নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজির মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনে আবেদন করেন মোজাম্মেল হক। এরপর আদালত তাকে স্থায়ী জামিন দেন।
গত বছরের ৪ সেপ্টেম্বর চাদাঁবাজির অভিযোগে মিরপুর থানায় মামলা করেন দুলাল নামের এক ব্যক্তি। কিন্তু বাদীর কোনো ঠিকানা ওই মামলায় ছিল। এরপর গভীর রাতে নারায়ণগঞ্জের সানারপাড়ের বাসা থেকে মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়।
এরপর গত বছরের ১৩ সেপ্টেম্বর জামিন নিয়ে ঢাকা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
জামিন লাভের পর কাফরুল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয় তার নামে। এরপর আদালত মামলাটি খারিজ করে দেন।
মিরপুর থানার এসআই সরোয়ার জাহান গত ৩১ মে চাঁদাবাজির মামলায় আদালতে চার্জশিট প্রদান করে। আজ আদালতে বিষয়টির চার্জ শুনানির দিন ধার্য ছিল। একই দিনে মোজাম্মেল চৌধুরীর আইনজীবী আসামির স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালত তাকে স্থায়ী জামিন দেন।










Comments are closed.