24 C
Dhaka, BD
Home Blog Page 852

ঝড়ো হাওয়ার শঙ্কায় ২ নম্বর সতর্কতা নদী বন্দরে

8

ছবি-ফাইল

অনুসন্ধান নিউজ ডেস্ক : রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্য এলাকাতেও একইদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার আসামি নিহত

0

জেলা প্রতিনিধি কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী আলতাব হোসেন (৩৮) নিহত হয়েছেন। পুলিশের দাবি এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর সোয়া ৩টার দিকে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া কালুরমাঠে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

নিহত আলতাব হোসেন দৌলতপুরের বোয়ালিয়া ইউনিয়নের বিলবোয়ালিয়া গ্রামের মোশরাফ হোসেনের ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে একদল সন্ত্রাসী পিপুলবাড়িয়া কালুরমাঠে অবস্থান নিচ্ছে, এমন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ জানতে পারে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি আলতাব হোসেন।

‘বন্দুকযুদ্ধে’ দৌলতপুর থানার এসআই রাজ্জাক ও এএসআই আরিফসহ ৩ জন আহত হলে তাদের চিকিৎসা দেয়া হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত

0

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত শিমুলিয়া এলাকার এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিমুলিয়ার ছয়টি মৌজার অন্তর্ভুক্তির বিষয় নিয়ে এক ব্যক্তি এ সংক্রান্ত রিট আবেদন করেন। ওই রিটে নির্বাচন স্থগিতের আবেদন করা হয়।

আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা ছিল। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।

গত ৪ মার্চ সিটি কর্পোরেশনের সীমানা নিয়ে গেজেট জারি করা হয়। যেখানে শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বাড়ী, ডোমনা, শিবরামপুর, পশ্চিম পানিশাইল, দক্ষিণ পানিশাইল ও ডোমনাগকে অন্তর্ভুক্ত করা হয়।

নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মঞ্জুর ভোটের প্রচার স্থগিত

229

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তার নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে তিনি এ ঘোষণা দেন। এছাড়া গ্রেফতারদের না ছাড়া পর্যন্ত বিএনপির নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় নগরীর মিয়াপাড়া রোডের বাসভবনে সংবাদ সম্মেলন করে মঞ্জু নির্বাচনী কার্যক্রম স্থগিতের এ ঘোষণা দেন।

এ সময় মঞ্জু অভিযোগ করে বলেন, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত নগরীজুড়ে পুলিশ ও ডিবির সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এছাড়া অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। নির্বাচনের কাজে যুক্ত থাকলে পরিণতি ভয়াবহ হবে বলেও ডিবি পুলিশ হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে বিএনপির নির্বাচনী প্রচারণামূলক সব কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারদের না ছাড়া এবং আতঙ্কমুক্ত পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত বিএনপির নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত গ্রেফতার নেতাকর্মীরা হলেন, নগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, যুবদল সভাপতি মাহবুব হোসেন পিয়ারু, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা উল বারী লাভলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ ১৯ নেতাকর্মী।

ইসলাম বিদ্বেষ কমলেও পরিস্থিতি উদ্বেগজনক : ওআইসি

807

আন্তর্জাতিক ডেস্ক : আগের বছরের তুলনায় বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ কিছুটা কমেছে বলে জানিয়েছে ওআইসি। ২০১৭-১৮ সালের (জুলাই-এপ্রিল) তাদের সর্বশেষ বাৎসরিক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। কিন্তু পরিস্থিতি এখনও আতঙ্কিত হওয়ার মতো বলেও রিপোর্টে জানানো হয়েছে। খবর বিবিসি।

বিশ্বজুড়ে মুসলিমদের ওপর অত্যাচার, নির্যাতন এবং মুসলিম বিদ্বেষের নজরদারি করে গত ১০ বছর ধরে প্রতিবছর একটি রিপোর্ট প্রকাশ করছে ওআইসি।

এ বছরের রিপোর্টে মিয়ানমারে মুসলমানদের ওপর সেদেশের সরকারের বিদ্বেষের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতে মুসলিমদের ওপর নানা সহিংস ঘটনার উল্লেখ করা হয়েছে।

ওআইসি বলছে- গত বছরের তুলনায় সামগ্রিকভাবে ইউরোপ আমেরিকায় কিছুটা ইতিবাচক লক্ষণ চোখে পড়েছে। তবে অনেক দেশে মুসলিমরা সুবিচার চাওয়ার সুযোগই পাচ্ছে না, ফলে সেসব জায়গা থেকে তথ্য জোগাড় কঠিন হয়ে পড়ছে।

যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষ কিছুটা কমার কারণ হিসেবে ‘যুক্তরাষ্ট্রে বর্ণ ও ধর্ম বিদ্বেষ নীতির ব্যর্থতা, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে ভাঙনের’ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

অন্যান্য কারণের মধ্যে ইউরোপের প্রধান কয়েকটি দেশের নির্বাচনে দক্ষিণপন্থি ইসলাম বিদ্বেষী দলগুলোর পরাজয়, ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ এবং বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ বাড়ানোর প্রয়াসের কথা বলা হয়েছে।

চলতি মাসের ৫-৬ তারিখে ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানেই ওআইসির রিপোর্টটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ম্যানিলায় এডিবির বার্ষিক সভা আজ

678

অনুসন্ধান নিউজ ডেস্ক : এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের ৫১তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে আজ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ব্যাংকের সদর দফতরে এ সভা অনুষ্ঠিত হবে। এশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো থেকে ৪ হাজারের বেশি প্রতিনিধি এ সভায় যোগ দেবেন।

সভা আয়োজনের জন্য এডিবি প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও ফিলিপাইন সরকার এবং দেশটির অর্থমন্ত্রী ও বোর্ড অব গভর্নরসের চেয়ার কালোর্স জি ডোমিনগুইয়েজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বছর সভার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ইনক্লুসিভ উন্নয়নের জন্য জনগণ ও অর্থনীতির সাথে যোগাযোগ।’

ম্যানিলায় এটি হবে এডিবির ১৬তম সভা। ম্যানিলায় সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১২ সালে। এবারের বৈঠকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কার্যকর উন্নয়নে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। গত বছরে ইকোহামায় অনুষ্ঠিত এডিবির বাষির্ক সভায় ডোমিনগুয়েজ বলেছিলেন, উন্নয়নশীল দেশগুলোকে দেয়া সহায়তা আরো জোরদার করতে হবে। বাসস।

কমরেড ফরহাদের বাড়ি দখলের ঘটনায় সিপিবির নিন্দা

121

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের পৈত্রিক বাড়ি দখলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দলটি।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম বুধবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের মতো একজন জাতীয় নেতা ও সাবেক সংসদ সদস্যের বাড়ি যদি এভাবে দখল হয়ে যায়, সেখানে সাধারণ মানুষের সম্পত্তি কীভাবে রক্ষা পাবে?

তারা বলেন, স্মৃতিবিজড়িত বাড়িটি উদ্ধার করতে হবে। সরকারের দায়িত্ব হচ্ছে দখলদারদের কাছ থেকে কমরেড ফরহাদের বাড়িটি দ্রুতই উদ্ধার করা।

বিবৃতিতে তারা আরও বলেন, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক গণমানুষের প্রিয় নেতা কমরেড মোহাম্মদ ফরহাদের দিনাজপুরের ক্ষেত্রিপাড়া পৈত্রিক বাড়ি দখলের তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বাড়িটি উদ্ধার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দিনাজপুরের এই বাড়িটি কমরেড মোহাম্মদ ফরহাদের স্মৃতিবিজড়িত। এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেছেন। বাড়িটি তার মা তৈয়বুন্নেছার নামে। তিনি যতদিন বেঁচে ছিলেন, ততদিন এই বাড়িতেই থাকতেন। কমরেড ফরহাদও দিনাজপুরে গেলে ওই বাড়িতে থাকতেন।

শুধু ব্যক্তিগত স্মৃতিই নয়, এই বাড়ির সঙ্গে অনেক রাজনৈতিক ঘটনাও যুক্ত হয়ে আছে। কিন্তু স্বাক্ষর জালিয়াতি করে বাড়িটি রেজিস্ট্রি করা হয় এবং বাড়ির ৬ শতক জমি বিক্রি করে দেয়া হয়। বাড়িতে অবৈধভাবে নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এই ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

303

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা (ডিআইজি) মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় দুদক কার্যালয়ে উপস্থিত হন ডিআইজি মিজান।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, গণমাধ্যমে সংবাদ এসেছে যে, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ পাওয়ায় দুদক কার্যালয়ে তলব করা হয়েছে।

তিনি বলেন, মিজানুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে তার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য চেয়ে গত ২৫ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডসহ ছয়টি সংস্থায় চিঠি দেয় দুদক। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারীর স্বাক্ষরে বিভিন্ন সংস্থায় তথ্য চেয়ে চিঠি দেয়া হয়। ওই চিঠি অনুযায়ী ডিআইজি মিজানকে আজ ৩ মে হাজিরা দিতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, অস্ত্রের মুখে তুলে নিয়ে এক নারীকে বিয়ে করার অভিযোগে গত ৯ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের (ডিআইজি) পদ থেকে মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তিনি পুলিশ সদর দফতরে সংযুক্ত রয়েছেন।

এছাড়া তার বিরুদ্ধে এক সংবাদ উপস্থাপিকাকে বিভিন্নভাবে হয়রানি ও হত্যার হুমকি দেয়ারও অভিযোগ রয়েছে।

বিতর্কিত এ পুলিশ কর্মকর্তার নামে-বেনামে শত কোটি টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ পেয়েছে দুদক। অভিযোগে বলা হয়েছে, ডিআইজি মিজানের নামে-বেনামে বহু সম্পদ রয়েছে যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

বাংলাদেশকে হোম ভেন্যু বানাবে পাকিস্তান!

590

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট নিজেদের দেশ থেকে নির্বাসিত। আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরাতে চেস্টার কমতিও নেই। প্রথমবার পিএসএলের ফাইনাল আয়োজন, এরপর সেমিফাইনাল-ফাইনাল, বিশ্ব একাদশকে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কিংবা শ্রীলঙ্কাকে এনে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার একটি প্রক্রিয়া চলমান। এ পরিস্থিতিতে তো আর পূর্নাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে যাবে না অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মত দেশগুলো।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর জঙ্গী হামলার পর থেকে পাকিস্তানের হোম ভেন্যু আরব আমিরাত। দেশটির তিনটি আন্তর্জাতিক মানের ভেন্যু, আবু ধাবি, দুবাই এবং শারজায় আয়োজন করা হয় পাকিস্তানের হোম ম্যাচগুলো। সে সময় থেকেই আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে দারুণ একটি সম্পর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

কিন্তু সেই ভালো সম্পর্ক এবার ভেঙে যাওয়ার পথে। কারণ, মধ্যপ্রাচ্যের দেশটি ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলার কারণে, পাকিস্তানের ব্যস্ত সূচিতে দারুণ ব্যঘাত ঘটতে যাচ্ছে। আরব আমিরাত এখনও পরিণত হতে যাচ্ছে বিশ্বব্যাপি নানা ফ্রাঞ্চাইজি লিগের তীর্থভূমিতে। আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) চাচ্ছে, আগামী মৌসুমের পুরোটা জুড়ে তাদের ভেন্যুগুলোতে বেশ কিছু টি-টোয়েন্টি লিগের আয়োজন করতে।

এর ফলে পাকিস্তানের হোম সিরিজের সূচি এলোমেলো হয়ে যাবে। ভেন্যু পাওয়া নিয়ে সমস্যা তৈরি হবে। অথ্যাৎ, পাকিস্তানের আন্তর্জাতিক সূচির সঙ্গে দারুণ একটি বিরোধ তৈরি হচ্ছে আরব আমিরাতের সঙ্গে। এই বিরোধ নিরসনের লক্ষ্যেই এই মাসে ইসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি কর্মকর্তাদের।

তবে, ফ্রাঞ্চাইজি লিগগুলোর চাহিদা বেড়ে যাওয়ার কারণে, পাকিস্তানের সামনে আন্তর্জাতিক সিরিজ আয়োজনেও আরব আমিরাতের মাঠগুলো ব্যবহারের ক্ষেত্রে ব্যায় বেড়ে যাচ্ছে কয়েকগুণ। ইসিবি কর্তৃপক্ষ আগে যে ভাড়া নিতো, তার চেয়েও এখন বেশি দাবি করছে তারা। তবে, অর্থ দিয়ে মাঠ ভাড়া পাওয়া গেলেও হতো, ইতিমধ্যেই বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি লিগের জন্য দুবাই এবং শারজাহ’র বরাদ্ধও নিশ্চিত করে ফেলেছে ইসিবি।

এ বছর অক্টোবরেই আফগানিস্তান তাদের নতুন ফ্রাঞ্জাইজি লিগের আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাতে। ডিসেম্বরে অনুষ্ঠিত হবে টি-টেন লিগের দ্বিতীয় আসর। গত বছর চার দিনেই শেষ হয়েছিল এই লিগটি। এবার সেটি সম্পন্ন করতে লাগবে ১০দিন। আগামী জানুয়ারিতে আরব আমিরাত ক্রিকেট বোর্ড নিজেরাই নতুন একটি লিগের সূচনা করতে যাচ্ছে, এরাবিয়ান ক্রিকেট লিগ নামে।

এর মধ্যে আগামী সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ ক্রিকেট। এছাড়া আগামী ফেব্রুয়ারি-মার্চে রয়েছে পিএসএলের চতুর্থ আসর। সুতরাং, আরব আমিরাতের ক্যালেন্ডারে দারুণ একটি ব্যাস্ত মৌসুম রয়েছে সামনে। এর মধ্যে তো আনাই হয়নি আইপিএলের বিষয়টি। আগামী বছর ভারতের সাধারণ নির্বাচনের কারণে, আইপিএলের একটা অংশ স্থানান্তরিত হয়ে চলে আসতে পারে আরব আমিরাতে।

এমনিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটিং কর্মকাণ্ডে বেশ খুশি আরব আমিরাত ক্রিকেট কর্তৃপক্ষ। এ নিয়ে এখনও পর্যন্ত দু’দেশের মধ্যে কোনো ঝামেলা তৈরি হয়নি। তবে ইএসপিএন ক্রিকইনফো যেটা জানতে পেরেছে, সেটা হলো, পিসিবি ইসিবির কাছে অনুরোধ করেছে, অন্য ক্রিকেটিং কর্মকাণ্ডগুলো এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে। যেটা ইসিবির জন্য মোটেও সম্ভব নয়। বরং, অক্টোবর থেকে মার্চ পর্যন্তই তাদের ভেন্যুগুলো সবচেয়ে বেশি ব্যবহারের সময় এবং বিদেশি লিগগুলোর জন্য ভাড়া দেয়ার সময়।

এই যখন পরিস্থিতি, তখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য কোথায় নিজেদের হোম ভেন্যু স্থানান্তর করবে সে চিন্তায় পড়ে গেছে পাকিস্তান। এ জন্য যদিও তাদের প্রথম চিন্তায় ছিল মালয়েশিয়া; কিন্তু দেশটিতে প্রচুর বৃষ্টিপাতের কারণে এবং আর আগে কখনও টেস্ট আয়োজন না করার কারণে, টেস্ট সিরিজ আয়োজন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গেছে পিসিবি কর্মকর্তারা।

এ কারণে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকেও সম্ভাব্য হোম ভেন্যু হিসেবে চিন্তা করে রেখেছে পাকিস্তান। এমনিতে মালয়েশিয়ায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম মাত্র একটি। তার ওপর, কোনোটাই টেস্ট ভেন্যু নয় এবং তুমুল বৃষ্টিপাতের উপদ্রব। এ কারণে, পাকিস্তানের প্রথম চোখ পড়েছিল বাংলাদেশের দিকেই। যদিও, বিষয়টা এখনও নিশ্চিত নয়। কারণ, বাংলাদেশেরও ব্যস্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক সূচি রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে ভেন্যু পাওয়া পাকিস্তানের জন্য এক কথায় অসম্ভবই।

বিকল্প হিসেবে শ্রীলঙ্কাও রয়েছে পাকিস্তানের চিন্তায়। এর আগে ২০০২-২০০৩ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি হোম সিরিজ শ্রীলঙ্কায় খেলেছিল পাকিস্তান। কিন্তু সেখানেও রয়েছে বাংলাদেশের মত একই সমস্যা। তাদেরও ব্যাস্ত ঘরোয়া মৌসুম এবং আন্তর্জাতিক সূচি। এ পরিস্থিতিতে কী করবে পাকিস্তান? কাতারের কথাও ভাবছে তারা। যদিও, আরব আমিরাতের চেয়েও কাতারে ক্রিকেট আয়োজন করা অনেক বেশি ব্যায়বহূল। তারওপর, সেখানে দর্শকই হবে না মাঠে।

সব মিলিয়ে পাকিস্তান পড়ে গেছে এখন বিশাল এক ফাঁদে। ইংল্যান্ডের কথাও ভাবছে তারা। কিন্তু সেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার চেয়েও বেশি ব্যস্ত সূচি। এ পরিস্থিতিতে পিসিবি কী নিজেদের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসে দাঁড়াবে? সে সম্ভাবনা কিছুটা ক্ষীণ। কারণ, পিসিবির সঙ্গে বিসিবির সম্পর্কটা এখন ভালো নয়। গত বছর পাকিস্তানের বাংলাদেশ সফর করার কথা ছিল। তাদের দেশে বাংলাদেশ যায়নি বলে পাকিস্তানও নিজেদের সফরটা বাতিল করে দিয়েছিল।

এ পরিস্থিতিতে প্রস্তাব এলে কী করবে বিসিবি? স্থানীয় মিডিয়ার পক্ষ থেকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পিসিবি এ ব্যাপারে আমাদের কাছে কোনো প্রস্তাব কিংবা মৌখিকভাবেও কোনো প্রস্তাব দেয়নি।’

ছোট কাঁধে বড় দায়িত্ব

0

নিজস্ব প্রতিবেদক : আগারগাঁও প্রধান সড়ক থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের দিকে যাওয়ার রাস্তায় রাখা পাইপের উপর বসে আছে আনুমানিক ১২ বছরের একটি শিশু, নাম মুন্না। তার পাশেই নিচে বসে বস্তায় প্লাস্টিকের বোতলগুলো গুছিয়ে রাখছিল বন্ধু রতন। তারও বয়স ১১ বছরের মতোই হবে।

পাশ দিয়ে কর্মব্যস্ত অসংখ্য মানুষের হেঁটে চলা। কিন্তু সেদিকে তাদের খেয়াল নেই, আপন মনে নিজেদের মধ্যে গল্প করছিল তারা। কিন্তু তাদের গল্পের বিষয় শুনে থমকে দাঁড়িয়ে যেতে হল। কিছুটা বিস্ময় আর আগ্রহ নিয়ে শুনছিলেন অনেকেই।

এ সময় রতনকে মুন্না বলছিল ‘আগামী মাসে খরচ একটু বেশি হবে, বাসা ভাড়াসহ আরও বেশ কিছু খরচ আছে।’ রতনও মুন্নার কথার সঙ্গে সায় দিয়ে বলে ‘আমারও দাদিকে টাকা দেয়া লাগবে’। বয়সের তুলনায় তাদের আলোচনায় ভারটা ছিল অবাক করার মতই। দুই শিশুর এমন কঠিন আলোচনা শুনে অনেকটা আগ্রহ নিয়েই আলাপ হয় তাদের সঙ্গে।

মুন্না জানায়, বাবা অনেক আগেই তাদের ছেড়ে চলে গেছেন। মা বাসাবাড়িতে কাজ করেন। সে (মুন্না) আগে লেগুনার হেলপারিসহ নানা কাজ করলেও এখন সারাদিন ভাঙ্গারি জিনিস কুড়িয়ে তা কেজি দরে বিক্রি করে। সংসারের মূল খরচ তাকেই জোগাড় করতে হয়।

‘স্কুলে পড়তে চাইছিলাম কিন্তু কাজের লাইগ্যা আর পড়া হয়নি’ উল্লেখ করে মুন্না বলে, ‘এলাকার অনেক বন্ধুই পড়ালেখা করে, কিন্তু আমার সংসারে খরচ দেয়া লাগে। এ জন্য আর স্কুলে যাওয়া হয় না। প্রতিদিন সকালে বের হই, বিভিন্ন জায়গা ঘুরে ভাঙ্গারি জিনিস কুড়াই এরপর দুপুরে গিয়ে আগারগাঁও সেগুলো বিক্রি করি। প্রতিদিন প্রায় ২০০ টাকা করে আয় হয়। আমি নিজে ২০/৩০ টাকা নিয়ে খরচ করি। বাকিটা মাকে দিয়ে দেই। এরপর দুপুরের খাওয়া শেষ করে আবার বের হয়ে যাই কাজে।’

‘আমি কাজ না করলে মা একা সংসার চালাতে তো পারবে না তাই কাজ করতে হয়’ উল্লেখ করে মুন্না বলে, ‘প্রতিদিন কাজ করতে কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই। কারণ আমার বাবা নেই, আমার কাঁধেই সংসারের দায়িত্ব।’

অন্যদিকে রতনের মা মারা গেছেন, বাবাও অন্য কোথায় চলে গেছেন। সে দাদির সঙ্গে আগারগাঁওয়ের একটি বস্তিতে থাকে। তার কাঁধেও সংসারের দায়িত্ব। আলাপকালে রতন জানায়, ‘দাদির বয়স হয়েছে তারপরও বিভিন্ন বাসায় কাজ করে। আর আমি ভাঙ্গারি কুড়িয়ে বিক্রি করি। প্রতিদিন যে টাকা পাই তা দিয়ে বাজার করি আর দাদি রান্না করে। দাদি মানুষের বাসায় মাঝে মাঝে কাজ করে সেখান থেকে কিছু টাকা আসে, আর আমার আয় দিয়ে সংসার চলে। এ জন্য আমি আর স্কুলে যেতে পারি না কিন্তু আমার অন্য বন্ধুরা ঠিকই স্কুলে যায়।’

দেশের বিভিন্ন প্রান্তে নানা বয়সি শিশুরা কলকারখানা, হোটেল-রেস্তোরাঁ, ঘর-বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছে। শৈশবের আনন্দ, পরিবার পরিজন থেকে স্নেহ বঞ্চিত এসব শিশুদের দিয়ে অনেক ক্ষেত্রেই আইন লঙ্ঘন করে কাজ করানো হচ্ছে। অথচ সরকার শ্রমিক অধিকারকে সংরক্ষণের জন্য শ্রম আইন-২০০৬ (সংশোধন-২০১৩) প্রণয়ন করেছে। এ আইনের ৩৪ ধারায় বলা হয়েছে, কোনো পেশায় বা প্রতিষ্ঠানে কোনো শিশু ও কিশোরকে নিয়োগ করা যাবে না বা কাজ করতে দেওয়া যাবে না। এদের মধ্যে অনেকই জানে না মে দিবসের কথা।

১৮৮৬ সালের ১মে শ্রমিকরা দৈনিক সর্বোচ্চ কর্মঘণ্টা ৮ ঘণ্টা নির্ধারণের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্প এলাকায় ধর্মঘটের ডাক দেন। শিকাগো শহরের ৩ লাখেরও বেশি শ্রমিক কাজ বন্ধ রাখেন এবং প্রায় ১ লাখ ৮৫ হাজার শ্রমিক সমবেত হন ঐ শহরের ‘হে মার্কেটে’। বিক্ষোভের এক পযায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান ১০ শ্রমিক। নিমিষেই সে আন্দোলন ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। মার্কিন সরকার মেনে নেয় তাদের দাবি। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে স্বীকৃতি দেওয়া হয় ১মে শিকাগোর শ্রমিকদের রক্তদানকে। তখন থেকে বিশ্বব্যাপী পালিত হতে থাকে মে দিবস।

Dhaka, BD
haze
24 ° C
24 °
24 °
53 %
0kmh
0 %
শুক্র
24 °
শনি
26 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °

সর্বাধিক পঠিত