যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ ১৫, জীবিত উদ্ধার ১৩

0
284

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের ফুটানি বাজার নৌ-ঘাট থেকে বুধবার রাত সাড়ে আটটার দিকে একটি যাত্রীবাহী নৌকা টিনের চর এলাকার উদ্দেশে ছেড়ে যায়। নৌকাটিতে ৩০ জনের মতো যাত্রী ছিল বলে জানা যায়। নৌকাটি টিনের চর এলাকায় তীরের কাছাকাছি এসে স্রোতের তোড়ে ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে পাড়ে পৌঁছায় এবং কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে। বাকিরা নদীতে নিখোঁজ হন। খবর পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ডুবে যাওয়া নৌকাতে ২৮ থেকে ৩০ জনের মতো যাত্রী ছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। নদী থেকে এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন নৌকা নিয়ে উদ্ধার কাজ করছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নামানো যাচ্ছে না। তবে বাকিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।