রোহিঙ্গা ফেরাতে চীনের ‘১+১+২’

0
293

অনুসন্ধান প্রতিদিন ডেস্ক: রোহিঙ্গাদের আস্থার ঘাটতি দূর করতে মোবাইল ফোনে সংযুক্তির নতুন ফর্মুলা সামনে এনেছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এই প্রক্রিয়ার নাম তিনি দিয়েছেন ‘১+১+২’ আইডিয়া। এটা কীভাবে কাজ করবে সেই বিবরণ তিনি রবিবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তুলে ধরেন।

লি জিমিং বলেন, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকারের তথাকথিত বিশ্বাসের ঘাটতি মোকাবিলায় ‘ওয়ান প্লাস ওয়ান প্লাস টু’ আইডিয়া নিয়ে এসেছি আমি।

‘১+১+২’ আইডিয়ার ব্যাপারে তিনি বলেন, একটি রোহিঙ্গা পরিবার এমন একজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে, যে কি না মিয়ানমারে ফিরে যাবে। চীন তাদের দুটি মুঠোফোন দেবে। একটি ওই প্রতিনিধির কাছে থাকবে, আরেকটি থাকবে কক্সবাজারে তার পরিবারের সদস্যদের কাছে। পরিবারের প্রতিনিধিরা মিয়ানমারে গিয়ে যা দেখবেন, তা জানাতে পারবেন শরণার্থী শিবিরে থাকা তার স্বজনদের। মিয়ানমারে গিয়ে তারা স্বচক্ষে পরিস্থিতি দেখবে, রাখাইনের পরিস্থিতি ভালো ও নিরাপদ কি না তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে জানাবেন। সেই আলোকে তারা দেখবে, সামনে আগানো যাবে কি না।

এই স্বেচ্ছাসেবক প্রতিনিধিদের নিরাপত্তা মিয়ানমার সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।

রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট আয়োজিত রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনের কৌশল সন্ধান’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন লি জিমিং।

সেপ্টেম্বরে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারে ফেরার বিষয়ে ইতিবাচক বক্তব্য পাওয়ার কথা তিনি সেমিনারে তুলে ধরেন।

রোহিঙ্গা সঙ্কটে মিয়ানমারের পক্ষ নেওয়ায় চীনের যে সমালোচনা, তার জবাবে রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর অনেক দেশে এমন কথা চালু আছে, চীন যা বলে মিয়ানমার সেই অনুযায়ী কাজ করে। এই ধরনের বিশ্বাস থেকে একটি ধারণা তৈরি হয়েছে যে অর্থনৈতিক কারণে চীন বোধহয় সবসময় মিয়ানমারের পক্ষে থাকছে। এটা সম্পূর্ণ ভুল। মিয়ানমার ও বাংলাদেশ সার্বভৌম দেশ। কী করতে হবে সেটা তাদের বলার অধিকার চীনের নাই।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) পরিচালক স্টিভেন করলিস সেমিনারে বলেন, আমি আমার ত্রিশ বছরের জীবনে এমন অবর্ণনীয় শরাণার্থী শিবির দেখিনি, যেটা দেখেছি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে। বাধ্য হয়েই তারা সেখানে বসবাস করছে। আমি যাদের সঙ্গে কথা বলেছি, তাদের শতকরা ৯৭ জনই নিজেদের দেশে ফিরে যেতে চায়। তবে এর জন্য তারা নিরাপত্তার নিশ্চয়তাও চায়। আর তাদের এ নিরাপত্তার জন্য প্রয়োজন শান্তিপূর্ণ প্রত্যাবাসন।

বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ শাহাব উদ্দিনের সভাপতিত্বে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অন্যদের মধ্যে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক উপদেষ্টা সাবিনা ইয়াসমিন অনুষ্ঠানে বক্তব্য দেন।