নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে চীনের নাগরিক জিয়ানহুই গাওকে (৪৭) খুন করে মাটিচাপা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি হয়ে যাওয়া টাকা, মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চীনা নাগরিককে খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চীনা নাগরিকের চুরি যাওয়া টাকা, মোবাইল এবং হত্যায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মশিউর রহমান আরও জানান, ঢাকার গুলশান এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের পরিচয় বা হত্যাকাণ্ডে তাদের ভূমিকা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেননি তিনি।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ১১ ডিসেম্বর বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর ভবনের পেছনে মাটিচাপা অবস্থায় জে জিয়াং ফি নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।









