‘তৃণমূলই আ. লীগের শক্তি’

0
317

ফরিদপুর প্রতিনিধি: অতীতে আওয়ামী লীগের যে কোনো দুঃসময়ে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীরাই দলের শক্তি জুগিয়েছেন। তারাই আওয়ামী লীগের পথ চলার সাথী। এই তৃণমূলই আ. লীগের শক্তি বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ঈশান গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের কল্যাণে তিনি দিনেরাতে ১৮ ঘণ্টা কাজ করেন। এই দেশের জনগণের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন।

তিনি বলেন, দেশে আজ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। আজ রাস্তাঘাটে ভিক্ষুক পাওয়া যায় না। এজন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে যাতে দেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে।

এ সময় তিনি বিএনপি আমলের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। অথচ আমরা বিএনপি নেতাকর্মীদের কখনোই কোনো অত্যাচার নির্যাতন করি না।

ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি মো. খলিলুর রহমান বেপারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ।