আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে গ্যাস চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে জর্ডানবাসী। শনিবার দেশটির রাজধানী আম্মানে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার রাজধানী আম্মানে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা এ সময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
তারা বলেন, শত্রুর সঙ্গে গ্যাস চুক্তির অর্থ হচ্ছে দখলদারিত্বকে মেনে নেয়া। এ কারণে কোনোভাবেই এই চুক্তিকে মেনে নেব না আমরা। এর আগে গত সপ্তাহে সংসদ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে চুক্তিবিরোধী জনতা।
জর্ডানের সংসদ স্পিকার আতেফ তারাওনেহ বলেছেন, গ্যাস ক্রয় চুক্তি বাতিল সংক্রান্ত বিলটির বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ইতোমধ্যে জর্ডানের ৫৮ সংসদ সদস্য ইসরায়েলের সঙ্গে গ্যাস চুক্তি বাতিলের আবেদন সংক্রান্ত এক বিল পেশ করেছে।
জর্ডানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি ২০১৬ সালে ইসরায়েল থেকে গ্যাস আমদানি সংক্রান্ত একটি চুক্তিতে সই করে। ওই চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ইসরায়েল থেকে জর্ডানের প্রায় সাড়ে চার হাজার কোটি ঘনমিটার গ্যাস আমদানি করার কথা ছিল।
চুক্তি সইয়ের সময়ই জর্ডানের জনগণ এর বিরোধিতা করেছিল, সংসদেও প্রতিবাদ হয়েছিল। তারপরও চুক্তিটি হয়। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে জর্ডানের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ফলে চুক্তিটি বাতিল হতে পারে।









