলা সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম শিবপুর শরীফ সরদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখেন স্থানীয়রা। এ ঘটনা জানাজানি হলে ওই বিদ্যালয়ের প্রধানসহ পাঁচ শিক্ষককে শোকজ করেছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। একই সঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের জবাব চাওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কয়েকজন ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়ার দৃশ্য দেখতে পান। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমান এবং ক্ষুব্ধ হন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন জানান, তিনি একটু অসুস্থ থাকায় স্কুল ছুটির পর বের হয়ে যান বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের অন্য শিক্ষকদের ভুলের কারণে জাতীয় পতাকা নামানো হয়নি। এছাড়া ভবিষ্যতে এমন ভুল যাতে না হয় সে ব্যাপারে সজাগ থাকবেন তিনি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, বিষয়টি শোনার পর আজ সকালে প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনসহ ওই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে শোকজ করা হয়। আগামী তিনদিনের মধ্যে এ ব্যাপারে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ, দিশেহারা পরিবার

332

কুষ্টিয়া লাহিনী চারাবটতলা এলাকা থেকে মোহাম্মদ ইব্রাহিম ইসলাম জুমআ (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

গত রবিবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫.০০ টার সময় রাহেনি প্রাথমিক বিদ্যালয়ের নিকট হতে নিখোঁজ হয় সে।

ইব্রাহিম লাহিনী চারাবটতলা এলাকার আনছার শেখের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ইব্রাহিম অন্যান্য দিনের মতো গত রবিবার রাহেনি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি মসজিদে আছরের নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি।পিতা আনছার শেখ ও তাঁর পরিবার পুত্র নিখোঁজের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন।এমতাবস্থায় তিনি ও তাঁর পরিবার বালকপুত্র ইব্রাহিমের সন্ধান চেয়ে দেশবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

কোনো হৃদয়বান ব্যক্তি ইব্রাহিমের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।
০১৭৬৩৩৩০১৫১,০১৭৩৪৮০৯১৮০

সিনেমা স্টাইলে কারাগারে হামলা, ২৪০ বন্দি ছিনতাই!

65

সিনেমা স্টাইলে হামলা চালিয়ে কারাগার থেকে কমপক্ষে ২৪০ বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেছে বন্দুকধারীরা। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় রোববার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মুখপাত্র ফ্রান্সিস ইনোবরে বলেন, আবুজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কগি রাজ্যের কাব্বার ওই কারাগার থেকে অন্তত ২৪০ জন বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে হামলাকারীরা। তবে হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানাননি তিনি। ছাড়িয়ে নেওয়া বন্দিদের ধরতে এরইমধ্যে কারা প্রশাসনের কন্ট্রোলার হালিরু নাবাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বন্দুকধারীরা তিন দিক থেকে কারাগারে হামলা চালায়। তারা গুলি করে ও বিষ্ফোরণ ঘটিয়ে বন্দিদের নিরাপত্তা বাহিনীর সমস্যাদের থেকে ছিনিয়ে নেয়। হামলায় দুজন কারাগারে দায়িত্ব কর্মকর্তা নিহত হয়েছেন।

২০০৮ সালে নির্মিত ২০০ ধারণক্ষমতা সম্পন্ন কারাগারটিতে মোট ২৯৪ জন বন্দী ছিল। এরমধ্যে শাস্তি প্রাপ্ত ৭০ জন ও ২২৪ জন বিচারের অপেক্ষায় ছিলেন। কারাগারটিতে মধ্যম মানের নিরাপত্তা ছিল বলে জানা গেছে।

বিশ্বকাপ খেলেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

58

সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর, যা শেষ হবে নভেম্বরে। এরপর বাংলাদেশ সফরে এসে তিন ফরম্যাটের সিরিজ খেলতে আসবে পাকিস্তান। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি জানান, পাকিস্তানের বাংলাদেশ সফর চূড়ান্ত করার জন্য কাজ করছে দুই দেশের ক্রিকেট পরিচালনা বিভাগ।

এর আগে, ২০১৫ সালে পাকিস্তান জাতীয় দল সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল। তবে বাংলাদেশ পাকিস্তান সফরে না যাওয়াতে একাধিকবার বেঁকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

যদিও ২০২০ সালে বাংলাদেশ দলের ওই সফর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফেরানোতে বড় ভূমিকা পালন করে।

এবার বাংলাদেশে এসে তিন ফরম্যাটেই খেলবে পাকিস্তান। সুজন বলেন, ‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সব ফরম্যাটেই খেলা থাকবে, ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।’

পাকিস্তানের ক্ষেত্রে কোভিড প্রটোকল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মতোই হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী বলেন, ‘আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের যে গাইডলাইন তা সফরকারী দলকে অবহিত করব, সেই অনুযায়ীই বাস্তবায়ন করব।’

বিমা দাবির টাকা পাচ্ছেন না এমপি নাছিমুল, কোম্পানির ঘুষ দাবী!

338

বিমা দাবির টাকা পরিশোধে বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে প্রায়ই হয়রানির অভিযোগ তোলেন সাধারণ গ্রাহক। এবার এ তালিকায় যুক্ত হলেন একজন সংসদ সদস্য। টাকা না পেয়ে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দ্বারস্থ হয়েছেন তিনি। কুমিল্লা-৮ আসনের এমপি নাছিমুল আলম চৌধুরীর সঙ্গে ঘটেছে এমনটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এমপি নাছিমুল ‘বি জে জিও-টেক্সটাইল’-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১৮ সালের ৫ এপ্রিল তার প্রতিষ্ঠানের জন্য ইস্টার্ন ইন্স্যুরেন্স ও নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের সঙ্গে অগ্নি বিমা (কো-ইন্স্যুরেন্স) করেন।

কো-ইন্স্যুরেন্স হলো একই বিমা একাধিক কোম্পানিতে করা। বড় অঙ্কের বিমার ক্ষেত্রের কো-ইন্স্যুরেন্স করা হয়। এক্ষেত্রে যে কোম্পানিগুলোর সঙ্গে বিমা করা হয়, তাদের বিমার অংশ ভাগ করে দেওয়া হয়।

বি জে জিও-টেক্সটাইল ইস্টার্ন ইন্স্যুরেন্স ও নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের সঙ্গে অগ্নি বিমা (কো-ইন্স্যুরেন্স) করার তিন মাসের মাথায় ৩ জুলাই প্রতিষ্ঠানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবন, মেশিনারি, কাঁচামাল ও উৎপাদিত মালামালসহ বিমা করা সম্পদ ভস্মীভূত হয়।

এ অগ্নিকাণ্ডের ক্ষয়-ক্ষতি নির্ণয় করতে বিমা কোম্পানি থেকে মেসার্স দি ইনজিনিয়ার্স সার্ভেয়ার্স ও মেসার্স মিডল্যান্ড সার্ভেয়ার্সকে জরিপের দায়িত্ব দেওয়া হয়। জরিপকারী প্রতিষ্ঠান দুটির জরিপে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারিত হয় ৯ কোটি ১৪ লাখ ৮০ হাজার ১৭৯ টাকা।

তবে বিমা কোম্পানি দাবির এ টাকা পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন বি জে জিও-টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক নাছিমুল আলম চৌধুরী। সম্প্রতি আইডিআরএর চেয়ারম্যানের কাছে করা এ-সংক্রান্ত লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ তিন বছর ধরে বিমা কোম্পানি দুটি বিমা দাবির টাকা পরিশোধ না করে টালবাহানা করছে।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, অনেকবার তাগিদ দেওয়ার পর কিছুদিন আগে দুই কিস্তিতে দুই কোটি টাকা পরিশোধ করেছে। ক্ষতিপূরণের বাকি ৭ কোটি ১৪ লাখ ৮০ হাজার ১৭৯ টাকা এখনো পরিশোধ করেনি। সাধারণ বীমা করপোরেশন থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর এ অর্থ পরিশোধ করা হবে বলে টালবাহানা করছে।

তিনি আরও অভিযোগ করেছেন, এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। ঋণ পরিশোধ করতে না পারায় সুদ-আসলে ব্যাংকের কাছে দায়বদ্ধ হয়ে পড়ছেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-শ্রমিক মিলে প্রায় দেড়শোর মতো লোক কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে।

নাছিমুল আলম চৌধুরী অভিযোগপত্রে আরও উল্লেখ করেছেন, বিমা কোম্পানি দুটি বিমা দাবির টাকা পরিশোধ না করায় গত তিন বছরে তিনি ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। এর সঙ্গে সুদও যুক্ত হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এমপি নাছিমুল আলম চৌধুরী বলেন, আমি বিমা করেছি বিমা কোম্পানিতে। এখন তারা আমাকে বলে, সাধারণ বীমা করপোরেশন থেকে তারা কোনো ক্লেম পায়নি। আমি তো সাধারণ বীমা করপোরেশনে বিমা করিনি। অসংলগ্ন কথাবার্তা বলে তারা হয়রানি করছে।

তিনি বলেন, এ বিমা কোম্পানির সঙ্গে আমি কয়েক বছর ধরেই বিমা করছি। তবে এটাই আমার প্রথম বিমা দাবি। এর আগে দুর্ঘটনায় পড়িনি। প্রথমবার বিমা দাবি উত্থাপন হওয়াতেই এমন হয়রানির শিকার হতে হচ্ছে। আসলে বিমা কোম্পানিই খারাপ।

এ সংসদ সদস্যের কথায়, আমার ভাগ্য এমনই খারাপ, চট্টগ্রাম বন্দরে ৯৬ কনটেইনার কাঁচামাল ছিল। তার মূল্য ১৮ কোটি টাকা। সে মালও এখানে নিয়ে এসেছিলাম। সম্পূর্ণ মাল পুড়ে গেছে। কিছুই সরাতে পারিনি।

তিনি বলেন, বিমা কোম্পানির এমডি (মুখ্য নির্বাহী কর্মকর্তা) হলেন চোর। টাকা-পয়সা চান। বিমা দাবি পরিশোধের জন্য আকার-ইঙ্গিতে টাকা চান। বলেন, এখানে ঘুষ দিতে হবে, ওখানে ঘুষ দিতে হবে। আমি তো ঘুষ দেবো না।

তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইডিআরএ আগামী ১৯ সেপ্টেম্বর শুনানির জন্য ডেকেছে। শুনানিতে বিমা কোম্পানিও থাকবে। দেখা যাক কী হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলো নর্দান ইসলামী ইন্স্যরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হক এর সাথে। তিনি বলেন, এটা (বিমা দাবি) একটা বড় ক্লেম। সাধারণ বিমার সঙ্গে রিইন্স্যুরেন্স করা। সাধারণ বিমা এখনো ক্লেমটা অ্যাপ্রুভ করেনি। ওরা ক্লেম অ্যাপ্রুভ না করলে আমরা দিতে পারি না।

তিনি বলেন, পার্টি (গ্রাহক) অভিযোগ করছে, ক্লেম পাবে। ক্লেম নিষ্পত্তির বিষয়ে আলোচনা হতে পারে। আইডিআরএ আমাদের শুনানিতে ডেকেছে। শুনানিত অংশ নেই, তারপর এ বিষয়ে কথা বলা যাবে।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন পাটুয়ারির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

68

২০২০ সালের ২৭ মে লিবিয়ায় পাচার হওয়া ২৬ বাংলাদেশিকে সাহারা মরুভূমি অঞ্চলের মিজদায় একসঙ্গে বৃষ্টির মতো গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি।

রাজধানীর পল্টন থানায় মানবপাচার আইনের ৬/৭/৮/১০ এবং পেনাল কোডের ৩০২/৩২৬/২৬ ধারায় করা মামলাটিতে সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আছলাম আলী।

এই চার্জশিট আমলে নিয়ে মামলা থেকে পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলাটি এখন বিচার শুরুর অপেক্ষায় রয়েছে।

চার্জশিট ভুক্ত ৪১ জন হলেন- তানজিদ ওরফে তানজিমূল ওরফে তানজিরুল (৩৬), জোবর আলী (৬২), জাফর মিয়া (৩৮), স্বপন মিয়া (২৯), মিন্টু মিয়া (৪১), শাহিন বাবু (৪৫), আলী হোসেন (৩৭), আমির হোসেন (৫৫), নজরুল মোল্লা (৪৩), আ. রব মোড়ল (৪০), সজীব মিয়া (২৫), মুন্নী আক্তার রূপসী (২০), রবিউল মিয়া (৪২), রুবেল শেখ (৩৬), আসুদুল জামান (৩৪), বাহারুল আলম (৬৭), নাজমুল হাসান (২৫), হেলাল মিয়া (৪২), কামালউদ্দিন (৫২), কামাল হোসেন (৪০), রাশিদা বেগম (৪২), নুর হোসেন শেখ (৫৫), ইমাম হোসেন শেখ (৩৫), আকবর হোসেন শেখ (৩২), বুলু বেগম (৩৮), জুলহাস সরদার (৪৫), দিনা বেগম (২৫), শাহাদাত হোসাইন (৩০), জাহিদুল আলম (৪২), জাকির মাতুব্বর (৬০), লিয়াকত আলী শেখ (৫০), নাসির বয়াতী (২৫), রেজাউল বয়াতী (৩৮), হাজী শহীদ মিয়া (৬৩), খবির উদ্দিন (৪৭), পারভেজ হাসান, কামছার মুন্সি (৩৫), মাহাবুব মুন্সি (৫৩), পারভেজ আহমেদ (৩৩), নজরুল ইসলাম সুমন (৩৮) ও কাউসার (৪০)।

অন্যদিকে শেখ মো. মাহাবুবুর রহমান (৪৯) ও শেখ সাহিদুর রহমানের (৪০) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এছাড়া সাদ্দাম (২৬), কুদ্দুস বয়াতি (২৭) ও লালনের নাম ঠিকানা সঠিক না থাকায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকার মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদুল হক শিহাব বলেন, লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় ৪১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি। চার্জশিটে পাঁচজনকে অব্যাহতির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত চার্জশিটটি আমলে নিয়ে পাঁচজনকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। মামলাটি এখন বিচার শুরুর অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন আরও ১১ জন।

এ ঘটনায় ২০২০ সালের ২ জুন ৩৮ জনকে আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) এইচ এম রাশেদ ফজল। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এবং হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর- ১(৬)২০। মামলার এজাহারে আসামি হিসেবে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৩০-৩৫ জনকে।

মমেকে করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

195

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন করোনায় ও চারজন উপসর্গ নিয়ে মৃত্যবরণ করেছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়ীয়ার শামসুল হক (৯০), মুক্তাগাছার জমিলা আক্তার (৭০), তারাকান্দার আব্দুল কুদ্দুস (৬০)। আর উপসর্গে মৃতরা হলেন- নেত্রকোনা সদরের আব্দুস সালাম (৪৫), শেরপুর শ্রীবর্দীর ওসমান গনি (৫৬), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মকবুল হোসেন (৬০) ও সাহেরা খাতুন (৮০)।

ডা. মুন জানান, বর্তমানে আইসিইউতে ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০০ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৩৮২টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৯৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৮ জন।

রামেক হাসপাতালে করোনায় আরও ৬ জনের প্রাণহানি

246
রামেক হাসপাতালে করোনায় আরও ৬ জনের প্রাণহানি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন মারা যান।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ১০৬তম দিনে মোট ১ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এর মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া ১ জন করে মারা গিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৮১ জনের আর করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৪৭ শতাংশ।

এছাড়াও করোনার সংক্রামণ ও মৃত্যু কমে আসায় রামকে হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি সংখ্যা কমেছে। তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ২৪০টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ১৩৩ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন।

ভোজ্যতেলের আমদানি শুল্ক কমিয়েছে ভারত

72

ভারতে বেশ কিছু উৎসবকে কেন্দ্র করে ভোজ্যতেলের চাহিদা বেড়েছে। বেড়েছে দামও। এরইমধ্যে সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে শুল্ক হ্রাসের ঘোষণাও দেওয়া হয়েছে। শুল্ক হ্রাসের সিদ্ধান্তে ভারতে ভোজ্যতেলের দাম কমে আসতে পারে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। পাশাপাশি ভোজ্যতেলের ব্যবহার ও আমদানি বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, অপরিশোধিত পাম অয়েলের আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশে নিয়ে আসা হয়েছে। অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ৭ দশমিক ৫ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে পরিশোধিত পাম অয়েল, সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ৩৭ দশমিক ৫ থেকে কমিয়ে ৩২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

বাণিজ্যিক ফার্ম জিজি প্যাটেল ও নিখিল রিসার্চ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোবিন্দভাই প্যাটেল বলেন, ভারতে বেশকিছু উৎসবকে কেন্দ্র করে ভোজ্যতেলের চাহিদা বাড়ছে। ঠিক এমন সময় ভোজ্যতেলের আমদানি শুল্ক হ্রাস করায় স্থানীয় বাজারে দাম অনেকটাই কমে আসতে পারে।

সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক বিভি মেহতা বলেন, নয়াদিল্লি পাম অয়েল, সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের আমদানি শুল্ক কমালেও সরিষার তেলের আমদানি শুল্ক ৩৮ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। এক বছরের ব্যবধানে স্থানীয় বাজারে সরিষার তেলের দাম দ্বিগুণ বেড়েছে। ফলে এ ভোজ্যতেলের আমদানি শুল্ক কমানো প্রয়োজন।

মেহতা বলেন, চলতি বিপণন মৌসুমে ভারতে ভোজ্যতেল আমদানি কমে ১ কোটি ৩১ লাখ টনে নেমে আসতে পারে। এটি হবে ছয় বছরের সর্বনিম্ন আমদানি। গত মৌসুমে আমদানির পরিমাণ ছিল ১ কোটি ৩২ লাখ টন।

চাহিদার দুই-তৃতীয়াংশ ভোজ্যতেলই আমদানি করে ভারত। কয়েক মাস ধরে দেশটির ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল। অব্যাহত মূল্যবৃদ্ধি রোধে সব ধরনের তৎপরতা চালাচ্ছে দেশটি। এরই অংশ হিসেবে আমদানি শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। দেশ দুটি থেকেই সবচেয়ে বেশি পাম অয়েল আমদানি করে ভারত। এছাড়া সয়াবিন ও সূর্যমুখীসহ অন্যান্য ভোজ্যতেল আর্জেন্টিনা, ব্রাজিল, ইউক্রেন ও রাশিয়া থেকে আমদানি করা হয়। তথ্যসূত্র: টাইম অব ইন্ডিয়া, বিজনেস রেকর্ডার ও রয়টার্স।

Dhaka, BD
haze
24 ° C
24 °
24 °
53 %
0kmh
0 %
শুক্র
24 °
শনি
26 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °

সর্বাধিক পঠিত