নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শিশুকে ধর্ষণের দায়ে হাবু খাঁ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হাবু শেখ উপজেলার ডায়া খাঁ পাড়া গ্রামের শের আলী খাঁর ছেলে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জুন সকালে ভুক্তভোগী ওই শিশুটি প্রাইভেট পড়ার জন্য তার বান্ধবীকে ডাকতে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় একটি স্কুলের পেছনের পাটক্ষেতের পার্শ্ববর্তী স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি হাবু খাঁ। পরে কাঁদতে কাঁদতে শিশুটি বাড়িতে এসে বিষয়টি তার বাবা-মাকে জানায়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার এই মামলার রায়ে আদালতের বিচারক আসামি হাবু খাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু ও এপিপি অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন মামলাটি পরিচালনা করেন। এছাড়া আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল আজিজ আনসার।









