রাসেল ডোমিঙ্গো ও ড্যানিয়েল ভেট্টোরি (ছবি : সংগৃহীত)
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়ে কোচ হিসেবে কোচিং স্টাফে যুক্ত হলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি। যদিও পূর্ণ মেয়াদে নয়, অস্ট্রেলিয়ার মাটিতে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগার স্পিনারদের নিয়ে ধাপে ধাপে মোট ১০০ দিন কাজ করবেন সাবেক এই কিউই তারকা স্পিনার।
এরই মধ্যে এক দিন শেষ বাকি ৯৯ দিন; আপনি কি জানেন এই কিউই তারকার এক দিনের বেতন কত দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১০০ দিনের জন্য ভেট্টোরি মোট ৩ লাখ ৫৭ হাজার ১০০ ডলার পাবেন! আর এক দিনের জন্য পাবেন ৩ হাজার ৫৭১ ডলার!
বর্তমান বাজারে ডলার প্রতি ৮৫ টাকা করে ধরলে টাকায় এই অংক দাঁড়ায় ৩ লাখ ৩ হাজার ৫৩৫ টাকা (এক দিনের আয়)! এই হিসেব ধরে এগোলে দেখা যায়- ভেট্টোরির পাঁচদিনের আয় বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর এক মাসের পারিশ্রমিকের চেয়েও বেশি!
ট্যাক্স বা আয়কর বাদে ডোমিঙ্গো মাসে পান ১৫ হাজার ডলারের কাছাকাছি, টাকায় যেটি ১২ লাখ ৬৮ হাজার। আর ভেট্টোরির পাঁচদিনের আয় ১৭ হাজার ৮৫৫ ডলার; যা টাকায় ১৫ লাখেরও বেশি!
চুক্তি অনুযায়ী ভেট্টোরির সাথে বাংলাদেশের ক্রিকেটাররা কাজ করার সুযোগ পাবেন আরো ৯৯ দিন। যদিও গতকাল ঢাকায় এসেও স্পিন নিয়ে বিশেষ কোনো আলোচনা কিংবা পরামর্শ দিতে দেখা যায়নি আরাফাত সানি, আফিফ হোসেন, মাহমুদউল্লাহদের।









