নিজস্ব প্রতিবেদক : মেয়র নির্বাচনের মনোনয়নপত্র ছাড়ার প্রথম দিনেই আওয়ামী লীগের পক্ষে এই পদে লড়তে আটজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আটজন এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহ করা আটজনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে চারজন ও দক্ষিণ সিটিতে চারজন রয়েছে। তবে, প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দেননি কেউ।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে প্রথমে মেয়র আতিকুলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন ও ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর সোয়া ৩টার দিকে ঢাকা-১০ আসনের সাংসদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার মামা মাসুদ সেরনিয়াবাত ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল।
মনোনয়ন ফরম সংগ্রহকালে ঢাকা-১০ আসনের অধীন ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে এ দিন ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। এ সময় তার সঙ্গে ঢাকা-৭ আসনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ দিকে, অন্যদের মধ্যে উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে লড়তে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ভাসানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি মেজর (অব.) মো. ইয়াদ আলী ফকির এবং শহীদ পরিবারের সন্তান অধ্যাপক মো. জামান ভূঁইয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়তে এদিন মনোনয়নপত্র সংগ্রহ করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এম এ রশিদ।
এ ব্যাপারে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে ঢাকার দুই সিটিতে চারজন করে মোট আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বুধবার মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ফরম বিতরণ ও সংগ্রহের কাজ। মেয়র পদে মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা।
সবশেষে আগামী শনিবার (২৮ ডিসেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
এর আগে গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর আর প্রার্থিতা বাছাইয়ের জন্য সময়ে দেওয়া হয়েছে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় হিসাব নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারিকে। সবশেষে আগামী ৩০ জানুয়ারি দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।









