নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুতে এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান বসবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সেতুর ২০তম স্প্যান বসানো হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বনানীর সেতু ভবনে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতি মাসে তিনটি করে স্প্যান বসলে আগামী জুলাইয়ের মধ্যে স্প্যান বসানোর কাজ শেষ হয়ে যাবে। তবে মূল ব্রিজ চালু করতে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে বছরের জুনে ব্রিজ উদ্বোধন করার লক্ষ্যে আমরা কাজ করছি।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজ সার্বিকভাবে ৭৫ শতাংশ শেষ হয়েছে। এর মধ্যে মূল ব্রিজের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং সেতু সংলগ্ন সড়কের কাজ ৬৬ শতাংশ শেষ হয়েছে। সামনের বর্ষাকালে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে সঠিক সময়ে পদ্মা সেতুর কাজ শেষ হবে।









