নিজস্ব প্রতিবেদক : ৭০ বারের মতো পেছাল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদনের জন্য আবারও নতুন তারিখ ধার্য করা হয়েছে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি।
সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন তারিখ ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শেরেবাংলা নগর থানা পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। চার দিনে কোনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। পরে মামলা তদন্তের পরে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ। কিন্তু তারাও রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল র্যাব তদন্তভার গ্রহণ করে। গত সাত বছরেরও বেশি সময়ে র্যাব তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উদঘাটন করতে পারেনি।









