17 C
Dhaka, BD
Home Blog Page 847

মাদারীপুর সালিশ বৈঠকে ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

0

জেলা প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে সালিশ বৈঠকে ইউপি চেয়ারম্যান মুরাদ হাওলাদারকে ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ সময় ডাব নিয়ে আসা ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

টাকার বিনিময়ে ডাবে ছিদ্র করে বিষ মিশিয়ে চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা কথা পুলিশের কাছে স্বীকার করেছে আটক ব্যক্তি। এ ব্যাপারে মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিবচরের শিরুয়াইল ইউনিয়নের চার বারের চেয়ারম্যান মুরাদ হাওলাদার শনিবার বিকেলে উৎরাইল এলাকায় পল্লী বিদ্যুতের একটি সালিশ-মিমাংসা করেন। এ সময় তার পূর্ব পরিচিত একই ইউনিয়নের পশ্চিম চর কাকইর গ্রামের মাঝি ওবায়দুল শিকদার (৩৪) দুটি ডাব এনে চেয়ারম্যানকে খাওয়ার অনুরোধ করে। তার অনুরোধে দুটি ডাব কাটা হলে একটি পানি শূন্য পাওয়া যায়। অপর ডাবের পানি গ্লাসে ঢেলে চেয়ারম্যানকে দেয়া হয়। চেয়ারম্যান ডাবের পানি মুখে নিলে তীব্র দুর্গন্ধ ও অস্বস্তি বোধ করে।

পানিতে বিষাক্ত পদার্থের উপস্থিতি অনুমান করে তাৎক্ষণিক মুখ থেকে তা ফেলে দেয়। তখন ওবায়দুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা আটক করে। পরে নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহারুলসহ একটি দল ঘটনাস্থল থেকে ওবায়দুলকে আটক করে শিবচর থানায় নিয়ে আসে।

আটক ওবায়দুল জানায়- একই ইউনিয়নের আ. হাই মাস্টারের ছেলে নূর আলম চেয়াম্যানকে খাওয়ানোর জন্য তাকে ডাব দুটি দিয়েছে। চেয়ারম্যানকে মেরে ফেলার জন্য কিছুদিন আগে নূর আলমসহ আরও অপরিচিত দুইজন তাকে দুই লাখ টাকা দিতে চেয়েছে। আটক ওবায়দুল পশ্চিম চর কাকইর গ্রামের মৃত কাদির শিকদারের ছেলে। এ ব্যাপারে রোববার বিকেলে শিবচর থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য জাহাঙ্গীর কাজী বলেন, চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যেই ওবায়দুল ডাবটি খাওয়ায়। এটি বড় চক্রান্ত। এর আগেও চেয়ারম্যানের ওপর কয়েক দফা হামলা হয়েছিল।

আটক ওবায়দুল বলেন, আমি মাঝি। ট্রলার বিক্রির পর বেকার হয়ে পড়লে নূর আলম চেয়্যারম্যানকে হত্যা করলে দুই লাখ টাকা দিতে চেয়েছিল। শনিবার তিনি আমাকে দুটি ডাব দিয়ে চেয়ারম্যানকে খাওয়াতে বলে।

শিরুয়াইল ইউপি চেয়ারম্যান মুরাদ হাওলাদার বলেন, আটক ওবায়দুলকে বিশ্বাস করতাম। তার দেয়া ডাবের পানি পান করতে মুখে নিলে তীব্র দুর্গন্ধ ও মুখ আটকে আসলে বমি করি। ওবায়দুলের কাছে ডাব কোথা থেকে আনা হয়েছে জানতে চাইলে প্রথমে নিজ বাড়ির কথা বলে। পরে আমাকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করে। নিশ্চয়ই এর পেছনে বড় চক্রান্ত আছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার চাই।

নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহারুল ইসলাম বলেন, পরীক্ষার জন্য ডাবের খোসা সংরক্ষণ করা হয়েছে। ওবায়দুল স্বীকারোক্তি দিয়েছে।

শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

এখন শুধু ভোটের অপেক্ষা

0

নিজস্ব প্রতিবেদক, খুলনা : আর মাত্র একদিন পরই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। নগরীর ৪ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন ভোটার আগামীকাল মঙ্গলবার ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন নবম নগরপিতা। এ সময় তারা ৩১ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ১০ নারী কাউন্সিলরকেও নির্বাচিত করবেন।

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নগর জুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নির্বাচন কমিশনও এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নগরীতে পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবি টহল দেয়া শুরু করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কেসিসি নির্বাচনে গত ২৪ এপ্রিল থেকে ৫ জন মেয়র, ১৪৮ জন সাধারণ ও ৩৮ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৯১ জন প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে সকল প্রচার-প্রচারণা নিষিদ্ধ হওয়ায় রোববার রাত ১২টায় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে গণসংযোগসহ সকল প্রকার প্রচারণা বন্ধ হয়ে গেছে।

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, ইসলামী আন্দোলনের মো. মুজ্জাম্মিল হক, জাতীয় পার্টির শফিকুর রহমান ও সিপিবির মিজানুর রহমান বাবু।

এদিকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দ্রে এ ভোট গ্রহণ করা হবে। ভোটারদের সুবিধার্থে এক হাজার ৪২৮টি স্থায়ী বুথ ছাড়াও ৩৩টি অস্থায়ী বুথ নির্মাণ করা হয়েছে।

এবার ২০২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ও ৮৬টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার, আনসার ব্যাটেলিয়ন ও আনসার ভিডিপির মোট ২৪ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৪ হাজার ৯৭২ কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন।

র্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম ও কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সোনালী সেন জানান, নির্বাচনে তিন হাজার ৪৩৭ জন পুলিশ, ১৬ প্লাটুন বিজিবি ও ৩০০ এপিবিএন সদস্য এবং আনসারের চার হাজার ৮শ ৪৫ জন দায়িত্ব পালন করছে।

এপিবিএন ও ব্যাটেলিয়ান আনসারের সমন্বয়ে ৩১টি মোবাইল ফোর্স, ১১টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ৩২টি সেক্টর পার্টি, ৪টি স্ট্রাইকিং ফোর্স আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ শুরু করেছে। এছাড়া ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

ইভিএম সূত্রানুযায়ী, কেসিসি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৩১টি ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডে ভোট গ্রহণ করা হচ্ছে। ২৪নং ওয়ার্ডের ২০৬ নম্বর কেন্দ্রে ও ২৭ নম্বর ওয়ার্ডের ২৩৯ নম্বর কেন্দ্রে মোট ১০টি ইভিএম থাকবে।

নির্বাচনের আগে সহিংসতা বন্ধে ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য শনিবার মধ্যরাতের মধ্যে বহিরাগতদের নগরী ত্যাগ করার এবং ইঞ্জিন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নগরীর প্রবেশদ্বারে পুলিশের বাড়তি চেক পোস্ট বসানো হয়েছে। র্যাব ও পুলিশের সদস্যরা টহল শুরু করেছেন। ভোট গ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত নগরীতে ২৪ ঘণ্টা সাত প্লাটুন বিজিবি’র টহল জোরদার থাকবে। গত শুক্রবার থেকে অনুমোদনহীন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে সকল পুলিশ ফোর্সদের ইতোমধ্যে সকল প্রকার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।

রিটার্নিং অফিসার ইউনুচ আলী বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে আইন-শৃঙ্খলা বাহিনী বহিরাগতদের প্রবেশ রোধে অগ্রণী ভূমিকা পালন করছে দাবি করে তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সব শ্রেণি-পেশার মানুষ সহযোগিতা করছেন। আগামীকাল মঙ্গলবার সুষ্ঠু নির্বাচন সম্পন্নের মাধ্যমে খুলনাবাসীকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেসিসিতে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৫০৪ জন এবং নারী ২ লাখ ১৬ হাজার ৬২ জন।

৬০ বছর প্রতি সপ্তাহে একবার রক্ত দিয়েছেন তিনি

0

আন্তর্জাতিক ডেস্ক : আসল নাম জেমস হ্যারিসন। তবে বেশিরভাগ মানুষ সোনালি বাহুর মানুষ নামে চেনে তাকে। বয়স ৮১ বছর। জীবনের এই ৮১ বছরের মধ্যে গত ৬০ বছর ধরে তিনি প্রতি সপ্তাহে রক্ত দান করেছেন। আর তার এ রক্ত বাঁচিয়েছে অস্ট্রেলিয়ার ২৪ লাখ শিশুর জীবন। অস্ট্রেলিয়ার রেডক্রস ব্লাড সার্ভিস এ তথ্য জানিয়েছে।

হ্যারিসনের রক্তে রোগ প্রতিরোধকারী অনন্য এক ধরনের অ্যান্টিবডি রয়েছে; যা অ্যান্টি-ডি নামে এক ধরনের ইনজেকশন তৈরিতে ব্যবহৃত হয়। এই অ্যান্টিবডি রেসাস ডিজিজ (রক্তের গ্রুপ-সংক্রান্ত) প্রতিরোধে ব্যাপকভাবে সাহায্য করে।

এ রোগের ফলে কোনো গর্ভবতী নারীর রক্ত তার গর্ভে থাকা সন্তানের রক্তেকোষে আক্রমণ করে বসে। এর ফলে গর্ভে থাকা সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে।

কারো রক্তের গ্রুপ পজেটিভ হবে, না নেগেটিভ হবে তা ঠিক করে দেয় রেসাস ফ্যাক্টর। মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় আর গর্ভে থাকা সন্তানের রক্তের গ্রুপ যদি পৈত্রিক সূত্রে পজেটিভ হয় তাহলে রেসাস ডিজিজের সম্ভাবনা থাকে।

আগেরবারে গর্ভে ধারণ করা সন্তানের রেসাস-পজিটিভ রক্তের কারণে মা যদি রেসাস-পজিটিভ রক্তে সংবেদনশীল হয়ে পড়েন তখন ওই মায়ের রক্ত এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে ফেলে; যা গর্ভে থাকা সন্তানের অপরিচিত রক্তকোষ ধ্বংস করতে শুরু করে। যেটা শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

যেভাবে সামনে এলেন হ্যারিসন
অস্ট্রেলিয়ার রেডক্রস ব্লাড সার্ভিস জানায়, মাত্র ১৪ বছর বয়সে তার বুকে একটা অস্ত্রোপচার করা হয়। ওই অস্ত্রোপচারে অনেক রক্ত লেগেছিল। তখন অন্যের দেয়া রক্তে তার জীবন বাঁচে। তারপরই রক্ত দেয়ার কথা চিন্তায় আসে তার।

কয়েক বছর পর, চিকিৎসকরা আবিষ্কার করেন তার রক্তে এক ধরনের অ্যান্টিবডি আছে যা অ্যান্টি-ডি ইনজেকশন তৈরিতে ব্যবহৃত হয়। তিনিও তার রক্তের প্লাজমা (বর্ণহীন রক্তের তরল অংশ) নিয়মিত দান করার সিদ্ধান্ত নেন।

চিকিৎসকরা নিশ্চিত নন তার রক্তে এ বিশেষত্বের কারণ কী। তবে ১৪ বছর বয়সে তার যে অস্ত্রোপচার করা হয় তখন কিছু একটার জন্য এমনটা হতে পারে বলে ধারণা তাদের।

প্রতি ব্যাগ রক্তই মূল্যবান, তবে হ্যারিসনের রক্ত আরও বেশি মূল্যবান। তার রক্ত জীবন রক্ষাকারী চিকিৎসা সেবায় ব্যবহৃত হয়েছে। যেসব শিশু মায়ের গর্ভে রেসাস ডিজিজে ভুগতো তার রক্ত সেসব শিশুদের জীবন বাঁচিয়েছে। অস্ট্রেলিয়াতে যত অ্যান্টি-ডি তৈরি হয়েছে তার সবই হ্যারিসনের রক্ত থেকে তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ায় ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত ৩০ লাখেরও বেশি মায়ের শরীরে অ্যান্টি-ডি ভ্যাকসিন দেয়া হয়েছে। এসব নারীদের তালিকায় হ্যারিসনের মেয়েও রয়েছেন।

এই অ্যান্টি-ডি ভ্যাকসিনের কারণে আমি আমার দ্বিতীয় নাতিকে দেখার সৌভাগ্য অর্জন করছি। তুমি কারও জীবন রক্ষা করছ ভেবে অনেক ভালো লাগবে, কিন্তু যদি জান, তুমি অনেকের জীবন বাঁচিয়েছ, তাহলে সেটা মহৎ কিছু, জানান হ্যারিসন।

হ্যারিসনের রক্তে অ্যান্টিবডি আবিষ্কারকে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা নিশ্চিত গেম চেঞ্জার বলে অভিহিত করেছেন।

অস্ট্রেলিয়ায় ১৯৬৭ সাল পর্যন্ত প্রতি বছর হাজার হাজার শিশু মারা যেত, কিন্তু চিকিৎসকরা জানতো না ঠিক কী কারণে এমনটি হচ্ছে।

হ্যারিসনকে অস্ট্রেলিয়ায় জাতীয় বীর বলে আখ্যায়িত করা হয়। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। এসব পুরস্কারের মধ্যে দেশের সবচেয়ে সম্মানজনক পুরস্কার মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়াও রয়েছে।

হ্যারিসন বলেন, কেউ যখন এসে বলে তুমি এটা করেছ, ওটা করেছ, তুমি তো নায়ক.. তখন বিষয়টা বেশ বিব্রতকর হয়। আমি যা করতে পারি আমি তাই করেছি।

গত শুক্রবার সর্বশেষ রক্ত দিয়ে তিনি দীর্ঘ ৬০ বছরের রক্তদানের জীবন থেকে অবসর নিয়েছেন।

এসকে ট্রিমসের আইপিও আবেদন শুরু সোমবার

0

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার থেকে এসকে ট্রিমসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে। বিনিয়োগকারীরা আগামী ২২ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন করতে পারবেন।

কোম্পানিটি ১০ টাকা অবিহিত মূল্যে পুঁজিবাজারে তিন কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। এ অর্থ দিয়ে এসকে ট্রিমস যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিও খাতে ব্যয় করবে।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে। এই কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও বিএমএসএল ইনভেস্টমেন্টস।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া এসকে ট্রিমসের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৯ পয়সা। আর শেষ ৩টি আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ভারিত গড়হারে হয়েছে ১ টাকা ৩১ পয়সা।

বিকেলে সিইসির সঙ্গে বসবেন বিএনপি নেতারা

0

নিজস্ব প্রতিবেদক : বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করবেন।

রোববার বিকেল ৪টা ১৫ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

এ ছাড়া আজ বিকেলেই ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করবেন বিএনপি নেতারা। রোববার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চিনি-পেঁয়াজ ছাড়া সব পণ্যের বাজারদর স্বাভাবিক : বাণিজ্যমন্ত্রী

0

নিজস্ব প্রতিবেদক : চিনি ও পেঁয়াজ ছাড়া সব ধরনের পণ্যের বাজারদর স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রমজানের পবিত্রতা রক্ষার্থে ব্যবসায়ীদের সহনীয় পর্যায়ে লাভ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে রমজান উপলক্ষে নিত্যপণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, অনেক সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের লোকজন আমাদের হয়রানি করছে। অনেক সময় বস্তার ওজন এবং বস্তাতে দাম লেখার বিষয়ে ঝামেলা সৃষ্টি করে।

এ প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী ভোক্তা অধিদফতরের মহাপরিচালকের উদ্দেশ্যে বলেন, রোজার মাসে এসব যেন না করা হয়। শুধু দামের ও ওজনের বিষয়টিতে নজরদারি করবে তারা।

মন্ত্রী বলেন, সব ধরনের নিত্যপণ্য মজুত অনেক বেশি রয়েছে। তাই আসন্ন রমজানে পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই। তারপরও যদি কোনো ব্যবসায়ী পণ্য মজুত করে দাম বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

আতঙ্কে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা

114

নিজস্ব প্রতিবেদক : সরকার থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিশেষ সুবিধা দেয়া এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের দুই প্রতিষ্ঠান শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়ামকে অনুমোদন দেয়ার পরও শেয়ারবাজারে টানা দরপতন অব্যাহত রয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন অনেক বিনিয়োগকারী।

গত সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে টানা আট কার্যদিবস পতনের মধ্যে থাকল দেশের শেয়ারবাজার।

এ বিষয়ে মো. রায়হান নামে এক বিনিয়োগকারী বলেন, ‘গত মাসে শেয়ারবাজারে দরপতন দেখা দিলে বিভিন্ন মাধ্যম থেকে শোনা যায় ব্যাংক কোম্পানিগুলো তারল্য সঙ্কটে রয়েছে, যার নেতিবাচাক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ব্যাংকের তারল্য বাড়ার উদ্যোগ নেয়া হলে সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর সরকার থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের তারল্য বাড়াতে বিশেষ সুবিধা দেয়া হল। এরপর কিছুদিন বাজার ঊর্ধ্বমুখী থেকে আবার দরপতন হয়।’

তিনি বলেন, ‘সে সময় বাজারে গুঞ্জন ছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চীনা কনসোর্টিয়ামকে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অনুমোদন নাও দিতে পারে। আর যদি চীনা কনসোর্টিয়াম অনুমোদন পায় তাহলে বাজারে বড় ধরণের ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু বিএসইসি থেকে চীনা কনসোর্টিয়ামকে অনুমোদন দেয়ার পরও বজারে কোনো ইতিবাচক প্রভাব দেখছি না। বরং টানা দরপতন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এই আশায় শেয়ার বিক্রি না করে নতুন করে আরও কিছু শেয়ার কিনি। কিন্তু এখন দেখছি সব শেয়ারের দাম কমছে। আমার পোর্টফোলিওতে যে কয়কটি কোম্পানির শেয়ার আছে, সবগুলোয় আমি লোকসানে রয়েছি। এই দরপতন আর কিছুদিন অব্যহত থাকলে পুঁজি অর্ধেকে নেমে আসবে।’

রাইসুল ইসলাম নামে অপর এক বিনিয়োগকারী বলেন, ‘প্রতিদিনই আশায় থাকি বাজার ঘুরে দাঁড়াবে, আমার শেয়ারগুলোর দাম বাড়বে। কিন্তু গত দুই সপ্তাহ ধরে একদিনের জন্যও বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা পেলাম না। প্রতিদিনই দরপতন হচ্ছে, আর শেয়ারের দাম কমে একটু একটু করে পুঁজি শেষ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে পুঁজি হারানোর শঙ্কা।’

বাজার পর্যালোচনায় দেখা যায়, মূল্যসূচকের পাশাপাশি রোববার প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। বাজারটিতে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ২১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম ।

এদিন বাজারটিতে মোট ৩৭৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৫৬২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আগের দিনের তুলনায় ১৮৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কম লেনদেন হয়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩০১ পয়েন্টে।

টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ডের শেয়ার। আজ প্রতিষ্ঠানটির মোট ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৮ লাখ টাকার। ১৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

লেনদেনে এরপর রয়েছে- বিএসআরএম, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড, ব্র্যাক ব্যাংক, লিগাসি ফুটওয়্যার, সিনো বাংলা এবং বিবিএস কেবলস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৩৫ পয়েন্ট কমে ১০ হাজার ৩৯৪ পয়েন্টে অবস্থান করছে। রোববার বাজারটিতে মোট ২৩১টি প্রতিষ্ঠানের ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ।

মঙ্গলবার ৯ জেলার ব্যাংক বন্ধ

2

নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১৫ মে (মঙ্গলবার) চট্টগ্রাম, খুলনা, যশোরসহ দেশের ৯ জেলার নির্বাচনী এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

রোববার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘১৫ মে খুলনা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ওইদিন ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।’

১৫ মে খুলনা সিটি কর্পোরেশন ছাড়াও বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচন হবে। একইভাবে এদিন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, চাঁদপুর জেলার দ্বাদশগ্রাম ইউপি নির্বাচন, ভোলার মুজিবনগর ইউপি নির্বাচন, ঝালকাঠি জেলার পোনাবালিয়া ইউপি নির্বাচন, যশোরের হরিহরনগর ইউপি নির্বাচন, গাইবান্ধার ফজলুপুর ইউপি নির্বাচন, মুন্সীগঞ্জ জেলার পাঁচগাওয়ে ইউপি নির্বাচন হবে।

বাংলাদেশ ব্যাংকের পৃথক একটি প্রজ্ঞাপনে, ১৫ মে নির্বাচনী এলাকায় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক শাখাসহ সব শাখা বন্ধ রাখার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

মাথায় রিভলবার ধরে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

0

জেলা প্রতিনিধি গাজীপুর : গাজীপুরে প্রকাশ্যে গুলি করে রবি ও বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার উনিশে টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীদের গুলিতে রবির হিসাবরক্ষক কর্মকর্তা আসাদুর রহমান আসাদ ও সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা ইকবাল হোসেন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

এদের মধ্যে আসাদ ও ইকবালকে প্রথমে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই এজেন্টের মালিক মহিউদ্দিন জমাদ্দার জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে চান্দনা চৌরাস্তা গ্রেটওয়ার্ল্ড হাউজিং সোসাইটির নিজ প্রতিষ্ঠান জমাদ্দার এন্টারপ্রাইজ থেকে আসাদ, ইকবাল ও সুমন ১৫ লাখ টাকা ইউসিবি ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দিতে যায়।

বেলা ১১টার দিকে তারা ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের ইউসিবি ব্যাংকের নিচে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে।

এ সময় তাদের মাথায় রিভলবার ধরে টাকার ব্যাগ দিতে বলে ছিনতাইকারীরা। ব্যাগ নিয়ে টানাটানির একপর্যায়ে ছিনতাইকারীরা আসাদ ও ইকবালকে লক্ষ্য করে ৪-৫টি গুলি ছোড়ে।

ছিনতাইকারী একজনকে ধরার চেষ্টা করলে বিকাশের স্টোর ম্যানেজার সুমন মিয়াও পায়ে আঘাত পান। পরে আতঙ্ক সৃষ্টি করে টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দুটি মটরসাইকেলযোগে পালিয়ে যায়।

গুলিতে আহত আসাদ ও ইকবালকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেলে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিলেক কলেজ হাসপাতালে স্থানান্তর করা করা হয়।

খবর পেয়ে গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফাজ্জল হোসেন ও জয়দেবপুর থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল থেকে ছিনতাকারীদের ফেলে যাওয়া গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংসদ থেকে চিরবিদায় নিলেন সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম

0

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জাতীয় পার্টির এমপি ও সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলামের নামাযে জানাজা রোববার (১৩ মে) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাকে সংসদ থেকে চিরবিদায় দেন তার দীর্ঘদিনের সহকর্মী ও সংসদের কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি বৃহস্পতিবার (১০ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসাইন মুহাম্মদ এরশাদের পক্ষে পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির পক্ষে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মরহুমের জানাজায় আরও উপস্থিত ছিলেন হুইপ মো. শহীদুজ্জামান সরকার, শ্রম ও কর্মসংসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা প্রমূখ। এছাড়া সাবেক ও বর্তমান সংসদ সদস্যবৃন্দসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন।

এর আগে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

পেশায় শিল্পপতি মাঈদুল ইসলাম ছয়বার এমপি নির্বাচিত হয়েছেন। জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ সরকারের মন্ত্রিসভাতেও তিনি দায়িত্ব পালন করেন।

আজ আসরের পর গুলশানের আজাদ মসজিদে আরও দুই দফা জানাজা হবে মাঈদুল ইসলামের। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Dhaka, BD
mist
17 ° C
17 °
17 °
88 %
0kmh
40 %
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
27 °

সর্বাধিক পঠিত