নিজস্ব প্রতিবেদক : মা-বোনরা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সেই ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, আজকে যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনো বোন ধর্ষণের শিকার হয়, আমাদের হৃদয়ে তখন রক্তক্ষরণ হয়। এই ঢাকা শহরে যাতে আমাদের মা-বোনেরা, খালা-চাচিরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, কর্মসংস্থানে যেতে পারে, আমরা সেই ঢাকা গড়ে তুলবো।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের বশির মিলনায়তনে আওয়ামী যুবলীগের এক সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
সময় হয়েছে ঘুরে দাঁড়াবার, নতুন পথে যাত্রা শুরু করার উল্লেখ করে ফজলে নূর তাপস বলেন, ঢাকার উন্নয়নের জন্য এখন দরকার সঠিক নেতৃত্ব দিয়ে দায়িত্ব নিয়ে কাজ করা। ডিএসসিসি নির্বাচনের সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। অনেক সময় পেরিয়ে গেছে, অনেক অবহেলা, গাফিলতিতে আজকে ঢাকা অপরিকল্পিত নগরী হয়ে গেছে।
ঢাকা দূষণে আক্রান্ত নগরী হয়ে গেছে বলে মন্তব্য করে ডিএসসিসির এ মেয়র প্রার্থী বলেন, ঢাকাকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে। ঢাকাকে আমরা মরতে দিতে পারি না। ঢাকাকে পুনরুজ্জীবিত করতে হবে। উন্নয়ন ঢাকা বিনির্মাণ করতে হবে।
মেয়র নির্বাচিত হলে কি করবেন সেই পরিকল্পনার কথা তুলে ধরেন ব্যারিস্টার তাপস। তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা ৫ ভাগে ভাগ করেছি। প্রথমত আমাদের ঐতিহ্যের ঢাকা। ঢাকার ঐহিত্যকে আমরা পুনরুজ্জীবিত করবো, সংরক্ষণ করবো। ঢাকার ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরবো, পরিস্ফুটিত করবো। দ্বিতীয়ত আমাদের সুন্দর ঢাকা। ঢাকাকে আমরা বায়ু দুষণমুক্ত করবো। সৌন্দর্য বর্ধন করবো।
পরিকল্পনার বিষয়ে তিনি আরও বলেন, ঢাকার প্রতিটি ওয়ার্ডে আমরা আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা করবো। আমাদের মা-বোন ও এলাকার মুরব্বিদের জন্য হাঁটার ব্যবস্থা করবো। তৃতীয়ত আমাদের সচল ঢাকা। সচল ঢাকা করতে আমাদের পরিবহন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করা হবে। চতুর্থত হবে আমাদের সুশাসিত ঢাকা। সুশাসিত ঢাকার আওতায় সকল নাগরিক তাদের মৌলিক সুবিধা দৌড় গোড়ায় পাবে।
উন্নত বাংলাদেশের জন্য উন্নত রাজধানী প্রয়োজন জানিয়ে সাবেক এই এমপি বলেন, পঞ্চমত আমাদের উন্নত ঢাকা। উন্নত ঢাকা হবে মহাপরিকল্পনার আওতায়। ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করে আমরা উন্নত ঢাকা গড়ে তুলবো। সেখানে প্রত্যেকটি রাস্তা-ঘাটের অবকাঠামো উন্নয়নের বিষয় থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের জন্য নিরলস কাজ করে চলছেন। তিনি আমাদের রূপকল্প দিয়েছেন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ নির্মাণের। সেই উন্নত রাজধানী গড়ার লক্ষ্যে আমি মনে করেছি যে, এই সুযোগটা কাজে লাগাতে হবে।
সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।









