খুলনার নাঈমের সাত উইকেটের বিস্ময়

4
392

স্পোর্টস ডেস্ক : সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে অভিষেক হয়েছিল নাঈম হাসানের। সে ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এলিট ক্লাবে প্রবেশ করেছিলেন এ অফস্পিনার। উইন্ডিজদের বিপক্ষে প্রথম ইনিংসেই এ রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয় টেস্টে পেয়েছিলেন এক উইকেট। তাই ঘরের মাঠে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচেও বিবেচনায় ছিলেন তিনি। স্কোয়াডে তাকে রাখার ব্যাপারে নির্বাচক প্যানেলে দ্বিধা নেই। তবে নিজের অবস্থান নাঈম নিজেই মেলে ধরলেন।

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ৪০ রানে সাত উইকেট নেন এ স্পিনার। এতে ১১৬ রানের লিড পেল বাংলাদেশ ইমার্জিং দল। শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষ বিকালে চার উইকেট পেয়েছিলেন নাঈম। তৃতীয় দিন বৃষ্টির কারণে মাত্র দুই উইকেট পড়েছিল লঙ্কানদের। যার কোনোটি শিকার করতে পারেননি তিনি।

চতুর্থ দিনে আবার জ্বলে উঠলেন নাঈম। লঙ্কানদের শেষ চার উইকেটের তিনটি শিকার করলেন তিনি। এতে ৪০ ওভারে ১৪ মেডেনসহ ৯৩ রানে সাত উইকেট নিয়েছেন এ অফস্পিনার। চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবু সমর্থকদের মন ভরেছে নাঈমের সাত উইকেটে। এতে সফরকারীরা অলআউট হয়েছে ২৪৪ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দল করে ৩৬০ রান।

অভিষেক টেস্টেই নিজেকে মেলে ধরেছিলেন নাঈম। কারণ এক পেসার নিয়ে সে ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। নাঈম ছিলেন টাইগারদের চতুর্থ অপশন। সাকিব, তাইজুল, মিরাজের মতো স্পিনার থাকতেও সবাইকে টেক্কা দিয়ে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি। নিজের প্রতিভার ঝলক আফগানদের বিপক্ষেও দেখাতে প্রস্তুত নাঈম, নির্বাচকদের কাছে তারই আভাস দিলেন ১৮ বছরের এ তরুণ।

Comments are closed.