নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউ থেকে নিউরো ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাধারণ ছাত্র অধিকারের নেতা রাশেদ খান বলেন, ফারাবী চোখ মেলেছেন। ডাকসুর ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের মতোই।
ফারাবীর শারীরিক অবস্থা উন্নতির কথা জানিয়েছেন ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়াও।
ফারাবী সাধারণ শিক্ষার্থীদের এ সংগঠনের যুগ্ম আহ্বায়ক। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ভিপি নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। হামলায় নুর ও তার সংগঠনের ৩৪ নেতাকর্মী আহত হন। আহতরা ঢামেকে চিকিৎসা নিয়েছেন। এখনো অনেকে চিকিৎসাধীন। তবে ছাত্রলীগ এ হামলার অভিযোগ অস্বীকার করেছে।









