আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েতে শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। যদিও সেই দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন বিমানটির এক আরোহী।
উদ্ধার কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে শহরটির ওয়ালমার্ট সুপার মার্কেটের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির ওপর আছড়ে পড়লে গাড়িটির চালক গুরুতর আহত হন। তাছাড়া সেখানে থাকা আরও দুজন হতাহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।
বিমান কর্তৃপক্ষ জানায়, লুইসিয়ানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি লাফায়েতে শহরে বিধ্বস্ত হয়। এতে নিকটস্থ একটি পোস্ট অফিসও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন স্থানীয় ক্রীড়া সাংবাদিক। তার নাম কার্লে আন ম্যাককর্ড। অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) নিহতের স্বামী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মর্মান্তিক এই বিমান দুর্ঘটনার পরপরই ওয়ালমার্ট সুপার মার্কেটটি খালি করে দেওয়া হয়। লুইসিয়ানার গভর্নর জন এডওয়ার্ড এক টুইট বার্তায় দুর্ঘটনায় হতাহত সকলের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।









