
ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই আবার মাটিতে নেমে আসে তারা। বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফেরে ভারত। গত ম্যাচ হারলেও শেষ ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে- এমনটাই প্রত্যাশা করেন শফিউল।
শুক্রবার (৮ নভেম্বর) রাজকোটের টিম হোটেল দ্য ইম্পিরিয়াল প্যালেসে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন শফিউল। প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচে খেলতে পারলে সিরিজ জয় অসম্ভব নয়।
আত্মবিশ্বাসী শফিউল জানান, ‘অবশ্যই এখনো চান্স আছে, আমরা যদি ভালো ক্রিকেট খেলি, ফার্স্ট ম্যাচটা যেরকম খেলেছি তেমন যদি খেলতে পারি, তাহলে অবশ্যই আমরা সিরিজ জিততে পারবো।’
এছাড়া গত ম্যাচের ভুলগুলো শোধরানোর কথাও জানান তিনি। শফিউল বলেন, ‘এই ম্যাচে (গতকালের) কিছু ছোট ছোট ভুল ছিল, যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। আমরা সিরিজ জেতার জন্যই খেলব।’
আগামী ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হবে।








