
স্পোর্টস ডেস্ক : নিয়োগ দেওয়ার পাঁচ মাসের মধ্যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট। ফলে পাকিস্তান সফরের আগে পেস কোচ শূন্য বাংলাদেশ। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ক্যারিবিয়ান সাবেক পেসার ওটিস গিবসন। বিসিবি-গিবসন দুই পক্ষই জানিয়েছে আলোচনা চলছে, চূড়ান্ত হয়নি কিছুই। গিবসনের ধারণা আজই জানতে পারবেন বিসিবির সিদ্ধান্ত।
এ ব্যাপারে গিবসন বলেন, ‘আমার এই মূহুর্তে কোনো পরিকল্পনা নেই। সবই বিসিবির হাতে; তারা আমাকে কীভাবে দেখছে তার উপর নির্ভর করে। আমি নিজেকে ফাঁকা রেখেছি। শেষবার বিসিবির সাথে আলাপের পর আমি আর কিছুই শুনিনি। আমার মনে হয় শনিবার (১১ জানুয়ারি) বিসিবির একটি সভা আছে। সেই সভাতেই সব পরিস্কার হবে বলে আশা করছি।’
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হারের মধ্য দিয়ে কুমিল্লাকে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে পঞ্চম অবস্থানে থেকে। ফলে দলটির কোচ গিবসন দেশের বিমানে চড়বেন নাকি টাইগারদের বোলিং কোচের চুক্তি সম্পন্ন করা পর্যন্ত অপেক্ষা করবেন সংবাদ সম্মেলনে উঠছে এমন প্রশ্ন।
ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো দলের কোচ হিসেবে কাজ করা গিবসন জানান কোচিং ভালোবাসেন। ১৯৯৯ সালে অবসরের পর গিবসন যোগ দেন কোচিং পেশায়। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন গিবসন। এর আগে (২০০৭-২০১০) ও পরে (২০১৫-১৭) দুই দফা ইংল্যান্ডের বোলিং কোচ হিসাবে কাজ করেছেন তিনি। ২০১৭ সালে গিবসন দক্ষিণ আফ্রিকা দলের কোচ হিসেবে দায়িত্ব নেন, যে দায়িত্ব শেষ হয় ২০১৯ সালে।








