ফের আ, লীগের উপদেষ্টা পরিষদে জয়নাল হাজারী

0
272

জেলা প্রতিনিধি, ফেনী : পুনরায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ফেনী জেলা আ, লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী। এর আগে গত অক্টোবরে তিনি প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদে স্থান পান।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির উপদেষ্টা পরিষদের ৪০ সদস্যের নাম ঘোষণা করেন আ, লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের কমিটির সদস্যদের নাম পড়ে শুনিয়ে শেখ হাসিনা বলেন, এবার যেহেতু উপদেষ্টার দশটি পদ বাড়ানো হয়েছে, বাকিদের নাম পরে ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় বিশ বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি।

২০০১ সালের ১৭ আগস্ট যৌথবাহিনীর অভিযানের মুখে দেশান্তরী হন এক সময়ের দাপুটে আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী। নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ২০০৪ সালে দল থেকে বহিষ্কার করা হয় তাকে।

২০০৯ সালে মামলার স্তূপ নিয়ে দেশে ফেরেন হাজারী। একে একে সব মামলা থেকে অব্যাহতি পেলেও হারানো প্রভাব আর ফিরে পাননি। ২০১০ সাল থেকেই ঢাকায় বসবাস করছেন তিনি। জয়নাল হাজারী ‘হাজারিকা প্রতিদিন’ নামে একটি দৈনিক পত্রিকা সম্পাদনাও করছেন।