স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলে ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম নিজের সামর্থ্য ও পারফরম্যান্স অনেক আগে মেলে ধরেছেন। তবে উইকেটরক্ষক হিসেবে মুশফিক অনেকবারই সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন। সে সুযোগটাও করে দেন মুশফিক নিজেই।
চলমান ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা পর্বে ম্যাচেই মুশফিকের গ্লাভসের নিচ দিয়ে রান ছুটে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া প্রতি ম্যাচে কখনও সহজ রানআউটের সুযোগ, আবার কখনও ক্যাচ আবার স্টাম্পিং মিসও করেন প্রায় প্রতিটি ম্যাচে। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটের সামনে মুশফিকের শিশুসুলভ ভুলে জীবন পেয়েছিলেন কেন উইলিয়ামসন। পরে রস টেলরের সঙ্গে তার জুটিতে ম্যাচে পার্থক্য গড়ে দেয়।
মুশফিকের সঙ্গেই একাদশে খেলেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। উইকেটরক্ষক হিসেবে মুশফিকের চেয়ে এগিয়ে থাকলেও কিপিং পান না তিনি। এ বিষয়টি পরিষ্কার করলেন কোচ রাসেল ডোমিঙ্গো। ফিল্ডার হিসেবে মুশফিকের চেয়ে লিটন এগিয়ে থাকায়, তাকে ফিল্ডার হিসেবেই দলে চান টাইগার কোচ। তাতে মুশফিক সুযোগ হাতছাড়া করলেও তেমন ক্ষতি নেই মনে করেন তিনি। বরং মাঠে মুশফিককে ফিল্ডার হিসেবে পাওয়ার চেয়ে উইকেটরক্ষক হিসেবে রাখাই বেশি যুক্তিযুক্ত মনে করেন ডোমিঙ্গো।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘মুশফিকের বদলে অন্য কারও কিপিং করার সম্ভাবনা নেই। দলে যে কয়জন ভালো ফিল্ডার আছে তাদের মধ্যে অন্যতম লিটন দাস। আমি মনে করি সে মুশির (মুশফিকুর রহিম) চেয়ে ভালো ফিল্ডার। আমার কাছে মাঠে কয়েকজন ভালো ফিল্ডার থাকা খুব গুরুত্বপূর্ণ। মাঠে লিটন, আফিফ, (নাজমুল হোসেন) শান্তর মতো ফিল্ডাররা যে ৫-৬ রান বাঁচিয়ে দেয় সেটা খুবই গুরুত্বপূর্ণ।’
তবে ডোমিঙ্গার কাছে মুশফিকের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এটা একটা কারণ যে লিটন দারুণ এক ফিল্ডার। মুশফিক হয়তো কয়েকটা সুযোগ মিস করেছে। তবে সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। উইকেটের পেছনে থেকে সে বেশ ভালো ভিউ পায় মাঠের। যা দিয়ে সে ক্যাপ্টেনকে সাহায্য করতে পারে।’









