আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বৃদ্ধির ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নিয়ম অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর অবসরে যাওয়ার কথা ছিল তার। মূলত এই ইস্যুতে হঠাৎ পদত্যাগ করেছেন আইনমন্ত্রী ফারুক নাসিম।
দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ গণমাধ্যম ‘দ্য ডনকে’ বলেন, ‘সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য আইনমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইমরান খান এরই মধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’
বিশ্লেষকদের মতে, গত ১৯ আগস্ট পাক প্রধানমন্ত্রী ইমরান খান একটি নোটিশ জারি করেছিলেন। যেখানে বলা হয়, বর্তমান কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর আরও তিন বছর পাকিস্তানের সেনাপ্রধান পদে বহাল থাকবেন বাজওয়া।
যদিও দেশটির প্রধান বিচারপতি এরই মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ছাড়া অন্য কেউই সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন না।
মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালতে অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর বলেছেন, ‘পাক প্রেসিডেন্টের অনুমোদন নিয়েই সেনাপ্রধানের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।’
মূলত এরপরও প্রধান বিচারপতি সেই যুক্তিতে কর্ণপাত না করেই নোটিশটিকে সাসপেন্ড করে দেন। এমনকি বুধবার (২৭ নভেম্বর) মামলার পরবর্তী শুনানির দিনও ধার্য করেন।









