বিজিবিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কমান্ড মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

0
255

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘বিজিবি ভিশন-২০৪১’ পরিকল্পনা গ্রহণ করেছে। বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কমান্ড মেনে চলবেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বীরত্ব ও সাহসিকতায় অবদান রাখার জন্য পিলখানায় বিজিবির ৬০ সদস্যকে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সরকার এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বিজিবি পুনর্গঠনের আওতায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিজিবিকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য সরকার ‘বিজিবি ভিশন-২০৪১ ’ পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, ‌দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই প্রতিষ্ঠানকে অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎরাই পার হতে হয়েছে। আগামী দিনে এই বাহিনী বিশ্বে শ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করবে।

প্রধানমন্ত্রী বলেন, বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কমান্ড মেনে চলবেন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। আপনাদের কোনো সমস্যা হলে সেটা দেখার জন্য সরকার তো আছেই।

গত ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহ ও হত্যাকাণ্ড বিজিবির (তৎকালীন বিডিআর) ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে এ বাহিনী এখন কলঙ্কমুক্ত হয়েছে।

এ সময় নারী-শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অনুপ্রবেশ প্রতিরোধে সততার সঙ্গে কাজ করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, বিজিবি সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সালাম জানায়। কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বীর-উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি সদস্যদের বিশেষ দরবারে অংশগ্রহণ করেন।