আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে কাশ্মীরকে কট্টরভাবে সমর্থন করে বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ জন্য পাকিস্তানে ইমরানকে বীরোচিত সংবর্ধনা দেওয়ার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ শেষে রবিবার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তানে ফিরছেন তিনি। পাক প্রধানমন্ত্রীর ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন তেহরিকে ইনসাফের নেতারা ও মন্ত্রী পরিষদের সদস্য। ইমরান খানকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরের বাইরেও ভিড় করেছেন হাজার হাজার মানুষ।
জাতিসংঘে ভারত অধিকৃত কাশ্মীরে মানবিক সমস্যা ও নাগরিকদের অবরুদ্ধ জীবনযাপনের বিষয়টি উপস্থাপন করে ব্যাপক প্রশংসিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
১৯৯২ সালে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া পাকিস্তানের সাবেক এ অধিনায়কের বক্তব্যকে অনেকেই অবিস্মরণীয় বলছেন। জাতিসংঘে ইমরান খানের ভাষণকে কেন্দ্র করে পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন হেডলাইন করেছে ‘জাতিসংঘে ইমরান খানের বক্তব্য ৯২ সালের বিশ্বকাপ জয়ের মতোই স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে নিউইয়র্ক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির মুখে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী বিমানের জরুরি অবতরণ করে।
শনিবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে পাকিস্তান ফেরার পথে নিউইয়র্ক বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন ইমরান খান। বিমানটি ৭০০ কিলোমিটার অতিক্রম করে কানাডার টরোন্টো সিটির আকাশে যখন উড়ছিল তখনই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
পাইলটরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিমানকে ফের নিউইয়র্কে ফিরিয়ে নিয়ে আসেন। পরে নিউইয়র্কেই রাত কাটান ইমরান খান।
এক সপ্তাহ আগে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পা রাখেন ইমরান খান। অধিবেশনের বিভিন্ন সভায় তিনি চলমান কাশ্মীর সংকট, ভারতের সঙ্গে বৈরিতা ও অন্যান্য ইস্যু নিয়ে বিশ্বনেতাদের কাছে জোরাল বার্তা পৌঁছে দেন।









