শেখ হাসিনার পর সিঙ্গাপুরে মোদির নামে অর্কিড

0
638

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে স্মরণীয় করে রাখতে তার নামে একটি অর্কিডের নামকরণ করেছে সিঙ্গাপুর। শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল অর্কিড গার্ডেনে তার নামে একটি অর্কিডের নাম রাখা হয়েছে। গত মার্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও একটি অর্কিডের নামকরণ করে দেশটি।

সিঙ্গাপুরের বোটানিক গার্ডেনে অবস্থিত অর্কিডটির নাম রাখা হয়েছে ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি।’ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত সিঙ্গাপুরের এই গার্ডেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় বলেছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সফর উপলক্ষ্যে সিঙ্গাপুরের ন্যাশনাল অর্কিড গার্ডেনে একটি অর্কিডের নাম রাখা হয়েছে ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি।’ মূলত নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় এই অর্কিডটি। এটি ৩৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাঁচদিনের সফরের শেষ দিন শনিবার সিঙ্গাপুরে পা রেখেছেন ভারতের এই প্রধানমন্ত্রী। দেশটিতে পৌঁছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে পুরনো শ্রী মারিয়াম্মান মন্দিরে গেছেন তিনি।

মন্দির সফরের সময় নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন সিঙ্গাপুরের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী গ্রেসি ইয়েন। মন্দির থেকে বেরিয়ে চায়না টাউন ডিস্ট্রিক্টে অবস্থিত প্রাচীন চুলিয়া মসজিদ যান তারা। এর আগে সিঙ্গাপুরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে স্বাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি।

সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী, দেশটিতে সফরে যাওয়া বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের নামে অর্কিডের নামকরণ শুরু হয় ১৯৫৭ সালে। তখন থেকে এখন পর্যন্ত দুই শতাধিক রাষ্ট্রপ্রধানের নামে অর্কিডের নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সিঙ্গাপুর সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণ করা হয়।

সূত্র : এনডিটিভি, এএনআই।