জেলা প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন বাসযাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি ৩ জনের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রামের ফরমান মণ্ডল (৬০), ফরিদপুরের গোপালপুর এলাকার মিন্টু (২৭), রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা গ্রামের জামান শেখের ছেলে মিজান শেখ (২৫) এবং কুষ্টিয়ার বশিগ্রামের আবুল কাশেমের ছেলে মিলন (২৭)।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গান্ধিমারা এলাকায় পৌঁছালে দৌলতদিয়াগামী আরিফ পরিবহন নামের একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় আহতদের দেখতে সদর হাসপাতালে ছুটে যান রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান এবং এনডিসি মো. রফিকুল ইসলাম।









