সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্কুল মিল’ চালু হবে

0
282

নওগাঁ প্রতিনিধি: দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে এক বেলা খাবার দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার ‘স্কুল মিল’ চালু করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে নওগাঁর পরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল মিল’ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আরও মেধাবী করে গড়ে তুলতে তাদের স্বাস্থ্য সেবার মান বাড়াতে হবে। সে জন্য পুষ্টিকর খাবার বিশেষ প্রয়োজন। সেই চিন্তা থেকে ‘স্কুল মিল’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে করে শিক্ষার্থীরা তাদের পড়াশুনার প্রতি আরও মনযোগী হবে বলেও মনে করেন মন্ত্রী।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ আগস্ট ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ২০২৩ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে এক বেলা খাবার দেওয়া হবে। খাবারে বিস্কুট, ডিম বা রান্না করা খাবার দেওয়া হবে।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী প্রমুখ।