গবিতে স্যার আবেদের স্মরণে শোকসভা

0
277

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের উন্নয়নের পালাবদলের অন্যতম পথদ্রষ্টা, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্মরণে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন মিলনাতয়নে এ আয়োজন সম্পন্ন হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভীন বানু। এতে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফরিদা আদিব খানম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু প্রমুখ।

শোকসভায় বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭২ সালে স্বাধীন দেশের ছিন্নমূল মানুষকে সহায়তা দিতে স্যার ফজলে হাসান আবেদ গড়ে তোলেন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)। দেশ এবং দেশের বাইরে যারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করছেন, তিনি তাদের অন্যতম। তার হাতে গড়া সংস্থাটি আজ বিশ্বের বৃহত্তম বেসরকারী সংস্থা হয়ে উঠছে।’

বক্তারা আরও বলেন, ‘দারিদ্র্য বিমোচন ও দরিদ্র মানুষর ক্ষমতায়ন, জরুরী ত্রাণ সহায়তা, লিঙ্গ সমতা, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, মানবাধিকারসহ বিবিধ ইস্যু নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি আজ বিশ্বের বৃহত্তম এনজিও হয়ে উঠছে, যার আওতাভুক্ত পৃথিবীর প্রায় ১৩ কোটিরও অধিক মানুষ। তার মৃত্যুতে আমরা এদেশের এক উজ্জল নক্ষত্রকে হারালাম।’

শোকসভার শুরুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আবু রায়হানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্যার ফজলে হাসান আবেদ ৮৩ বছর বয়সে গত ২০ ডিসেম্বর, শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে ২৮ নভেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে রবিবার (২২ ডিসেম্বর) বেলা ২টার দিকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।