সরকারি-বেসরকারি সকল হাসপাতালের হেল্পডেস্ক চালু রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

0
250

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহার ছুটিতে সব সরকারি ও বেসরকারি হাসপাতালের হেল্পডেস্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলার লক্ষ্যে আয়োজিত এক সভায় এ নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো- জেলা ও উপজেলা পর্যায়ের ডেঙ্গুরোগীদের স্থানীয়ভাবে ন্যাশনাল গাইড লাইন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করতে হবে। ঈদের ছুটিতে কমিউনিটি ক্লিনিকের সার্বক্ষণিক সেবা চালু রাখতে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক নিশ্চিত করতে হবে।

এ দিকে যারা ঈদে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন তাদের বিষয়েও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিটিআরসির মাধ্যমে এসএমএস করে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্টের লাইন ডিরেক্টর ডা. সত্যকাম চক্রবর্তী, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামানসহ অন্যরা।