মিন্নির জামিনের বিষয়ে হাইকোর্টের রায় ঘোষণা আজ

0
273

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিনের বিষয়ে হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ। মিন্নির জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য রয়েছে।

হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহানা পারভীন। অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী বক্তব্য দেন।

এর আগে গত ২০ আগস্ট হাইকোর্ট মিন্নির জামিন কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসাইন বাপ্পী।

এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলেন, তিনি (মিন্নি) ঘটনার পরিকল্পনাকারী। এখনো মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। ন্যায় বিচারের স্বার্থে তাকে যেন জামিন দেওয়া না হয়।

এছাড়া আদালতে মিন্নির জামিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, সাবেক বিচারপতি অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী, আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী, আইনুন নাহার সিদ্দিকা, ব্যারিস্টার অনিক আর হক, আইনজীবী এম মঈনুল ইসলাম, মাক্কিয়া ফাতেমা ইসলাম, রোহানি সিদ্দিকা ও জামিউল হক ফয়সাল।

এর আগে ২০ আগস্ট এক সপ্তাহের রুল জারি করে এবং মামলার তদন্ত কর্মকর্তাকে সিডি (কেস ডকেট) নিয়ে ২৮ আগস্ট হাইকোর্টে হাজির হতে বলা হয়। এছাড়া মিন্নির সংশ্লিষ্টতার বিষয় জানিয়ে করা সংবাদ সম্মেলনের বিষয়ে পুলিশ সুপারকে (এসপি) লিখিত ব্যাখ্যা দিতেও বলা হয়।

সে অনুসারে তদন্ত কর্মকর্তা কেস ডকেট নিয়ে হাজির হন।

উল্লেখ্য, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মিন্নির স্বামী রিফাত শরীফকে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় পরের দিন ওই ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।