জাপানের সাবেক প্রধানমন্ত্রী নাকাসোনে আর নেই

0
271

আন্তর্জাতিক ডেস্ক : চলে গেলেন এশিয়ার সূর্যোদয়ের দেশ জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রের বরাতে ‘এনএইচকে নিউজ’ জানায়, ১৯৮২ সাল থেকে পাঁচ বছর এশিয়ার অন্যতম প্রভাবশালী এই দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন নাকাসোনে। প্রবীণ এই রাজনীতিবিদ শুক্রবার রাতে ১০১ বছর বয়সে পরলোক গমন করেন।

বিশ্লেষকদের মতে, জাপানের সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের গাঢ় বন্ধুত্ব ছিল। তবে পশ্চিমাদের পরামর্শে দেশটির বিভিন্ন খাতে ব্যাপক সংস্কার আনতে চাইলেও নিজের আমলাদের সঙ্গে মতবিরোধের কারণে অনেকগুলোই তিনি বাস্তবায়ন করতে পারেননি।

নাকাসোনের শাসনামলে জাপানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত একটি রাষ্ট্রকে সে সময়ে তিনি ফের বিশ্বমঞ্চে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করেছিলেন।

নাকাসোনে ছিলেন জাপানের সাবেক সম্রাট হিরোহিতোর সময়কার শেষ জীবিত প্রধানমন্ত্রী। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।