মধ্যপ্রাচ্যে শান্তি আনবে তুর্কি-কাতার সামরিক ঘাঁটি: এরদোগান

0
253

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও কাতারের মধ্যকার সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার (২৫ নভেম্বর) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাতের পর এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। খবর ‘আল জাজিরা’।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সোমবার (২৫ নভেম্বর) কাতার সফরে গেছেন। সেখানে দেশটির আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষের এরদোগান বলেন, কাতারে তুর্কি সামরিক ঘাঁটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সামরিক ঘাঁটিটির নামকরণ করা হয়েছে প্রখ্যাত মুসলিম যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের নামে।

এরপর তুরস্কের প্রেসিডেন্ট জানান, তুর্কি-কাতার যৌথ এই সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে। পাশাপাশি অঞ্চলটির স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সামরিক ঘাঁটি।

‘আল জাজিরা’ জানিয়েছে, এই সামরিক ঘাঁটিতে প্রায় ৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। কাতার সফরকালে এসব সেনাসদস্যদের সঙ্গে কথা বলেছেন এরদোগান।