চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক বিকালে

0
317

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী ও সিটি করপোরেশনের একাংশ) উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথারীতি লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভাপতিত্ব করবেন।

স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

এ দিকে বৈঠক থেকে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত হবে বলে জানিয়েছে দলীয় সংশ্লিষ্ট সূত্র। বিষয়টি নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা মতামত দেবেন। সার্বিক মতামতের ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

এই আসনে উপনির্বাচনে প্রার্থী হতে দলত্যাগী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। কিন্তু দলের অনুরোধ প্রত্যাখ্যান করেন অভিমানী সাবেক এই বিএনপি নেতা। এই আসনে স্থানীয়ভাবে আবু সুফিয়ানের নাম প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। পাশাপাশি জাতীয় নেতাদের ক্ষেত্রে আব্দুল্লাহ আল নোমানের নাম ভাবা হচ্ছে।

চট্টগ্রাম-৮ আসনটি জাসদ নেতা মইনউদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হয়।

দলীয় সংশ্লিষ্ট সূত্র জানায়, এছাড়াও এই বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন, দলের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হবে।