অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় নুসরাতের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
জেলা প্রতিনিধি, ফেনী : ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মা ও বড় ভাইকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান জানান,গতকাল জুমার নামাজের আগে একটি অপরিচিত নম্বর থেকে কল করে তাকে গালিসহ গোটা পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়। এরপর থেকে তারা শঙ্কায় রয়েছেন। এর আগে সকালে তার মায়ের মুঠোফোনেও কল দিয়ে একইভাবে হুমকি দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। বিষয়টি প্রশাসনকে জানিয়েছে তিনি।
এছাড়া আগের দিন বৃহস্পতিবার রায় ঘোষণার ঠিক আগমুহূর্তে নুসরাতদের বাড়ির ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
ওই দিনই নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। রায়ে মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
এ সময় মাহমুদুল হাসান আরও বলেন, বৃহস্পতিবার রায় ঘোষণার আগ মুহূর্তে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের বাড়ির টেলিভিশনের ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ছয় ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে ডিশ লাইনের মালিক নতুন তার দিয়ে লাইন সচল করেন। তিনি জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তিনিসহ পরিবারের সদস্যরা ফেনীর আদালতে যান। দুপুরে এসে দেখতে পান ডিশের লাইন কাটা।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. খালেদ হোসেন বলেন, নুসরাতের বাড়িতে ডিশের লাইন বিচ্ছিন্ন করার কথা শুনে তিনি নিজে ডিশের মালিককে ফোন করে দ্রুত লাইনটি সচল করার ব্যবস্থা করেন। মুঠোফোনে হুমকি দেওয়ার বিষয়টি তারা খতিয়ে দেখছেন। ওসি বলেন,দুজন কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য নুসরাতের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।









