নওগাঁয় প্রকাশ্যে চলছে তামাকের বিজ্ঞাপন

0
268

জেলা প্রতিনিধি, নওগাঁ : প্রকাশ্যে তামাক জাতীয় পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনে আইনি নিষেধাজ্ঞা মানছেনা কিছু কোম্পানি। এক রঙা টি-শার্ট, ভ্যান আর আকর্ষনীয় গিফটসহ বিভিন্ন বিজ্ঞাপন সামগ্রী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বিক্রয়কর্মীরা। ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার আইন লঙ্ঘন করলে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। তবে বিদ্যমান আইনি বিধি নিষেধ এড়িয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে কিছু কোম্পানি।

এদিকে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে প্রচারণা বন্ধ করার দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠনগুলো। তারা বলছেন, সরকার যেখানে দেশের তরুণ সমাজকে মাদক এবং তামাক থেকে দূরে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে, সেখানে প্রকাশ্যে তামাকের বিজ্ঞাপন প্রদর্শন করে জেটিআই কিশোর, তরুণসহ নানা শ্রেণি পেশার মানুষকে তামাকের প্রতি আকৃষ্ট করছে।

নওগাঁ ভোক্তা অধিকার সংরক্ষনের আহবায়ক আতাউর রহমান খোকা বলেন, হাল সময়ে সিগারেটের দাম বাড়ার পর নতুন মোড়ে বিজ্ঞাপন প্রচার নজরে আসছে । এ ব্যাপারে প্রশাসনের শক্ত নজরদারী ও ভোক্তা অধিকার রক্ষার আহবান জানান তিনি। এক পরিসংখ্যানে দেখা যায় দেশের সিগারেট বাজার বছরে ২ শতাংশ হারে বাড়ছে।

আতাউর রহমান বলেন, কিছু কোম্পানি যেভাবে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে তাতে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনের অস্তিত্ব ও প্রয়োগ কার্যত হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের বিজ্ঞাপন বন্ধে সরকার ও নীতিনির্ধারকদের উদ্যোগ নিতে হবে এবং ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগের নামে নতুন কোনো তামাক কোম্পানির প্রবেশ ঠেকাতে হবে।’

বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হলে জেলা প্রশাসব হারুন-অর রশীদ জানান, আইন অনুযায়ী প্রকাশ্যে তামাকের বিজ্ঞাপন প্রচারের কোনো সুযোগ নেই। যারা এ কাজ করছে তাদের বিরুদ্ধে আগেও আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিয়েছি। নতুন করে কেউ করে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।