জেলা প্রতিনিধি, পঞ্চগড় : উত্তরের হিমালয়ের হিম বাতাসের কারণে ক্রমাগত হ্রাস পাচ্ছে পঞ্চগড়ের তাপমাত্রা। কয়েকদিন পর পরই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ জেলায়। দিনরাত ঘন কুয়াশায় ঢেকে থাকছে আকাশ। হিমেল বাতাস ও কনকনে শীতে স্থবির এখানকার জনজীবন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আজকের তাপমাত্রা অনুযায়ী স্থানীয়ভাবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে যায়।
এ দিকে,উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীতে চরম দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, মঙ্গলবার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে ডিসেম্বর শেষ সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।









