‘আসতে পারে একাদশে পরিবর্তন’

0
292

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে অংশ নিতে গুজরাটে অবস্থান করছে টাইগাররা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) অনুষ্ঠিতব্য ম্যাচের আগে শেষ অনুশীলনে ব্যাস্ত ছিলেন ডোমিঙ্গোর শিষ্যরা। অনুশীলন শেষে ম্যাচ সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন উইকেট দেখে প্রয়োজনে একাদশে পরিবর্তন হতে পারে।

প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস কেমন বাংলাদেশ টিমে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টাইগার কাপ্তান বলেন, ‘আমরা প্রথম ম্যাচ জিতেছি এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে। তবে আমরা বসে নেই, সবাই অধীর আগ্রহে আছে এবং সেরাটা অনুশীলনে দেওয়ার চেষ্টা করছে।’

দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ জিততে ভারত তো মরিয়া হয়ে আছে, সেটাকে কিভাবে দেখছেন? মাহমুদউল্লাহ বলনে, ‌‘তারা যেমন মরিয়া হয়ে আছে। আমরাও মরিয়া হয়ে আছি। কারণ আমাদের সামনে অনেক বড় সুযোগ। আমরা এই সিরিজ জিততে পারলে অনেক বড় অর্জন হবে।’

আগের একাদশ নিয়ে খেলবেন নাকি পরিবর্তন হতে পারে? জবাবে তিনি বলেন, ‌‘আপাতত মনে হচ্ছে না। আগামীকাল উইকেট দেখে সিদ্ধান্ত নিব। যদি প্রয়োজন হয় তাহলে একাদশ পরিবর্তন হলেও হতে পারে। অন্যথায় উইনিং কম্বিনেশন রাখার চেষ্টা করব। যেহেতু এই মাঠে এভারেজ ১৭০-১৮০ রান উঠছে, সেহেতু উইকেট দেখে প্রয়োজনে একাদশ পরিবর্তন হলেও হতে পারে।’

সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহীম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।