জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : দাফনের ৪৯ দিন পর আদালতের নির্দেশে চুয়াডাঙ্গায় কবর থেকে হেদায়েত আলী নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (৭ আগস্ট) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের পূর্বপাড়া কবরস্থান থেকে লাশ তার উত্তোলন করা হয়।
জানা গেছে, গত ১৯ জুন রাতে হাসনহাটি গ্রামে দুর্বৃত্তদের লাঠির আঘাতে মারা যান হেদায়েত আলী। পরে ময়নাতদন্ত শেষে হেদায়েতের লাশ নিজ গ্রামে দাফন করা হয়। পরে এ হত্যাকান্ড নিয়ে পুলিশ ও ডাক্তার মিলে মিথ্যা ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছে বলে আদালতে অভিযোগ করেন হেদায়েতের ছেলে আক্তার হোসেন। তিনি তার বাবার লাশের পুনরায় ময়নাতদন্ত করার আবেদন করেন।
এরই পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বুধবার কবর থেকে লাশ উত্তোলন করে সিআইডি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









