প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি করার অনুমতি পেল বিএনপি

3
324

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আগামী মাসের (সেপ্টেম্বর) ২ তারিখে দলটিকে রাজধানীতে র‍্যালি করার অনুমতি দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিএনপিকে র‍্যালির মৌখিক অনুমতি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এ ব্যাপারে আব্দুস সালাম আজাদ গণমাধ্যম বলেন, ‘আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে আমরা দুই সদস্যের প্রতিনিধি দল মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাদের র‍্যালি করার মৌখিক অনুমতি দিয়েছেন।’

বিএনপির এ নেতা আরও জানান, পুলিশের পক্ষ থেকে সেপ্টেম্বরের ২ তারিখে বেলা ৪টার মধ্যে র‍্যালি শেষ করার কথা বলা হয়েছে। তবে বিএনপি ৫টার মধ্যে শেষ করার আশ্বাস দিয়ে এসেছে পুলিশকে।

সেপ্টেম্বর মাসের ১ তারিখে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন সকালে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিকালে আলোচনা সভা করার কর্মসূচি ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে। আর ২ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে দলটির রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হবে। যা শান্তিনগর মোড় হয়ে আবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‍্যালি সফল করার জন্য ইতোমধ্যে রাজধানী ও আশপাশের জেলাগুলোতে প্রস্তুতিমূলক একাধিক বৈঠক করা হয়েছে। ২ সেপ্টেম্বর সকাল থেকে দলীয় নেতাকর্মীদের নয়াপল্টনস্থ কার্যালয়ের সামনে সমবেত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments are closed.