দিনাজপুরে ঘোড়ার মাংস বিক্রির দায়ে ৩ জনের জেল জরিমানা

3
345

জবাইকৃত ঘোড়ার চামড়া ছাড়ানোর এক ফাকে ছুরি হাতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি (ছবি : সংগ্রহ)

জেলা প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের বিরলে ঘোড়া জবাই করে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘোড়া জবাই ও মাংস বিক্রির দায়ে দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড ও একজনকে ২৫ হাজার জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীর এই রায় ঘোষণা করেন।

কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও কাঠ ব্যবসায়ী কাইয়ুম আলীকে ছয় মাস করে কারাদণ্ড ও রায়হান আলীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ঘোড়ার চামড়া ছারাচ্ছেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি (ছবি : সংগ্রহ)

স্থানীয়রা জানান, বিরলের কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও কাঠ ব্যবসায়ী কাইয়ুম আলী শুক্রবার সকালে কাজীপাড়া এলাকায় একটি ঘোড়া জবাই করেন। এ সময় তারা ২শ টাকা কেজি দরে ঘোড়ার মাংস বিক্রি করে।

বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে স্থানীয় কাজীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি লোকমান হাকিম বিরল থানায় অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিকুল ইসলাম ও কাইয়ুম আলী পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে কাইয়ুম আলীর ছোট ভাই রায়হান আলীকে দুই কেজি ঘোড়ার মাংসসহ আটক করে নিয়ে যায় পুলিশ। পরে শফিকুল ইসলাম ও কাইয়ুম আলীকেও আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রির দায়ে শফিকুল ইসলাম ও কাইয়ুম আলীকে ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন। অপর আটক রায়হান আলীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

Comments are closed.