22 C
Dhaka, BD
Home Blog Page 848

শেকৃবিতে কৃষি ক্যাডারদের মৌ পালনের প্রশিক্ষণের সমাপনী

0

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি ক্যাডারদের মৌ পালনের উপর ৯০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের অর্থায়নে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পযার্য়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেয়া হয়।

প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক অমিতাভ দাস, গেস্ট অব অনার ও কোর্স আহ্বায়ক প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে এবং বর্তমান প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে আমাদের নিজেদেরকে আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু তা-ই নয়, প্রাপ্ত প্রশিক্ষণ বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মাঠে কৃষকদের মাঝে এ সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

২০২৩ সালের মধ্যে জেলায় জেলায় সরকার : অর্থমন্ত্রী

0

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমানে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি। তবে এটাকে ১০ শতাংশে উন্নীত করে জেলায় জেলায় সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইসতেহারেও এটা উল্লেখ থাকবে। আগামী ৫ বছরে (২০২৩ সালের মধ্যে) আমরা জেলায় জেলায় সরকার প্রতিষ্ঠা করব। তবে একটা কেন্দ্রীয় সরকারও থাকবে।

রোববার রাজধানীর জাতীয় যাদুঘরে ড. এ কে আব্দুল মোমেন রচিত বই ‘বাংলাদেশের স্বাধীনতা ও প্রাপ্ত’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি প্রকাশ করে চারুলীপি প্রকাশনী।

অর্থমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে ২০২৩ সালের মধ্যে জেলায় জেলায় সরকার প্রতিষ্ঠা করব। এর মানে এই নয় যে, কেন্দ্রীয় সরকার থাকবে না। কেন্দ্রীয় সরকারও থাকবে। দুই সরকার সমন্বয় করে কাজ করবে। প্রতিটি মানুষ যেন জেলায় সব ধরনের সেবা পায় সে জন্যই এটি করা হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের মধ্যেই দেশে আর দারিদ্র্য থাকবে না। তবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীরা যা মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ সরকারের উপর নির্ভশীল থাকবে। সরকার তাদের টেককেয়ার করবে।

এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, লেখক ও গবেষক মফিদুল হক, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, রুপালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

৫টা পর্যন্ত আল্টিমেটাম, সোমবার থেকে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন

0

নিজস্ব প্রতিবেদক : আজ বিকেল ৫টার মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবেন শিক্ষার্থীরা।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার ৩২ দিনেও কোটা বাতিলের প্রজ্ঞাপন হয়নি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আজ বিক্ষোভ করেছি। আমরা কোটা বাতিল চাই না। আমরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছি। আপনারা চাইলে বিশেষ কারো জন্য কোটা রাখতে পারেন। তবে সেটি হতে হবে আমাদের পাঁচ দফা দাবির ভিত্তিতে। যদি আজ (রোববার) বিকেল ৫টার মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না করা হয় তবে সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবে শিক্ষার্থীরা।

এর আগে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু হয়। ঢাবি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাইকোর্ট শাহবাগ হয়ে টিএসসিতে এসে মিছিল শেষ হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা নিজেদের কর্মসূচি পালন করেন।

রোববার একই সময়ে চট্টগ্রাম ষোলশহর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুরের লালবাগ ও কারমাইকেল কলেজ, বরিশাল, কুমিল্লা ও টাঙ্গাইলেও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

গত ৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করে সব চাকরিতে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রোববার ১৩ মে দুপুর পৌনে ২টা পর্যন্ত এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

কোটা ব্যবস্থা থাকবে : মুক্তিযোদ্ধামন্ত্রী

946

জেলা প্রতিনিধি কুষ্টিয়া : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোটা ব্যবস্থা থাকবে। তবে মেধাবীরা যাতে বেশি সুযোগ পায় তারও ব্যবস্থা করা হচ্ছে।

শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা-প্রাগপুর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের অন্যতম সংগঠক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলমের (আনিস) নামে জেলা পরিষদে বাস্তবায়নাধীন সড়কের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মুক্তিযোদ্ধামন্ত্রী বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে তথ্য প্রকাশ পেয়েছে, তাতে অন্যদের মদদ থাকার সুস্পষ্ট প্রমাণ আছে। দেশ থেকে বিতাড়িত তারেক জিয়া তাদেরকে উৎসাহিত করেছে। এই আন্দেলনকে কীভাবে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে পরিণত করা যায়, সেই চেষ্টাও করা হয়েছে।

তিনি বলেন, হতে পরে প্রথম দিকে এই আন্দোলনের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু পরবর্তীতে এটা উদ্দেশ্যমূলক ছিল এবং এই আন্দোলনের মাধ্যমে বিএনপি রাজপথে আসার একটা হীন প্রচেষ্টা চালিয়েছিল।

মুক্তিযোদ্ধা সন্তানদের আশ্বস্ত করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মকে কীভাবে সম্মানিত করতে হবে এবং কীভাবে রাষ্ট্রীয় এবং প্রশাসনিকভাবে কাজে লাগানো যাবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা রয়েছে।

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ প্রমুখ।

শুরু হলো টাইগারদের প্রাথমিক প্রস্তুতি

857

বিশেষ সংবাদদাতা : লম্বা একটা বিরতি, অবশেষে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হয়ে গেলো। আগামী মাসের শুরুতেই ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর জুলাইতে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফর। দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই সিরিজের জন্য শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রাথমিক ক্যাম্প।

দুই সিরিজকে সামনে রেখে আগেই ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ৩১ জনকে নিয়েই আজ সকাল সাড়ে ৯টায় লঙ্কান ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্বাবধানে শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের প্রাথমিক অনুশীলন।

তবে এই ৩১ জনের দলে নেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং তিন ফরম্যাটের অপরিহার্য্য পেসার মোস্তাফিজুর রহমান। তারা দু’জনই আইপিএল খেলতে এখন রয়েছেন ভারতে। বাকি ২৯ জনের প্রায় সবাই অংশ নিচ্ছেন এই কাম্পে। প্রথম দিন অন্য কোনো কার্যক্রম নেই। শুধুমাত্র ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে কিছুক্ষণ ফিটনেস ট্রেনিং হবে টাইগারদের। শুরুতেই ক্রিকেটারদের ফিটনেস ঠিক করার দিকেই নজর দেবেন ট্রেনার ভিল্লাভারায়ন।

দু’মাস আগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় টাইগারদের সর্বশেষ মিশনটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের (নিদাহাস ট্রফি)। এরপর আবার সেই টি-টোয়েন্টি ফরম্যাট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। জাতীয় দলের অন্যতম স্তম্ভ মুশফিকুর রহীম মনে করেন, এটা তাদের জন্য ভালই হলো। তার কথা, ‘টি টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু করাটা ভাল।’

এদিকে আবার ক্যাম্প শুরুর সময় ঘনিয়ে এলেও বাংলাদেশ দল এখনো হেড কোচশূন্য। নিকট ভবিষ্যতে কোন বিদেশি কোচ আসবেন কি না! তারও নিশ্চয়তা নেই। তাই ধরেই নেয়া হচ্ছে নিদাহাস ট্রফির মত কোর্টনি ওয়ালশই থাকবেন হেড কোচের ভূমিকায়। ক্যাম্পের প্রথম সাতদিন হবে ফিজিক্যাল ট্রেনিং। ঐ পর্ব পরিচালনায় থাকবেন ট্রেনার ভিল্লাভারায়ন। তারপর শুরু হবে ক্রিকেট বা স্কিল ট্রেনিং।

ক্যাম্পে ডাক পাওয়া ৩১ ক্রিকেটার হলেন
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহি, আব্দুর রাজ্জাক, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, ইয়াসিন আরাফাত মিশু, নাইম হাসান।

ইন্দোনেশিয়ায় গির্জায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৮ জন নিহত

115

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় পৃথক তিনটি গির্জায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। খবর সিএনএন, রয়টার্স।

ইন্দোনেশিয়ান পূর্ব উপকূলীয় বন্দর এলাকা সুরাবায়া শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স ব্যারাং মঙ্গেরা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনতারা জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। টিভি চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গির্জায় আগুনে গ্রাস করে ফেলেছে এবং ঘন কালো ধোয়া উড়ছে।


জাভা পুলিশের মুখপাত্র জানান, এটা আত্মঘাতী বোমা হামলার চেষ্টা বলে আমরা মনে করছি। হামলাকারীর একজন ঘটনাস্থলে ও আরেক হাসপাতালে মারা যান। তবে একটি গির্জায় প্রবেশ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

তবে পৃথক তিনটি গির্জায় বিস্ফারণ হয়েছে বলে পুলিশ জানালেও এ বিষয়ে তারা বিস্তারিত জানাতে রাজি হননি। হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ তিনটি গির্জা সাময়িক বন্ধ করে দিয়েছে।

আগামী বাজেটে কর্পোরেট করহার কমবে : অর্থমন্ত্রী

591

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কর্পোরেট করের হার কমানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। এজন্য আগামী বাজেটে কর্পোরেট কর কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। আসছে বাজেটে মাল্টিলেবেল ট্যাক্স বিষয়ে ইতিবাচক পদক্ষেপ আসবে। এছাড়াও প্রবাসীদের দেশে বিনিযোগে উৎসাহিত করতে কিছু কর সুবিধা দেয়ার বিষয়েও ভাবা হচ্ছে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের উদ্যোগে এক প্রাকবাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার আগামী ২০১৯-২০২০ অর্থবছর থেকে দুই স্তরের ভ্যাট ব্যবস্থা কার্যকরের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশে তরুণ করদাতার সংখ্যা উল্লে­খযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথিউরিটি (বিডা) ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে বিনিয়োগ প্রস্তাব জামা দেয়ার সাত মাসের মধ্যে বিনিয়োগ সহায়তা প্রদান করা যাবে।

তিনি আরও বলেন, আমাদের সঞ্চয়পত্রের সুদের হার খুব বেশি হয়ে গেছে। এটা সমন্বয় করতে হবে। তবে সময়ের অভাবে আগামী বাজেটের আগে সঞ্চয়পত্রের সুদের হার নিয়ে কিছু করা যাচ্ছে না। আশা করছি আগামী বাজেটের পর সঞ্চয়পত্র সুদের হার রিভিউ করা হবে।

অর্থমন্ত্রী দেশের বাণিজ্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে সুষম প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘কমপিটিশন অ্যাক্ট’ জরুরি বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ২৬টি সরকারি প্রতিষ্ঠনের শেয়ার পুঁজিবাজারে না আসতে পারার বিষয়টি অত্যন্ত হতাশার।

অর্থমন্ত্রী বলেন, বাজেটে যে রাজস্ব আদায় হয়, তার ৫০ শতাংশ ব্যবসায়ীদের কাছ আসে। এটা অনেক কম, এই আদায়ের পরিমাণ ৮০ শতাংশ হওয়া উচিত। বড় বড় প্রকল্পের গুণগত মান ও দীর্ঘসূত্রিতা ও ব্যয় বৃদ্ধি নিয়ে কথা হচ্ছে। এ নিয়ে আমরা কিছু পদক্ষেপও নিয়েছি। আশা করছি আগামী বাজেটে আরও কিছু পদক্ষেপ নেয়া হবে।

ব্যাংক নিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশে আগ্রাসী ব্যাংকিং হচ্ছে। অনেক সময় ব্যাংকের পরিচালকরা নিজেরাই মিলেমিশে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। এটা একটা সমস্যা। ব্যাংকের পরিচালক ঋণ নিতে পারবে না। এটা করাও হলেও সমস্যা আছে।

সভায় আরও বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর, ব্যবসায়ী রূপালী চৌধুরী, সাবেক জ্বালানি উপদেষ্টা ম. তানিম, ডিসিসিসিআই সাবেক সভাপতি মতিয়ার রহমান, সিপিডির সিনিয়র রিচার্স ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান, আইডিএলডির সিইও আরিফ খান, বিআইডিএসর ড. নাজনীন আহমেদ প্রমুখ।

বিকেলে কূটনীতিকদের সঙ্গে বসবে বিএনপি

371

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা। রোববার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনি এবং রাজনৈতিক প্রক্রিয়া, গাজীপুর এবং খুলনা সিটি নির্বাচনসহ সার্বিক বিষয়ে কূটনীতিকদের অবহিত করে কূটনীতিকদের দলীয় অবস্থান জানাবেন বিএনপি নেতারা।

বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর নিয়মিত কূটনীতিকদের বৈঠক করে বিএনিপ নেতারা। তারই ধারাবাহিকতায় এ বৈঠক। বৈঠকে দলের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের জানানো হবে।

বৈঠকের বিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জামির বলেন, নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই বিদেশি কূটনীতিদের সঙ্গে বসবে বিএনপি। সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ও তার সুচিকিৎসার বিষয়টি থাকবে। এছাড়া খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনের সার্বিক বিষয় কূটনীতিকদের অবহিত করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমরা কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বসি, প্রত্যেকবারই তাদের বিভিন্ন বিষয়ে ব্রিফ করি। বেগম জিয়ার ব্যাপারে লেটেস্ট পজিশন জানানোর জন্য বসব।

রত্নগর্ভা পুরস্কার পাচ্ছেন ৫০ জন মা

75

অনুসন্ধান নিউজ ডেস্ক : সফল ৫০ জন মাকে দেওয়া হচ্ছে ‘রত্নগর্ভা মা পুরস্কার-২০১৮’। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আজ রোববার (১৩ মে) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অন্যান্য বছরের তুলনায় এবার বেশিসংখ্যক মাকে রত্নগর্ভা হিসেবে পুরস্কৃত করা হচ্ছে। সাধারণ ক্যাটাগরিতে ২৫ ও বিশেষ ক্যাটাগরিতে ২৫ জন এ পুরস্কার পাচ্ছেন। এছাড়া এবার একজন বাবাকে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। এ পুরস্কার পাচ্ছেন মুস্তাফা জামান আব্বাসী।

সাধারণ ক্যাটাগরিতে ২৫ পুরস্কৃত মা হচ্ছেন- ফিরোজা সুলতানা রশীদ, আনোয়ারা বেগম, সুরাইয়া বেগম, মাহবুবা ইসলাম, জাহানারা বেগম, শিরিন সুলতানা, কামরুজ্জাহান রেখা, নিলুফার বেগম, রহিমা ইসলাম, সামছুন্নাহার খানম, শিরিন চৌধুরী, নফছুন নাহার হাবিবা, হাজী চেমন আরা বেগম, নুরজাহান বেগম, সখিনা খাতুন, মঞ্জু বিশ্বাস, রহিমা খাতুন চৌধুরী, মমতাজ বেগম, আমেনা আফতাব, দিলওয়ারা বেগম, লায়লা বেগম, সাহিনা কবির নার্গিস, নিলুফার সুলতানা, হোসনে আরা রহমান, ড. নীলুফার মতিন।

বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ২৫ জন। তারা হলেন- সারোয়ার জাহান, লুৎফে আরা রশীদ, লুৎফুন নাহার বেগম, ফেরদৌসী ইসলাম, সাইদা মঞ্জুর, সেলিনা মোহসীন, হাজী শাকুরা বেগম, শামসুন নাহার বেগম, রোমানা খাতুন, হালিমা হোসাইন, সৈয়দা মাহমুদা খাতুন, গুলশান আরা বেগম, আতফা বেগম, প্রফেসর দেলোয়ারা বেগম, মাহফুজা রহমান খান, প্রতিভা বড়ূয়া, কল্পনা বড়ূয়া, খোরশেদা খানম, হুসনে জাহান, সৈয়দা বিলকিস বানু, হেমলতা দাশ, দিলরুবা আহমেদ, প্রফেসর হাজেরা নজরুল, আখতার আরা বেগম, খানম শামসি আহমদ এবং শামসুন নাহার বেগম পারুল।

মহাকাশে সঠিক পথেই এগুচ্ছে বঙ্গবন্ধু-১

18

জেলা প্রতিনিধি : বাংলাদেশ সময় শুক্রবার (১২ মে) দিবাগত রাত ২ টা ১৪ মিনিটে শুরু হয়েছে যে স্বপ্নযাত্রা, সে যাত্রায় বেশ ভালোভাবেই এগুচ্ছে ‘বঙ্গবন্ধু-১’। মহাকাশে আগামী পনেরো বছরের জন্য জায়গা করে নিতে ছুটছে তার লক্ষ্যপানে। অন্তত আগামী ছয় (মোট সাতদিন) পর নিজের কক্ষপথ ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে পৌঁছাবে বাংলাদেশের প্রথম উপগ্রহটি।

শনিবার (১২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ ও নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত একটি নির্ভরযোগ্য সূত্র। সূত্রটি জানায়, মহাকাশে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’এর যাত্রা নিরবচ্ছিন্ন রয়েছে। ঠিক পথ ধরেই এগুচ্ছে আমাদের স্বপ্ন ‘বঙ্গবন্ধু-১’। সর্বশেষ দক্ষিণ কোরিয়ার গ্রাউন্ড স্টেশন থেকে কৃত্রিম উপগ্রহটির অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এতে করে ‘বঙ্গবন্ধু-১’পথপরিক্রমা নিয়ে আমরা নিশ্চিত হতে পারি।

সূত্রটি আরও জানায়, মোট সাত দিন (আর ছয় দিন পর) চলার পর উপগ্রহটি ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশের কক্ষপথে পৌঁছাবে। কয়েকদিন ধরে পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার পর উপগ্রহটিকে পর্যায়ক্রমে দেশের বেতবুনিয়া ও গাজীপুর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হবে।

এদিকে রাঙ্গামাটির বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশনের নির্ভরযোগ্য সূত্র জানায়, বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশনটি ব্যাকআপ স্টেশন হিসেবে তৈরি করা হলেও ‘বঙ্গবন্ধু-১ মহাকাশে পাড়ি দেয়ার পর বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নেবে রাঙ্গামাটির বেতবুনিয়ায় অবস্থিত ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন-২’।

স্যাটেলাইটটি পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ দিন লাগবে। স্যাটেলাইটটি সম্পূর্ণ চালু হওয়ার পর এর নিয়ন্ত্রণ গাজীপুর গ্রাউন্ড স্টেশনে হস্তান্তর করা হবে। মূলত বেতবুনিয়ায় অবস্থিত ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন-২’ এর ভৌগোলিক অবস্থানগত সুবিধা কাজে লাগাতেই এমনটা করা হবে। এরপর থেকে স্যাটেলাইটের নিয়ন্ত্রণের মূল কাজ হবে জয়দেবপুরে স্টেশনেই। তবে কখনও যদি গাজীপুর স্যাটেলাইট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তখন বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন-২ কাজ শুরু করবে। অনেক ক্ষেত্রে দুই গ্রাউন্ড স্টেশনেই সমানতালে কাজ হবে।

একই কথা বলছে স্যাটেলাইট নির্মাণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস এর ওয়েবসাইট সূত্র। তারা বলছে, বঙ্গবন্ধু উপগ্রহটি মহাকাশে ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশের কক্ষপথে প্রদক্ষিণ করবে। এ লক্ষ্যে ২০১৫ সালের ১৫ জানুয়ারি রাশিয়ান ইন্টারস্পুটনিকের আওতাধীন ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ কক্ষপথটি (অরবিটাল স্লট) ভাড়া নেয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। উপগ্রহটি ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশের কক্ষপথে পৌঁছানোর জন্য সাত দিন লাগবে। কয়েক দিন ধরে পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার পর, উপগ্রহটিকে বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হবে। এসব পরীক্ষার বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দেশ্যে জমির ঘনত্বের সংযোগ নিশ্চিত করা প্রয়োজন হবে।

এদিকে স্যাটেলাইট উন্মুক্ত হওয়ার পরপর এর নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি এবং কোরিয়ার তিনটি গ্রাউন্ড স্টেশন। এই তিন স্টেশন থেকে স্যাটেলাইটটিকে নিয়ন্ত্রণ করে এর নিজস্ব কক্ষপথে (১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে অরবিটাল স্লট) স্থাপন করার কাজ চলছে। স্যাটেলাইটটি পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ দিন লাগবে। স্যাটেলাইটটি সম্পূর্ণ চালু হওয়ার পর এর নিয়ন্ত্রণ বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে হস্তান্তর করা হবে।

এদিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে গাজীপুর গ্রাউন্ড স্টেশনে সিগন্যাল পাওয়ার যে সংবাদ প্রচারিত হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ‘বঙ্গবন্ধু-১’ এখনও তার অরবিটেই (কক্ষপথে) পৌঁছায়নি। ওটা কিভাবে সিগন্যাল দেবে? কক্ষপথে প্রবেশের আগ পর্যন্ত স্যাটেলাইটটির অ্যান্টেনাগুলোর কোনোটাই কাজ করবে না। তাই সিগন্যাল পাঠানোর সংবাদটি একেবারেই ভুল।

সর্বশেষ কোরিয়ার গ্রাউন্ড স্টেশন উপগ্রহটির (বঙ্গবন্ধু-১) অবস্থান শনাক্ত করতে পেরেছে। তারা বলছে, উপগ্রহটি সঠিক পথ ধরে এগুচ্ছে।

Dhaka, BD
haze
22 ° C
22 °
22 °
64 %
0kmh
14 %
শুক্র
22 °
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °

সর্বাধিক পঠিত